📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 সবর ও শোকর

📄 সবর ও শোকর


উমর রা. বলেন, যদি সবর ও শোকর দুটি উট হতো তাহলে আমি উভয় উটেই আরোহণ করতাম।

টিকাঃ
[১৫৫] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১২৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 হজরত আবু মুসা আশআরি রা.-এর প্রতি তার চিঠি

📄 হজরত আবু মুসা আশআরি রা.-এর প্রতি তার চিঠি


হজরত উমর রা. একবার হজরত আবু মুসা আশআরি রা.-কে চিঠি লিখে বলেন, পরসমাচার, মানুষের মধ্যে শাসকের প্রতি এক ধরনের ঘৃণাবোধ রয়েছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে এবং আমাকে কোনো ধরনের জাহেলি মানসিকতা, ঘৃণা-বিদ্বেষ, প্রবৃত্তির তাড়না এবং দুনিয়ার লোভ-লালসায় আক্রান্ত হওয়া থেকে রক্ষা করেন। দিবসের সামান্য অংশ বাকি থাকলেও তখনই শরিয়তের দণ্ডবিধি বাস্তবায়ন করুন।
যদি আপনার নিকট এমন দুটি বিষয় উপস্থিত হয়, যার একটি আল্লাহ তাআলার জন্য নিবেদিত আর অপরটি দুনিয়ার, তাহলে আপনি দুনিয়ার ওপর পরকালকে প্রাধান্য দিন। কেননা এই দুনিয়া একসময় শেষ হয়ে যাবে আর পরকালই বাকি থাকবে।
নিজের মধ্যে সবসময় আল্লাহর ভয়ভীতি ধারণ করুন। মুসলমানদের কেউ অসুস্থ হলে তাকে দেখতে যান। তাদের জানাজায় অংশগ্রহণ করুন। আপনার দরজা সবসময় খোলা রাখুন। নিজেই মুসলমানদের বিষয়াদি দেখাশোনা করুন। কারণ আপনি তাদেরই একজন। তবে তাদের থেকে আপনার পার্থক্য হলো, আল্লাহ তাআলা আপনার ওপর বেশ ভারী দায়িত্ব অর্পণ করেছেন, যা তাদেরকে দেননি। জেনে রাখুন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী ব্যক্তিদের প্রত্যেককে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। যদি তাদের কেউ সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে প্রজাসাধারণও সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। নিশ্চয়ই সবচেয়ে হতভাগা হলো ওই ব্যক্তি যার কারণে তার প্রজারা দুরবস্থায় নিপতিত হয়। ওয়াস-সালাম।

টিকাঃ
[১৫৬] আল-বায়ান ওয়াত-তাবয়ิน, ২/২৯৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বন্ধু-শত্রুর পরিচয় জানা

📄 বন্ধু-শত্রুর পরিচয় জানা


উমর রা. বলেন, কখনো অনর্থক কথা বলবে না। শত্রুদের চিনে রাখবে, এমনকি বন্ধুদের ব্যাপারেও সতর্ক থাকবে, তবে যারা বিশ্বস্ত বন্ধু তাদের বিষয়টি ভিন্ন। জেনে রাখো, বিশ্বস্ত তো কেবল ঐ ব্যক্তি, যে প্রকৃতপক্ষেই নিজের মধ্যে আল্লাহ তা'আলার ভয় লালন করে। পাপাচারীদের সাথে চলাফেরা করবে না, তারা তোমাকে নিজের মধ্যে থাকা পাপাচার শেখাতে থাকবে। সাবধান, তাকে কখনো তোমার গোপন বিষয় জানাবে না।
যারা আল্লাহকে ভয় করে চলে তুমি কেবল তাদের সঙ্গেই তোমার বিষয়াবলি নিয়ে পরামর্শ করবে।

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুই ধরনের অন্বেষণকারী

📄 দুই ধরনের অন্বেষণকারী


উমর রা. বলেন, মানুষের মধ্যে দুই শ্রেণির অন্বেষণকারী রয়েছে। এক শ্রেণির মানুষ কেবল দুনিয়া চায়। সাবধান, তাদের সাথে ওঠাবসা করবে না। কারণ যদি তারা নিজেদের কাঙ্ক্ষিত দুনিয়া পেয়ে যায় তাহলে তা নিয়েই ধ্বংস হয়ে যেতে পারে। আর যদি না পায় তাহলে না পাওয়ার আক্ষেপ ও হতাশায় ধ্বংস হয়ে যাবে। আরেক শ্রেণির মানুষ রয়েছে, যারা আখেরাত অন্বেষণ করে থাকে। তাদের সাক্ষাৎ পেলে তাদের সাথে আমলের প্রতিযোগিতায় নেমে পড়বে।

টিকাঃ
[১৫৭] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১৩৮

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00