📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ফকিহ

📄 ফকিহ


আলি রা. বলেন, সবচেয়ে বড় ফকিহ হলো, যে মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে না আবার তার আজাব থেকে মানুষকে নিশ্চিন্ত করেও রাখে না। তাদেরকে আল্লাহর অবাধ্যতা করার অনুমতি দেয় না। কুরআন থেকে বিমুখ হয়ে অন্যকিছুর প্রতি মনোযোগী হয় না।
তিনি আরও বলেন, সেই ইবাদতের কোনো কল্যাণ নেই, যা ইলম অনুযায়ী করা হয় না আর ওই ইলমে কোনো কল্যাণ নেই যাতে বুঝবুদ্ধির গভীরতা নেই। এমন তেলাওয়াতে কোনো কল্যাণ নেই, যা তাদাব্বুর তথা গভীর চিন্তাভাবনা ছাড়াই করা হয়ে থাকে。

টিকাঃ
[২৬৭] তাহযিব হিলয়াতিল আউলিয়া, ১/৮০; সিফাতুস সাফওয়া, ১/১৭০; দারেমি, ২৯৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত্যুপরবর্তী জীবনকে ঘিরে যেন আপনার চিন্তাভাবনা আবর্তিত হয়

📄 মৃত্যুপরবর্তী জীবনকে ঘিরে যেন আপনার চিন্তাভাবনা আবর্তিত হয়


আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, হজরত আলি ইবনে আবু তালেব রা. আমাকে এক চিঠি লিখেছিলেন। আমি সে চিঠিটার মাধ্যমে যে পরিমাণ উপকৃত হয়েছি আল্লাহর রাসুলের পর অন্য কোনোকিছুর মাধ্যমে আমি ততটা উপকৃত হইনি। তিনি সে চিঠিতে আমাকে লিখেছিলেন, পরসমাচার, মানুষ এমন সব বিষয় হাতছাড়া হয়ে যাওয়ার কারণে কষ্ট পায় যা কস্মিনকালেও সে অর্জন করতে পারত না। আর এমন সব বিষয় পেয়ে আনন্দিত হয়, যা অবশ্যই তার অর্জিত হতো, কখনো তার হাতছাড়া হওয়ার মতো ছিল না। আপনার প্রতি আমার নিবেদন হচ্ছে, পরকালীন কোনো বিষয় অর্জিত হলেই যেন আপনি আনন্দিত হন এবং পরকালীন কোনো বিষয় হাতছাড়া হলেই যেন আপনি আফসোস করেন। দুনিয়ার কোনো বিষয় লাভ হলে সেজন্য খুব বেশি আনন্দিত হবেন না আর কিছু হাতছাড়া হয়ে গেলে সেজন্য দুঃখবোধ করবেন না। আপনার সকল চিন্তাভাবনা যেন মৃত্যুপরবর্তী জীবনকে ঘিরেই আবর্তিত হয়。

টিকাঃ
[২৬৮] সিফাতুস সাফওয়া, ৩/৩০১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে আপনাদের সংশোধন করতে পারব না

📄 আমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে আপনাদের সংশোধন করতে পারব না


আলি রা. বলেন, আমি তোমাদের বিরত রাখার জন্য হজরত উমরের চাবুক নিয়ে এসেছিলাম। কিন্তু তোমরা বিরত হওনি। অবশেষে আমি বেত নিয়েছি তবুও তোমরা বিরত হওনি। এখন আমি বুঝতে পেরেছি, তোমরা আসলে চাচ্ছ যেন আমি তরবারি ধারণ করি। কিন্তু তখন তো আমাকে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে হবে। সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেলে তো আমি তোমাদের সংশোধন করতে পারব না।

টিকাঃ
[২৬৯] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/৩০১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তোমরা পরকালের বাসিন্দা হয়ে যাও

📄 তোমরা পরকালের বাসিন্দা হয়ে যাও


হজরত আলি রা. একদিন কুফায় খুতবা প্রদান করে বলেন, লোকসকল! তোমাদের ব্যাপারে আমার সবচেয়ে বেশি আশঙ্কা হচ্ছে, তোমরা বড় বড় আশা-আকাঙ্ক্ষা পোষণ করতে শুরু করবে এবং প্রবৃত্তির অনুসরণ করবে। জেনে রাখো, বড় বড় আশা-আকাঙ্ক্ষা মানুষকে পরকালের কথা ভুলিয়ে দেয় আর প্রবৃত্তির অনুসরণ সত্য গ্রহণে বাধা হয়ে দাঁড়ায়। শোনো, দুনিয়া তো পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়ে গেছে আর আখেরাত এগিয়ে আসছে। জেনে রাখো, এই দুনিয়া ও আখেরাত উভয়েরই রয়েছে কিছু সন্তানসন্ততি। তোমরা আখেরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হবে না। আজ তোমরা কেবল আমল করছ, আমলের কোনো হিসাবনিকাশ হচ্ছে না। কিন্তু আগামীকাল কোনো আমল করতে পারবে না, তখন শুধু হিসাবনিকাশ চলবে。

টিকাঃ
[২৭০] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৮২; আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৪৬৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00