📄 হকের পরিচয় লাভ
আলি রা. বলেন, ব্যক্তি দিয়ে হকের পরিচয় লাভ করা যায় না; বরং তুমি প্রথমে হক কী তা জানো, তাহলে হকপন্থীদেরকে আপনাতেই চিনতে পারবে。
টিকাঃ
[২৬৩] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/২১১
📄 কবরবাসীদের সালাম
হজরত আলি রা. এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন,
السَّلامُ عَلَيْكُم أَهْلَ الدِّيارِ الموحشة و المحال المقفرة من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات انتم لنا سلف فارط ونحن لكم تبع وبكم عما قليل لاحقون. اللهم اغفر لنا ولهم وتجاوز بعفوك عنا و عنهم. الحمد لله الذي جعل الارض كفانًا أحياء وامواتا الحمد لله الذي خلقكم وعليها يحشر كم ومنها يبعثكم. فطوبى لمن ذكر المعاد و اعد للحساب وقنع بالكفاف.
এই নির্জন এবং ভয়ংকর ঠিকানার সকল মুমিন, মুসলমান নরনারীর প্রতি সালাম বর্ষিত হোক। আপনারা আমাদের পূর্বসূরি, আমরা হলাম আপনাদের উত্তরসূরি। অচিরেই আমরা আপনাদের সঙ্গে এসে মিলিত হব। হে আল্লাহ, আপনি আমাদেরকে এবং তাদেরকে ক্ষমা করে দিন। আপনার অনুগ্রহে আমাদের এবং তাদের ত্রুটিবিচ্যুতিসমূহ মার্জনা করুন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জীবিত ও মৃত সকলের জন্য এ পৃথিবীকে ধারণকারী এক বস্তু বানিয়েছেন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আপনাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এ মাটিতেই আপনাদের জমায়েত করবেন এবং এখান থেকে আপনাদের পুনরায় জীবিত করবেন। সুসংবাদ ওই ব্যক্তির জন্য, যে পরকালের কথা স্মরণ করে হিসাবনিকাশের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং ততটুকু নিয়েই সন্তুষ্ট হয়ে যায় যতটুকু হলে তার জন্য যথেষ্ট হয়。
টিকাঃ
[২৬৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১৪৮
📄 যদি মৃত ব্যক্তিদের কথা বলার অনুমতি হতো
হজরত আলি রা. একদিন কবরস্থানে প্রবেশ করে বলেন, ওহে কবরবাসীরা! তোমরা আজ মাটির সাথে মিশে গেছ, এক নির্জন জায়গায় শুয়ে আছ, বলো, তোমাদের কাছে কি কোনো খবর আছে? খবর তো রয়েছে আমাদের কাছে। শোনো, তোমাদের ঘরবাড়িগুলো এখন জনমানবশূন্য হয়ে গেছে। তোমাদের রেখে যাওয়া অর্থসম্পদ বণ্টিত হয়ে গেছে। তোমাদের স্ত্রীরা অন্যত্র বিয়ে বসে গেছে। এই হলো আমাদের খবর। এখন বলো তোমাদের নিকট কী সংবাদ আছে? এরপর তিনি নিজেই বলেন, যে সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ! যদি কবরের এসব বাসিন্দাদের কথা বলার অনুমতি দেওয়া হতো তাহলে তারা এখন বলত, সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া。
টিকাঃ
[২৬৫] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১৫৫; কানযুল উম্মাল, ৩/৬৯৭
📄 দুআ এবং আমল
হজরত আলি রা. দুআ করতেন,
اللَّهُمَّ إِن ذُنُوبِي لا تَضُرُّكَ وإن رَحْمَتَكَ إِيَّاي لا تَنقُصُكَ، فَاغْفِرْ لِي مَا لَا يَضُرُّك واعطني ما لا يَنْقُصُك.
হে আল্লাহ, আমার গুনাহে আপনার কোনো ক্ষতি হবে না আর আমার প্রতি যদি আপনি রহম করেন, তাহলে এতে আপনার ভান্ডারে কোনো ঘাটতি তৈরি হবে না। তাই আপনি ওইসব বিষয় ক্ষমা করে দিন যাতে আপনার কোনো ক্ষতি হবে না এবং সেসব বিষয় প্রদান করুন যাতে আপনার কোনো ঘাটতি তৈরি হবে না。
টিকাঃ
[২৬৬] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/২৭৪