📄 কান্নার ভাব করা
আবু বকর রা. বলেন, যে ব্যক্তির কান্না আসে সে যেন কাঁদে। আর যার কান্না আসে না সে যেন কান্নার ভান করে।
টিকাঃ
[৮২] প্রাগুক্ত, ১৭৮
📄 আল্লাহর নিকট সুস্থতা কামনা করো
আবু বকর রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিম্বারে খুতবা প্রদানের জন্য দাঁড়ালে প্রচণ্ড কান্নায় কথা বলতে পারছিলেন না, এভাবে তিন তিনবার কথা বলার চেষ্টা করেও তিনি কিছু বলতে পারেননি। এরপর তিনি বলেন, তোমরা আল্লাহর নিকট সুস্থতা কামনা করো, কারণ ঈমান ও ইয়াকিনের পর সর্বোত্তম বিষয় হচ্ছে সুস্থতা। পক্ষান্তরে কুফরির পর অধিক মারাত্মক বিষয় হচ্ছে কোনোকিছুতে অযথা সন্দেহ করা।
তোমরা সত্যকে আঁকড়ে থাকো, কারণ সত্য কল্যাণকাজের পথ দেখায়, আর এই সত্য ও কল্যাণকর্ম জান্নাতের পথ দেখায়। তোমরা মিথ্যা থেকে বিরত থাকো, কারণ মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, আর মিথ্যা ও গুনাহ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে।
টিকাঃ
[৮৩] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৩৫
📄 মুমিনের প্রতিদান
আবু বকর রা. বলেন, নিশ্চয় সব কাজের বিপরীতেই একজন মুসলিমকে উত্তম প্রতিদান দেওয়া হয়। এমনকি সে যদি কোথাও ব্যথা পায় কিংবা তার জুতার ফিতা ছিঁড়ে যায় অথবা পকেট থেকে কোনোকিছু হারিয়ে পেরেশান হয়ে খুঁজতে খুঁজতে নিজের ব্যাগেই তা পায়, তবুও এ কষ্টের কারণে তাকে প্রতিদান দেওয়া হয়।
টিকাঃ
[৮৪] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১০৫
📄 অহংকার থেকে বেঁচে থাকো
আবু বকর রা. এক খুতবায় বলেন, পরসমাচার, হে লোকসকল! সকল বিষয়ে সর্বাবস্থায় আমি মহান আল্লাহ তাআলাকে ভয় করার এবং পছন্দ-অপছন্দ সকল ক্ষেত্রে সর্বদা হক অনুসরণের অসিয়ত করছি তোমাদেরকে। জেনে রাখো, সত্য ব্যতীত অন্য কিছুতে কোনো কল্যাণ নেই। যে ব্যক্তি মিথ্যা বলল, সে পাপাচারে লিপ্ত হয়ে পড়ল। আর যে ব্যক্তি পাপাচারে লিপ্ত হলো একদিন তার ধ্বংস অনিবার্য।
তোমরা অহংকার করো না। যাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে এবং মাটিতেই যাকে একসময় ফিরে যেতে হবে, সে তো অহংকার করতে পারে না। সে আজ জীবিত হলেও আগামীকাল হয়ে যাবে মৃত প্রাণহীন। সুতরাং তোমরা আমল করো এবং নিজেদের মৃত বলেই মনে করো।
যে-সকল বিষয়ে তোমরা কোনো সমাধান পাবে না তা আল্লাহর ওপর সোপর্দ করে দেবে। তোমরা সৎ আমল করো। সৎ আমলের প্রতিদান পরকালে পাবে। আল্লাহ তাআলা বলেছেন,
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَاللَّهُ رَؤُوفٌ بِالْعِبَادِ
সেদিনের কথা স্মরণ করো, প্রত্যেকেই যা-কিছু ভালো কাজ করেছে, সে তা চোখের সামনে দেখতে পাবে এবং যা-কিছু মন্দ কাজ করেছে তাও। সে তখন কামনা করবে যদি তার এবং ওসব কর্মের মধ্যে অনেক দূরের ব্যবধান থাকত। আল্লাহ তাঁর নিজের সম্পর্কে তোমাদের সাবধান করছেন। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। (সুরা আলে ইমরান, ৩০)
অতএব, হে আল্লাহর বান্দারা! আল্লাহকে ভয় করো। মনে করো যে, তিনি সবসময় তোমাদের দেখছেন। পূর্ববর্তীদের ফলাফল থেকে শিক্ষাগ্রহণ করো। জেনে রাখো, অবশ্যই তোমার রবের সঙ্গে একদিন তোমাদের সাক্ষাৎ করতে হবে, নিজেদের ছোট-বড় সকল কাজের প্রতিদান ও শাস্তি বরণ করে নিতে হবে। তবে আল্লাহ যেগুলো ক্ষমা করে দেবেন তার কথা ভিন্ন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও দয়ালু।
সুতরাং তোমরা নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে বাঁচাও। আল্লাহ তাআলাই হলেন সাহায্যকারী। তিনি ব্যতীত কেউ সৎকাজে শক্তি জোগাতে পারে না।
টিকাঃ
[৮৫] আল-ইকদুল ফারিদ, ৪/৫৭