📄 উত্তম কথামালা
উমর রা. বলেন, যদি তিনটি বিষয় না থাকত তাহলে আমি কামনা করতাম, যেন আমার মৃত্যু হয়ে যায় এবং আমি আল্লাহর নিকট পৌঁছে যাই। তিনটি বিষয় হচ্ছে, আল্লাহর পথে জিহাদ, আল্লাহর দরবারে সেজদা এবং এমন সকল লোকদের মজলিসে বসতে পারা, যারা এমনভাবে উত্তম কথামালা নির্বাচন করে থাকে যেভাবে ভালো ও উৎকৃষ্ট খেজুর বাছাই করা হয়।
টিকাঃ
[১৫৩] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৭১
📄 আরবি ব্যাকরণ শেখা
উমর ইবনুল খাত্তাব রা. বলেন, তোমরা যেভাবে গুরুত্ব দিয়ে সুন্নত ও ফরজ বিধানগুলো শিখে থাকো সেভাবে নাহব তথা আরবি ব্যাকরণও জেনে নাও।
টিকাঃ
[১৫৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/২১৯
📄 সবর ও শোকর
উমর রা. বলেন, যদি সবর ও শোকর দুটি উট হতো তাহলে আমি উভয় উটেই আরোহণ করতাম।
টিকাঃ
[১৫৫] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১২৬
📄 হজরত আবু মুসা আশআরি রা.-এর প্রতি তার চিঠি
হজরত উমর রা. একবার হজরত আবু মুসা আশআরি রা.-কে চিঠি লিখে বলেন, পরসমাচার, মানুষের মধ্যে শাসকের প্রতি এক ধরনের ঘৃণাবোধ রয়েছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে এবং আমাকে কোনো ধরনের জাহেলি মানসিকতা, ঘৃণা-বিদ্বেষ, প্রবৃত্তির তাড়না এবং দুনিয়ার লোভ-লালসায় আক্রান্ত হওয়া থেকে রক্ষা করেন। দিবসের সামান্য অংশ বাকি থাকলেও তখনই শরিয়তের দণ্ডবিধি বাস্তবায়ন করুন।
যদি আপনার নিকট এমন দুটি বিষয় উপস্থিত হয়, যার একটি আল্লাহ তাআলার জন্য নিবেদিত আর অপরটি দুনিয়ার, তাহলে আপনি দুনিয়ার ওপর পরকালকে প্রাধান্য দিন। কেননা এই দুনিয়া একসময় শেষ হয়ে যাবে আর পরকালই বাকি থাকবে।
নিজের মধ্যে সবসময় আল্লাহর ভয়ভীতি ধারণ করুন। মুসলমানদের কেউ অসুস্থ হলে তাকে দেখতে যান। তাদের জানাজায় অংশগ্রহণ করুন। আপনার দরজা সবসময় খোলা রাখুন। নিজেই মুসলমানদের বিষয়াদি দেখাশোনা করুন। কারণ আপনি তাদেরই একজন। তবে তাদের থেকে আপনার পার্থক্য হলো, আল্লাহ তাআলা আপনার ওপর বেশ ভারী দায়িত্ব অর্পণ করেছেন, যা তাদেরকে দেননি। জেনে রাখুন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী ব্যক্তিদের প্রত্যেককে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। যদি তাদের কেউ সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে প্রজাসাধারণও সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। নিশ্চয়ই সবচেয়ে হতভাগা হলো ওই ব্যক্তি যার কারণে তার প্রজারা দুরবস্থায় নিপতিত হয়। ওয়াস-সালাম।
টিকাঃ
[১৫৬] আল-বায়ান ওয়াত-তাবয়ิน, ২/২৯৩