📄 শাসকের দায়িত্ব
উমর রা. বলেন, যদি ফোরাত নদীর তীরে কোনো ছাগলও বিপদে পড়ে মারা যায়, আমি মনে করি, এ কারণে কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে।
টিকাঃ
[১৩۱] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৭৩
📄 আশা ও ভয়
উমর রা. বলেন, যদি আকাশ থেকে কেউ ঘোষণা করে, লোকসকল, তোমাদের একজন ব্যতীত সকলেই জান্নাতে প্রবেশ করবে তাহলে আশঙ্কা হয় আমি সেই একজন হয়ে যাই কি না।
আর যদি ঘোষণা প্রদান করা হয়, লোকসকল, একজন ব্যতীত তোমাদের সকলেই জাহান্নামি, তাহলে আমি আশাবাদী, আমিই হতে পারি সেই একজন।
টিকাঃ
[১৩۲] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৭৩
📄 খলিফা যখন স্বপ্ন করেন
উমর ইবনুল খাত্তাব রা. একদিন হজরত আবদুর রহমান ইবনে আওফ রা.-এর কাছে ৪ হাজার দিরহাম ঋণ প্রদানের আবেদন করে এক লোক পাঠান। আবদুর রহমান ইবনে আওফ সে ব্যক্তিকে বলেন, তুমি গিয়ে উমর রা.-কে বলবে, যেন তিনি বাইতুল মাল থেকে সেই অর্থ গ্রহণ করেন। এরপর যখন পারবেন তখন তা ফেরত দেবেন। দূত এসে হজরত উমর রা.-কে বিষয়টি বলেন। কিন্তু আবদুর রহমান ইবনে আওফ রা.-এর পরামর্শ অনুযায়ী কাজ করাটা হজরত উমর রা.-এর নিকট কঠিন হয়ে দাঁড়ায়। তাই হজরত উমর উত্তরে আবদুর রহমান ইবনে আওফ রা.-কে বলেন, আপনি কি বাইতুল মাল থেকে আমাকে অর্থ গ্রহণ করতে বলছেন? আচ্ছা বলুন তো, যদি সেই অর্থ পরিশোধ করার পূর্বেই আমি মারা যাই তাহলে আপনারাই তো বলবেন, আমিরুল মুমিনিনই তো বাইতুল মাল থেকে অর্থ গ্রহণ করেছেন, তাই এর দাবি ছেড়ে দিন। কিন্তু আপনারা ছেড়ে দিলে কী হবে, কেয়ামতের দিন তো ঠিকই এজন্য আমাকে পাকড়াও করা হবে। এই কারণে আমি বাইতুল মাল থেকে অর্থ গ্রহণ করতে চাই না। বরং আমি আপনার মতো লোভী ও কৃপণ কারও থেকে ঋণ নিতে চাই, আমি মারা গেলে যে আমার পরিত্যক্ত সম্পদ থেকে হিসাব করে তা গ্রহণ করবে।
টিকাঃ
[১৩۳] তাবাকাতে ইবনে সাদ, ৩/১৪৮
📄 আল্লাহর সাহায্য
উমর রা. বলেন, আমি অবশ্যই খালিদ বিন ওয়ালিদ ও মুসান্নাকে দায়িত্ব থেকে অপসারণ করব। যেন তারা বুঝতে পারে যে, আল্লাহ তাআলাই বান্দাকে সাহায্য করেন, তারা বান্দাকে সাহায্য করতে পারে না।"
টিকাঃ
[১৩۴] তাবাকাতে ইবনে সাদ, ৩/১৫১