📄 বঞ্চিত করা হয় না
উমর রা. বলেন, যে ব্যক্তিকে দুআ করার তাওফিক দেওয়া হয়, তাকে দুআ কবুল থেকে বঞ্চিত করা হয় না। আল্লাহ তাআলা বলেন,
ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেবো। (সুরা মুমিন, ৬০)
যে ব্যক্তিকে কৃতজ্ঞতা আদায়ের তাওফিক দেওয়া হয়, তার নেয়ামত আরও বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন,
لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
যদি কৃতজ্ঞতা আদায় করো, তবে আমি অবশ্যই (নেয়ামত) বৃদ্ধি করে দেবো। (সুরা ইবরাহিম, ৭)
আর যে ব্যক্তিকে ইসতেগফার তথা ক্ষমাপ্রার্থনার তাওফিক প্রদান করা হয়েছে, প্রার্থনা মঞ্জুর করা থেকে তাকে বঞ্চিত করা হয় না। আল্লাহ তাআলা বলেন,
وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
তোমরা আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। (সুরা মুযযাম্মিল, ২০)
টিকাঃ
[১০৩] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/২৮৮
📄 কল্যাণকাজের মূল
উমর ইবনুল খাত্তাব রা. বলেন, প্রতিটি কাজের একটি মূল রয়েছে আর কল্যাণকাজের মূল হলো, অতি দ্রুত তা সম্পাদন করা。
টিকাঃ
[১০৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/২৮৯
📄 মানুষ তিন ধরনের
উমর রা. বলেন, মানুষ তিন ধরনের। এক ধরনের মানুষ রয়েছে যারা কোনো কাজ করার আগে তার পরিণাম নিয়ে ভাবে। ফলে তারা যথাযথভাবে প্রতিটি বিষয় সম্পাদন করতে পারে। আরেক ধরনের মানুষ রয়েছে, তারা পরনির্ভর, পরিণাম না ভেবেই কাজ শুরু করে দেয়। যখন বিপদ আপতিত হয় তখন বিজ্ঞদের সাথে পরামর্শ করে এবং তাদের মতামত গ্রহণ করে। আর তৃতীয় শ্রেণির লোক হলো, সম্পূর্ণ নির্বোধ। তারা বুদ্ধিমান কারও সাথে পরামর্শ করে না। কেউ তাদের সঠিক পথ দেখালে তাও অনুসরণ করে না।
টিকাঃ
[১০৫] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ৩/২৮৮
📄 আমি ধোঁকাবাজ নই
উমর ইবনুল খাত্তাব রা. বলেন, আমি ধোঁকাবাজ নই এবং ধোঁকাবাজদের দ্বারা আমি প্রতারিতও হই না।
টিকাঃ
[১০৬] আল-ইকদুল ফারিদ, ১/৫৩