📄 প্রশংসা থেকে দায়মুক্তি
লোকেরা যখন উমর রা.-এর ভালো প্রশংসা করত তখন তিনি বলতেন,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا يَقُولُونَ وَ أَسْأَلُكَ أَنْ تَغْفِرَ لِي مَا لَا يَعْلَمُوْنَ.
হে আল্লাহ, তারা যা বলে সেটার অকল্যাণ থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই এবং কামনা করি তারা আমার যেসব গুনাহের কথা জানে না, আপনি সেসব গুনাহ ক্ষমা করে দেবেন。
টিকাঃ
[১৮১] প্রাগুক্ত, পৃ. ১৬৭
📄 তরুণদের গড়ে তোলো
ইবনে মাজিশুন বলেন, উমর ইবনুল খাত্তাব রা.-এর সামনে যখন কোনো জটিল বিষয় দেখা দিত তখন তিনি তরুণদেরকে ডেকে নিয়ে পরামর্শ চাইতেন। এর মাধ্যমে উদ্দেশ্য ছিল, তাদের মেধা ও বুদ্ধিকে ধারালো ও শাণিত করা。
টিকাঃ
[১৮২] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১০২
📄 ইলমের আবশ্যকীয় বিষয়
উমর রা. বলেন, তোমরা ইলম অর্জন করো এবং ইলমের জন্য স্থির ও সহনশীল হও। শিক্ষকদের সামনে বিনয়ী হও। তোমাদের ছাত্ররাও যেন তোমাদের সামনে বিনয়ী হয়। সাবধান, তোমরা অহংকারী আলেম হবে না, কারণ তোমাদের অজ্ঞতাপূর্ণ অহমিকার সাথে ইলম টিকে থাকবে না।
অন্য বর্ণনায় এসেছে, তোমরা ইলম অর্জন করো এবং মানুষকে তা শিক্ষা দাও। এর পাশাপাশি তোমরা ইলমের জন্য গাম্ভীর্য ও স্থিরতা অর্জন করো। যারা তোমাদেরকে শিক্ষা দেয় এবং যাদেরকে তোমরা শিক্ষা দেবে তাদের সামনে বিনয়ী হয়ে যাও। অহংকারী আলেম হবে না, অন্যথায় তোমাদের এই অজ্ঞতাপূর্ণ আচরণের সাথে তোমাদের ইলম বহাল থাকতে পারবে না।
টিকাঃ
[১৮৩] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৪৯
[১৮৪] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৬৩
📄 তাকওয়া
উমর রা. নিজেকে বলতেন, হে খাত্তাবের বেটা! তুমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করবে অন্যথায় তিনি তোমাকে শাস্তি দেবেন। তোমার ব্যাপারে তিনি কোনো পরোয়া করবেন না। তিনি আরও বলেন, যে ব্যক্তি নিজের মধ্যে আল্লাহর ভয় রাখে সে মন যা চায় তা করতে পারে না。
টিকাঃ
[১৮৫] শারানি কৃত তানবিহুল মুগতাররিন, পৃ. ১৮৭