📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কিছু গুরুত্বপূর্ণ বাণী

📄 কিছু গুরুত্বপূর্ণ বাণী


সাইদ ইবনে মুসাইয়াব বলেন, হজরত উমর ইবনুল খাত্তাব রা. মানুষের জন্য কিছু বাণী তৈরি করেছিলেন, যার সবগুলোই প্রজ্ঞাপূর্ণ। তা হচ্ছে,
* মুসলমানের মুখ থেকে বের হওয়া কোনো কথার যতক্ষণ পর্যন্ত ভালো উদ্দেশ্য নেওয়া যাবে ততক্ষণ তুমি তার ব্যাপারে মন্দ ধারণা করবে না।
* কোনো ব্যক্তি নিন্দনীয় কর্মে লিপ্ত হওয়ার ফলে তার প্রতি যদি কেউ মন্দ ধারণা করে তাহলে এর জন্য সে যেন তাকে তিরস্কার না করে, বরং নিজেকেই যেন দোষারোপ করে।
* যে ব্যক্তি নিজের গোপন বিষয় গোপন রাখতে পারে, তার কল্যাণ তার নিজের হাতেই থাকে।
* সত্যবাদী মানুষের সঙ্গে চলাফেরা করবে। কারণ তোমার অবস্থা যখন ভালো থাকবে তখন তারা হবে তোমার সৌন্দর্য আর যখন তোমার অবস্থা বিপন্ন হবে তখন তারা হবে সাহায্যকারী।
* সবসময় সত্যকে আঁকড়ে থাকবে। যদিও এ কারণে তোমাকে মৃত্যুর সম্মুখীন হতে হয়।
* অনর্থক কাজ করবে না।
* যা এখনো ঘটেনি সে ব্যাপারে জিজ্ঞাসা করবে না। কারণ যা ঘটেছে, সেটাই মূলত আমাদের আলোচ্য বিষয়, যা এখনো ঘটেনি তা নয়।
* ওই ব্যক্তির নিকট তোমার প্রয়োজন পূরণের আবেদন করবে না, যে চায় না ওই প্রয়োজনটা পূরণ হোক।
* মিথ্যা শপথকে সাধারণ কিছু মনে করবে না। অন্যথায় আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দেবেন।
* পাপাচারীদের সাথে ওঠাবসা করবে না। তা না হলে তাদের পাপাচার তোমার মধ্যে চলে আসবে।
* শত্রু থেকে দূরে থাকবে।
* বিশ্বস্ত ছাড়া সকল বন্ধুর ব্যাপারে সতর্ক থাকবে। আর বিশ্বস্ত তো হলো ওই ব্যক্তি, যে আল্লাহ তাআলাকে ভয় করে।
* কবরস্থানে গেলে আল্লাহর প্রতি একাগ্র হয়ে ওঠো।
* আল্লাহর আনুগত্য করার সময় তাঁর প্রতি বিনয়ী হও।
* তাঁর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো।
* তোমার বিষয়ে ওই সকল লোকদের সাথে পরামর্শ করো, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। কারণ আল্লাহ তাআলা বলেছেন,
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ
আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই তাকে ভয় করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল। (সুরা ফাতির, ২৮)

টিকাঃ
[২১৮] কানযুল উম্মাল, ১৬/২৬২ ক্রমিক নম্বর, ৪৪৩৭২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আটা ছাঁকার প্রয়োজন নেই

📄 আটা ছাঁকার প্রয়োজন নেই


উমর রা. বলেন, তোমরা আটা ছাঁকবে না, কারণ আটা ছেঁকে যা ফেলা হয় তাও খাওয়া যায়, আটার পুরোটাই খাদ্য。

টিকাঃ
[২१९] কানযুল উম্মাল, ৩/৭১৫, ক্রমিক নম্বর, ৮৫৫১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নেয়ামত

📄 নেয়ামত


হজরত উমর রা. একবার এমন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করেন, যে ছিল কুষ্ঠী, অন্ধ, বধির এবং বোবা। অতিক্রম করার সময় তিনি সাথি-সঙ্গীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি তার মধ্যে আল্লাহর কোনো নেয়ামত দেখতে পাচ্ছ? তারা বলল, না। তখন তিনি বলেন, অবশ্যই তার মধ্যে আল্লাহর নেয়ামত রয়েছে। তা হলো, প্রস্রাবের পর তাকে ঢিলা নিতে হয় না। খুব সহজেই তার প্রস্রাব বের হয়ে যায়। এটা তো আল্লাহ তাআলার নেয়ামত।

টিকাঃ
[২২০] কানযুল উম্মাল, ৩/৭৫১, ক্রমিক নম্বর, ৮৬৫৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহ তায়ালা যখন কাউকে ভালোবাসেন

📄 আল্লাহ তায়ালা যখন কাউকে ভালোবাসেন


উমর রা. সাহাবি হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রা.-কে চিঠি লিখে বলেন, হে সাদ! আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন তাকে নিজের সৃষ্টিকুলের নিকট পছন্দনীয় করে তোলেন। তাই আল্লাহর নিকট আপনার মর্যাদা আসলে কতটুকু তা নির্ণয় করুন মানুষের নিকট আপনার মর্যাদার মাধ্যমে। জেনে রাখুন, আল্লাহর নিকট আপনার মর্যাদা তেমনই, মানুষের নিকট আপনার মর্যাদা যেমন。

টিকাঃ
[২২১] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ১/২৬১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00