📄 পরবর্তী খলিফার প্রতি হজরত উমরের অসিয়ত
উমর রা.-এর পর যে ব্যক্তি খলিফা হবে হজরত উমর রা. তাকে অসিয়ত করে বলেন, আমি আপনাকে অসিয়ত করছি, আল্লাহ তাআলাকে ভয় করুন, আল্লাহর নির্দেশনার ব্যাপারে অধিক পরিমাণে সতর্ক থাকুন এবং আল্লাহর ক্রোধ ও ক্ষোভ থেকে বেঁচে থাকুন। তিনি যেন আপনার মধ্যে কোনো ধরনের সন্দেহ-সংশয় এবং অবিশ্বাস দেখতে না পান। আমি আপনাকে অসিয়ত করছি, জনগণের ব্যাপারে আল্লাহকে ভয় করুন, কিন্তু আল্লাহর কাজ বাস্তবায়নে মানুষকে ভয় করবেন না। আপনাকে অসিয়ত করছি, প্রজাদের সঙ্গে ইনসাফ করুন, তাদের প্রয়োজন ও চাহিদা পূরণ করুন। সাবধান! আপনি দরিদ্র প্রজাদের ওপর ধনী প্রজাদের প্রাধান্য দেবেন না। ইনশাআল্লাহ, যদি আপনি তা করতে পারেন তাহলে এটা হবে আপনার অন্তরের প্রশান্তির মাধ্যম, এতে আপনার বিপদ-আপদ কমে যাবে। আপনার পরিণাম হবে উত্তম। আপনি এভাবেই সেই সত্তার নিকট যেতে পারবেন যিনি আপনার গোপন বিষয়সমূহ সম্পর্কে অবগত এবং যিনি আপনার ও আপনার অন্তরের মাঝে প্রতিবন্ধক হয়ে থাকেন।
আমি আপনাকে আদেশ করছি, আল্লাহর বিধান বাস্তবায়নে কঠোরতা অবলম্বন করুন। আল্লাহর দেওয়া নির্ধারিত সীমারেখা এবং পাপাচারের ব্যাপারে শক্ত অবস্থান গ্রহণ করুন। এ ক্ষেত্রে নিকটাত্মীয় বা পরিচিত কারও ব্যাপারে যেন আপনার অন্তরে কোনো ধরনের মমতাবোধ বা স্বজনপ্রীতি স্থান না পায়। তারা যেভাবে যে পরিমাণে আল্লাহর নিষিদ্ধ বিষয়ে হস্তক্ষেপ করেছে আপনি সে পরিমাণে তাদের ওপর শাস্তি আরোপ করবেন।
সকলেই যেন হয় আপনার নিকট সমান, কার ওপর শাস্তি আরোপিত হচ্ছে, আপনি সে ব্যাপারে কোনো পরোয়া করবেন না। আল্লাহর বিধিবিধান বাস্তবায়নের ক্ষেত্রে কোনো তিরস্কারকারীর তিরস্কার আমলে নেবেন না। আল্লাহ আপনাকে যে বিষয়ে দায়িত্ব দিয়েছেন তাতে স্বজনপ্রীতি এবং কাউকে অগ্রাধিকার দেওয়া থেকে বিরত থাকবেন。
টিকাঃ
[১৪২] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/৪৬
📄 তোমরা কুরআন কারিম তেলাওয়াত করো
উমর রা. বলেন, তোমরা কুরআন কারিম তেলাওয়াত করো, তাহলে কুরআনের পরিচয় লাভ করতে পারবে। কুরআন অনুযায়ী আমল করো, তাহলে কুরআনওয়ালা হয়ে যাবে।
কোনো হকদারের হক আদায় করতে গিয়ে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে না। কেউ মৃত্যুর কথা স্মরণ করলে বা নিজের ওপর অবধারিত হক আদায় করলে কস্মিনকালেও তার মৃত্যু নির্ধারিত সময়ের আগে চলে আসবে না কিংবা তার নির্ধারিত রিজিক দূরে চলে যাবে না。
টিকাঃ
[১৪৩] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/৭০
📄 পেশা
উমর রা. বলেন, মানুষের নিকট হাত পাতার তুলনায় কোনো পেশা গ্রহণ করে জীবিকা উপার্জন করা অনেক ভালো।
একবার হজরত উমর রা.-এর কাছে কুরাইশের এক যুবকের কথা উল্লেখ করা হয়, যুবকটি ব্যক্তিগত সকল অর্থসম্পদ দুই হাতে উড়িয়ে শেষ করে ফেলেছে।
হজরত উমর রা. তখন বলেন, তারা এভাবে নিঃস্ব-দরিদ্র হয়ে যাওয়ার চেয়ে আমার কাছে আরও কষ্টের বিষয় হলো তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো পেশা না থাকা。
টিকাঃ
[১৪৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/৮১
📄 ইসলামের মর্যাদা
উমর রা. বলেন, তোমরা ছিলে সবচেয়ে নিকৃষ্ট, অতঃপর আল্লাহ তাআলা তাঁর রাসুলের মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করেছেন। সুতরাং জেনে রাখো, তোমরা ইসলাম ছেড়ে যতই অন্য কোথাও মর্যাদা-সম্মান তালাশ করতে যাবে, আল্লাহ তাআলা তোমাদের ততই লাঞ্ছিত ও অপদস্থ করবেন।
টিকাঃ
[১৪৫] হিলয়াতুল আউলিয়া, ১/৪৭