📄 ইখলাস বা আমলের উদ্দেশ্য
উমর রা. এক খুতবায় বলেন, লোকসকল! একটা সময় আমি ধারণা করতাম, যারা কুরআন কারিম তেলাওয়াত করে তাদের উদ্দেশ্য হয়ে থাকে কেবল আল্লাহ তাআলা এবং তার নিকট থাকা প্রতিদান। কিন্তু এখন আমার মনে হচ্ছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নয় বরং মানুষের থেকে কোনো স্বার্থ হাসিলের জন্য একদল লোক কুরআন তেলাওয়াত করে থাকে। সাবধান!
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তেলাওয়াত করবে, কেবল তাঁর জন্যই আমল করবে।
কুরআনের ব্যাপারে আমরা তোমাদের চেয়ে ভালো জানি। যখন ওহি অবতীর্ণ হতো তখন আমরা বিদ্যমান ছিলাম। আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝেই ছিলেন। কিন্তু এখন তো ওহি আসার দরজা বন্ধ হয়ে গেছে আর নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বিদায় নিয়েছেন। জেনে রাখো, আমি যা জানি তোমাদেরকে কেবল সেটাই বলি। যে ব্যক্তি আমাদের সামনে ভালো ভালো কাজ করে আমরা তার ব্যাপারে ভালো ধারণা পোষণ করি এবং তার প্রশংসা করি। আর যে ব্যক্তি আমাদের সামনে মন্দ কাজ করে আমরা তার প্রতি খারাপ ধারণা করি এবং তার প্রতি বিদ্বেষী হয়ে যাই।
টিকাঃ
[১২০] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১৩৮
📄 গর্বদেরদের দায়িত্ব
উমর রা. বলেন, আমি কেবল এই উদ্দেশ্যে আমার গভর্নরদের পাঠাই যেন তারা তোমাদেরকে দ্বীনি বিধিবিধান ও সুন্নাহ শিক্ষা দিতে পারে। আমি তাদের এই উদ্দেশ্যে পাঠাই না যে, তারা তোমাদের প্রহার করবে এবং তোমাদের অর্থসম্পদ আত্মসাৎ করে নিয়ে যাবে। তোমাদের কারও কোনো বিষয়ে অভিযোগ থাকলে সে যেন তা আমার নিকট পেশ করে। যে সত্তার হাতে আমার প্রাণ তাঁর শপথ করে বলছি, যদি কেউ এমন করে তাহলে অবশ্যই আমি নিজে তাকে প্রাপ্য শাস্তি দেবো।
আমর ইবনুল আস তখন দাঁড়িয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যাকে গভর্নর হিসাবে পাঠাচ্ছেন সে যদি প্রজাদের শিষ্টাচার শিক্ষা দিতে গিয়ে তাকে প্রহার করে তাহলে কি আপনি তাকে শাস্তি দেবেন? উমর ইবনুল খাত্তাব রা. তখন বলেন, যে সত্তার হাতে উমরের প্রাণ তাঁর শপথ করে বলছি, আমি অবশ্যই তাকে তার প্রাপ্য দেবো। আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, তিনি নিজেই উপযুক্ত ব্যক্তিকে প্রাপ্য শাস্তি দিতেন。
টিকাঃ
[১২১] আল-ইকদুল ফারিদ, ৪/৬০
📄 মুসলিমদের মর্যাদা
উমর রা. গভর্নরদেরকে চিঠি লিখে বলেন, কোনো কাফেরকে কোনো মুসলমান থেকে কোনো ধরনের সেবা গ্রহণের সুযোগ প্রদান করবেন না।
টিকাঃ
[১২২] আল-ইকদুল ফারিদ, ৪/৪০৫
📄 শিকল
শারীরিক সুখশান্তি হলো এক ধরনের শিকল, যা ব্যক্তিকে বন্দিদশায় ফেলে দেয়। তোমরা স্থূলকায় হওয়া থেকে বেঁচে থাকো। কারণ স্থূলতাও এক ধরনের শিকল, যা ব্যক্তিকে বন্দি করে ফেলে।
টিকাঃ
[১২৩] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/২৩