📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আজকের কাজ আগামী দিনের জন্য রাখবেন না

📄 আজকের কাজ আগামী দিনের জন্য রাখবেন না


উমর রা. একবার হজরত আবু মুসা আশআরি রা.-কে চিঠি লিখে বলেন—
পরসমাচার, কাজের মধ্যে শক্তি আনার উপায় হলো আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে না রাখা। অন্যথায় একের পর এক কাজ বোঝা হয়ে জমতে থাকবে। তখন বুঝে উঠতে পারবেন না যে, কী করবেন। এভাবে আপনারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবেন। আপনাদেরকে যদি এমন দুটি বিষয়ের মধ্যে ইচ্ছাধিকার দেওয়া হয় যার একটি পার্থিব আর অপরটি পরকালীন, তাহলে পার্থিব বিষয়ের ওপর পরকালকে গ্রহণ করুন। কেননা এই পার্থিব জগৎ একসময় ধ্বংস হয়ে যাবে আর পরকাল রইবে চিরকাল।
আল্লাহ তাআলার ভয় রাখুন। তাঁর নাজিলকৃত কুরআন কারিমের শিক্ষালাভ করুন। কারণ এই কিতাব হলো সকল জ্ঞানের ঝরনাধারা এবং অন্তরের সঞ্জীবনী。

টিকাঃ
[২১৫] কানযুল উম্মাল, ১৬/১৫৯, ক্রমিক নম্বর, ৪৪২০৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সাহসিকতা ও ভীরুতা মানুষের স্বভাবগত বিষয়

📄 সাহসিকতা ও ভীরুতা মানুষের স্বভাবগত বিষয়


উমর রা. বলেন, তাকওয়া তথা খোদাভীতি হলো ব্যক্তির মর্যাদা। দ্বীন হলো তার সম্মান এবং চরিত্র হলো তার ব্যক্তিত্ব।
সাহসিকতা ও ভীরুতা পুরুষদের স্বভাবজাত বিষয়। এ কারণেই সাহসী লোকেরা পরিচিত-অপরিচিত যে-কারও বিরুদ্ধেই লড়াই করতে পারে, পক্ষান্তরে ভীতুরা নিজেদের মাতাপিতাকে ছেড়েই পালিয়ে যায়。

টিকাঃ
[২১৬] কানযুল উম্মাল, ১৬/২৬৪, ক্রমিক নম্বর, ৪৪৩৭৭

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হিকমত

📄 হিকমত


উমর রা. বলেন, বৃদ্ধ হলেই মানুষ প্রজ্ঞার অধিকারী হয় না; বরং প্রজ্ঞা আল্লাহ তাআলার এক বিশেষ দান, তিনি যাকে ইচ্ছা তাকে এটা প্রদান করে থাকেন。

টিকাঃ
[২১৭] কানযুল উম্মাল, ১৬/২৬৫, ক্রমিক নম্বর, ৪৪৩৮১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কিছু গুরুত্বপূর্ণ বাণী

📄 কিছু গুরুত্বপূর্ণ বাণী


সাইদ ইবনে মুসাইয়াব বলেন, হজরত উমর ইবনুল খাত্তাব রা. মানুষের জন্য কিছু বাণী তৈরি করেছিলেন, যার সবগুলোই প্রজ্ঞাপূর্ণ। তা হচ্ছে,
* মুসলমানের মুখ থেকে বের হওয়া কোনো কথার যতক্ষণ পর্যন্ত ভালো উদ্দেশ্য নেওয়া যাবে ততক্ষণ তুমি তার ব্যাপারে মন্দ ধারণা করবে না।
* কোনো ব্যক্তি নিন্দনীয় কর্মে লিপ্ত হওয়ার ফলে তার প্রতি যদি কেউ মন্দ ধারণা করে তাহলে এর জন্য সে যেন তাকে তিরস্কার না করে, বরং নিজেকেই যেন দোষারোপ করে।
* যে ব্যক্তি নিজের গোপন বিষয় গোপন রাখতে পারে, তার কল্যাণ তার নিজের হাতেই থাকে।
* সত্যবাদী মানুষের সঙ্গে চলাফেরা করবে। কারণ তোমার অবস্থা যখন ভালো থাকবে তখন তারা হবে তোমার সৌন্দর্য আর যখন তোমার অবস্থা বিপন্ন হবে তখন তারা হবে সাহায্যকারী।
* সবসময় সত্যকে আঁকড়ে থাকবে। যদিও এ কারণে তোমাকে মৃত্যুর সম্মুখীন হতে হয়।
* অনর্থক কাজ করবে না।
* যা এখনো ঘটেনি সে ব্যাপারে জিজ্ঞাসা করবে না। কারণ যা ঘটেছে, সেটাই মূলত আমাদের আলোচ্য বিষয়, যা এখনো ঘটেনি তা নয়।
* ওই ব্যক্তির নিকট তোমার প্রয়োজন পূরণের আবেদন করবে না, যে চায় না ওই প্রয়োজনটা পূরণ হোক।
* মিথ্যা শপথকে সাধারণ কিছু মনে করবে না। অন্যথায় আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দেবেন।
* পাপাচারীদের সাথে ওঠাবসা করবে না। তা না হলে তাদের পাপাচার তোমার মধ্যে চলে আসবে।
* শত্রু থেকে দূরে থাকবে।
* বিশ্বস্ত ছাড়া সকল বন্ধুর ব্যাপারে সতর্ক থাকবে। আর বিশ্বস্ত তো হলো ওই ব্যক্তি, যে আল্লাহ তাআলাকে ভয় করে।
* কবরস্থানে গেলে আল্লাহর প্রতি একাগ্র হয়ে ওঠো।
* আল্লাহর আনুগত্য করার সময় তাঁর প্রতি বিনয়ী হও।
* তাঁর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো।
* তোমার বিষয়ে ওই সকল লোকদের সাথে পরামর্শ করো, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। কারণ আল্লাহ তাআলা বলেছেন,
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ
আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই তাকে ভয় করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল। (সুরা ফাতির, ২৮)

টিকাঃ
[২১৮] কানযুল উম্মাল, ১৬/২৬২ ক্রমিক নম্বর, ৪৪৩৭২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00