📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিভিন্ন অন্বেষণ

📄 বিভিন্ন অন্বেষণ


উমর রা. বলেন, তোমাদের কেউ যেন রিজিক অন্বেষণ বাদ দিয়ে ঘরে বসে বসে এই দুআ না করে যে, হে আল্লাহ! আপনি আমার রিজিকের ব্যবস্থা করুন। অথচ সে তো জানে যে, আকাশ থেকে কখনো সোনা-রুপা নেমে আসবে না। আল্লাহ তাআলার নীতি তো হচ্ছে, তিনি এক শ্রেণির মানুষের মাধ্যমে আরেক শ্রেণির রিজিকের ব্যবস্থা করে থাকেন।
এরপর তিনি তেলাওয়াত করেন,
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيراً لَعَلَّكُمْ تُفْلِحُونَ
অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে। যাতে তোমরা সফলকাম হও। (সুরা জুমআ, ১০)

টিকাঃ
[১১৪] আল-ইকদুল ফারিদ, ২/৩১৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষের জন্য যা যথেষ্ট

📄 মানুষের জন্য যা যথেষ্ট


উমর রা. বলেন, কারও চলার পাথেয় হিসাবে তার ধনসম্পদ, মর্যাদা হিসাবে তার দ্বীন এবং ব্যক্তিত্ব হিসাবে তার উত্তম চরিত্রই যথেষ্ট।

টিকাঃ
[১১৫] আল-ইকদুল ফারিদ, ২/৩২৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 রাজদরবারে যাওয়া

📄 রাজদরবারে যাওয়া


উমর রা. বলেন, মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট অবস্থায় রাজাবাদশার দরবারে প্রবেশ করে কিন্তু বের হয়ে আসে তাঁর ওপর অসন্তোষ নিয়ে।

টিকাঃ
[১১৬] আল-ইকদুল ফারিদ, ৩/১৫৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নেয়ামতের অকৃতজ্ঞতা থেকে বিরত থাকবে

📄 নেয়ামতের অকৃতজ্ঞতা থেকে বিরত থাকবে


উমর রা. একদিন খুতবায় বলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন এবং ঈমানের মাধ্যমে মর্যাদাবান করেছেন, তাঁর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়ে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তার মাধ্যমে আমাদেরকে গোমরাহি থেকে হেদায়েত দান করেছেন। বিভক্তি থেকে আমাদের রক্ষা করে ঐক্যবদ্ধ করেছেন। আমাদের মাঝে তিনি ভালোবাসা ও সম্প্রীতি তৈরি করে দিয়েছেন। শত্রুদের বিরুদ্ধে আমাদের বিজয় দান করেছেন। দেশে দেশে আমাদের ক্ষমতাকে মজবুত করেছেন। ইসলামের মাধ্যমে আমাদের পরস্পরকে ভাই ভাই বানিয়েছেন।
এই সকল নেয়ামতের কারণে আপনারা আল্লাহর প্রশংসা করুন। তাঁর নিকট অধিক নেয়ামত প্রার্থনা করুন এবং এগুলোর কৃতজ্ঞতা আদায় করুন। কেননা বিরোধীদের ওপর বিজয় দান করে আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে কৃত প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। সুতরাং সকল ধরনের পাপাচার এবং নেয়ামতের অকৃতজ্ঞতা থেকে আপনারা বিরত থাকুন। যেসব সম্প্রদায় আল্লাহ প্রদত্ত নেয়ামত পেয়েও অকৃতজ্ঞ হয়েছে, এরপর তাওবাও করেনি, এই অকৃতজ্ঞ সম্প্রদায়গুলোর বেশিরভাগই আল্লাহর ক্ষোভের শিকার হয়েছে, তাদের মানসম্মান ছিনিয়ে নেওয়া হয়েছে এবং শত্রুদেরকে তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

টিকাঃ
[১১৭] আল-ইকদুল ফারিদ, ৪/৫৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00