📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 রাজদরবারে যাওয়া

📄 রাজদরবারে যাওয়া


উমর রা. বলেন, মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট অবস্থায় রাজাবাদশার দরবারে প্রবেশ করে কিন্তু বের হয়ে আসে তাঁর ওপর অসন্তোষ নিয়ে।

টিকাঃ
[১১৬] আল-ইকদুল ফারিদ, ৩/১৫৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 নেয়ামতের অকৃতজ্ঞতা থেকে বিরত থাকবে

📄 নেয়ামতের অকৃতজ্ঞতা থেকে বিরত থাকবে


উমর রা. একদিন খুতবায় বলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন এবং ঈমানের মাধ্যমে মর্যাদাবান করেছেন, তাঁর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়ে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তার মাধ্যমে আমাদেরকে গোমরাহি থেকে হেদায়েত দান করেছেন। বিভক্তি থেকে আমাদের রক্ষা করে ঐক্যবদ্ধ করেছেন। আমাদের মাঝে তিনি ভালোবাসা ও সম্প্রীতি তৈরি করে দিয়েছেন। শত্রুদের বিরুদ্ধে আমাদের বিজয় দান করেছেন। দেশে দেশে আমাদের ক্ষমতাকে মজবুত করেছেন। ইসলামের মাধ্যমে আমাদের পরস্পরকে ভাই ভাই বানিয়েছেন।
এই সকল নেয়ামতের কারণে আপনারা আল্লাহর প্রশংসা করুন। তাঁর নিকট অধিক নেয়ামত প্রার্থনা করুন এবং এগুলোর কৃতজ্ঞতা আদায় করুন। কেননা বিরোধীদের ওপর বিজয় দান করে আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে কৃত প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। সুতরাং সকল ধরনের পাপাচার এবং নেয়ামতের অকৃতজ্ঞতা থেকে আপনারা বিরত থাকুন। যেসব সম্প্রদায় আল্লাহ প্রদত্ত নেয়ামত পেয়েও অকৃতজ্ঞ হয়েছে, এরপর তাওবাও করেনি, এই অকৃতজ্ঞ সম্প্রদায়গুলোর বেশিরভাগই আল্লাহর ক্ষোভের শিকার হয়েছে, তাদের মানসম্মান ছিনিয়ে নেওয়া হয়েছে এবং শত্রুদেরকে তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

টিকাঃ
[১১৭] আল-ইকদুল ফারিদ, ৪/৫৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 পাপাচার পরিত্যাগ করাই কল্যাণকর

📄 পাপাচার পরিত্যাগ করাই কল্যাণকর


উমর রা. বলেন, তোমরা নফসকে তার চাহিদা ও প্রবৃত্তি পূরণ করা থেকে বিরত রাখবে। এ ব্যাপারে সতর্ক থাকবে, কেননা নফস বেশিরভাগ সময় প্রবৃত্তির দিকে ধাবিত হয়ে থাকে। যদি তোমরা নফসকে তার চাহিদা থেকে বিরত না রাখো তাহলে সে তোমাদেরকে চূড়ান্ত অনিষ্টের দিকে নিয়ে যাবে।
নিশ্চয় হক এনে থাকে প্রশংসনীয় পরিণাম আর বাতিলের পরিণাম হয় অত্যন্ত মন্দ। বারবার অপরাধ করে তার পরপরই তাওবা করার তুলনায় গুনাহ না করা উত্তম। এমন বহু দৃষ্টিপাত রয়েছে, যা মানুষের অন্তরে নফসের চাহিদা উসকে দেয় আর ক্ষণিকের সেই চাহিদাই ব্যক্তির জন্য দীর্ঘ অনুশোচনার কারণ বনে যেতে পারে।

টিকাঃ
[১১৮] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/১৩৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) 📄 বিষয় তিন ধরনের

📄 বিষয় তিন ধরনের


উমর রা. বলেন, বিষয় মোট তিন ধরনের। এক ধরনের বিষয় হলো, যার সঠিক হওয়ার দিকটা সুস্পষ্ট। তুমি সেগুলোর অনুসরণ করে যাবে। আরেক ধরনের বিষয় রয়েছে এমন, যার ক্ষতির দিকটা সুস্পষ্ট। তুমি তা থেকে বিরত থাকবে। তৃতীয় এক ধরনের বিষয় রয়েছে, যা ভালো নাকি মন্দ তা অস্পষ্ট, তুমি সেটা আল্লাহর ওপর সোপর্দ করে দেবে।

টিকাঃ
[১১৯] আল-ইকদুল ফারিদ, ৪/৪০৫

ফন্ট সাইজ
15px
17px