📄 সম্মান ও সচ্ছলতা
আবু বকর রা. বলেন, আমাদের মর্যাদা নিহিত আছে তাকওয়ায়, সচ্ছলতা রয়েছে (তাকদিরের ওপর) বিশ্বাসে এবং সম্মান রয়েছে বিনয়ে।
টিকাঃ
[৮৬] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৪৪
📄 পরকালের উদ্দেশ্যে আমল করা
আবু বকর রা. এক খুতবায় বলেন, আমি তোমাদেরকে অসিয়ত করছি, তোমরা আল্লাহকে ভয় করো। যথাযথ উপায়ে তাঁর প্রশংসা ও গুণকীর্তন করো। আল্লাহর ব্যাপারে ভয় ও আশা দুটিই লালন করো। কায়মনোবাক্যে, অনুনয়ের সাথে তাঁর কাছে প্রার্থনা করো। কারণ আল্লাহ তাআলা হজরত জাকারিয়া আলাইহিস সালাম এবং তার পরিবার-পরিজনের প্রশংসা করে বলেছেন,
فَاسْتَجَبْنَا لَهُ وَوَهَبْنَا لَهُ يَحْيَى وَأَصْلَحْنَا لَهُ زَوْجَهُ إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ
অতঃপর আমি তার দুআ কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়াকে এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। তারা সৎকাজে প্রতিযোগিতা করত। আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। (সুরা আম্বিয়া, ৯০)
আল্লাহর বান্দারা, শোনো! আল্লাহ তাআলা তাঁর হকের বিনিময়ে তোমাদের জীবনগুলোকে বন্ধক রেখেছেন। এ ব্যাপারে তিনি তোমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। চিরস্থায়ী অঢেল জিনিস (জান্নাতের) বিনিময়ে তিনি তোমাদের থেকে ধ্বংসশীল সামান্য জিনিস (দুনিয়া) কিনে নিয়েছেন। এই তো আল্লাহর কিতাব তোমাদের সামনে বিদ্যমান রয়েছে, যার চমৎকারিত্ব ও বিস্ময় কখনো শেষ হবে না। যার আলোকমালা কখনো নিভে যাবে না। সুতরাং তোমরা আল্লাহর বাণীর প্রতি বিশ্বাস ও আস্থা রাখো। তাঁর নাজিলকৃত কিতাব থেকে নসিহত গ্রহণ করো। অন্ধকার দিবসের জন্য তা থেকে আলো গ্রহণ করো। কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। তোমাদের প্রত্যেকের সাথে তিনি সম্মানিত ফেরেশতা নিযুক্ত করেছেন। তোমরা যা-কিছু করছ তিনি তার সবকিছুই জানেন।
হে আল্লাহর বান্দারা, অতঃপর জেনে রাখো, সকাল-সন্ধ্যার পালাবদলের মাধ্যমে তোমরা প্রতিনিয়ত এমন মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছ, যে মৃত্যুর প্রকৃত সময় তোমরা জানো না। যদি তোমরা জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করে দিতে পারো, তাহলে এমনটাই করো। তবে জেনে রাখো, কখনো আল্লাহর সাহায্য ছাড়া তা পারবে না। সুতরাং মৃত্যু আসার পূর্বেই নিজেদের আমলের মাধ্যমে ধীরে ধীরে অগ্রসর হও। মৃত্যু তোমাদেরকে নিজেদের মন্দ কর্মের মধ্যে যেন নিক্ষেপ না করে। এমন বহু মানুষ রয়েছে যারা নিজেদের জীবনকে অন্যের জন্য ব্যয় করে দেয় আর নিজেদের পরিণামের কথা সম্পূর্ণরূপে ভুলে যায়। আমি তোমাদেরকে তাদের মতো হতে নিষেধ করছি।
তোমরা আল্লাহর নাজিলকৃত ওহির নির্দেশনা অনুসরণ করো। যে পথ অনুসরণে মুক্তি মিলে সে অনুযায়ী চলো। মনে রেখো, তোমাদের পেছনে মৃত্যু ওত পেতে রয়েছে, যা বেশ দ্রুত গতিতে তোমাদের খুঁজে বেড়াচ্ছে।
টিকাঃ
[৮৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৫৮; আল-ইকদুল ফারিদ, ৪/৫৮
📄 নামাজ এবং জাকাত
আবু বকর রা. বলেন, আল্লাহর কসম! যে ব্যক্তি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে অর্থাৎ নামাজের মতো জাকাত প্রদান জরুরি মনে না করবে, তাহলে আমি অবশ্যই তার বিরুদ্ধে লড়াই করব। কারণ জাকাত হচ্ছে অর্থসম্পদের হক।
টিকাঃ
[৮৮] যাহাবি কৃত সিরাতুল খুলাফা, ৩৯
📄 প্রয়োজন পরিমাণে সন্তুষ্ট থাকা
হজরত আবু বকর রা. মৃত্যুশয্যায় উপনীত হওয়ার সময় একবার হজরত সালমান রা. বললেন, হে আল্লাহর রাসুলের খলিফা! আপনি আমাকে অসিয়ত করুন। হজরত আবু বকর রা. তখন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা অচিরেই আপনাদের জন্য এই দুনিয়ার ধনসম্পদ ও ঐশ্বর্যের দুয়ার খুলে দেবেন। সাবধান, তখন যতটুকু হলেই যথেষ্ট তার চেয়ে অধিক গ্রহণ করবেন না। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহ তাআলার নিরাপত্তায় চলে যায়।
আল্লাহর সেই নিরাপত্তা বিঘ্নিত করার প্রয়াস চালাবেন না। অন্যথায় আল্লাহ তাআলা আপনাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন।
টিকাঃ
[৮৯] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৩৭