📄 জুলুম-নির্যাতন
হজরত উমর রা. একদিন আবু মুসা আশআরি রা.-কে চিঠি লিখে বলেন, যারা আপনার সাথে ওঠাবসা করে আপনি তাদেরকে মানুষের ত্রুটিবিচ্যুতি এড়িয়ে যাওয়ার নির্দেশ দিন, যেন প্রতিবাদ করতে গিয়ে তারা উলটো জুলুম না করে ফেলে।
টিকাঃ
[১১৩] আল-ইকদুল ফারিদ, ২/১৬৪
📄 বিভিন্ন অন্বেষণ
উমর রা. বলেন, তোমাদের কেউ যেন রিজিক অন্বেষণ বাদ দিয়ে ঘরে বসে বসে এই দুআ না করে যে, হে আল্লাহ! আপনি আমার রিজিকের ব্যবস্থা করুন। অথচ সে তো জানে যে, আকাশ থেকে কখনো সোনা-রুপা নেমে আসবে না। আল্লাহ তাআলার নীতি তো হচ্ছে, তিনি এক শ্রেণির মানুষের মাধ্যমে আরেক শ্রেণির রিজিকের ব্যবস্থা করে থাকেন।
এরপর তিনি তেলাওয়াত করেন,
فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيراً لَعَلَّكُمْ تُفْلِحُونَ
অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে। যাতে তোমরা সফলকাম হও। (সুরা জুমআ, ১০)
টিকাঃ
[১১৪] আল-ইকদুল ফারিদ, ২/৩১৫
📄 মানুষের জন্য যা যথেষ্ট
উমর রা. বলেন, কারও চলার পাথেয় হিসাবে তার ধনসম্পদ, মর্যাদা হিসাবে তার দ্বীন এবং ব্যক্তিত্ব হিসাবে তার উত্তম চরিত্রই যথেষ্ট।
টিকাঃ
[১১৫] আল-ইকদুল ফারিদ, ২/৩২৬
📄 রাজদরবারে যাওয়া
উমর রা. বলেন, মানুষ আল্লাহর প্রতি সন্তুষ্ট অবস্থায় রাজাবাদশার দরবারে প্রবেশ করে কিন্তু বের হয়ে আসে তাঁর ওপর অসন্তোষ নিয়ে।
টিকাঃ
[১১৬] আল-ইকদুল ফারিদ, ৩/১৫৯