📄 বদরি সাহাবিগণ এবং রাষ্ট্রীয় দায়িত্ব
খলিফা আবু বকর রা.-কে বলা হলো, হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খলিফা! আপনি কি বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করবেন না? তিনি উত্তরে বলেন, তাদের মর্যাদা সম্পর্কে আমি ভালোভাবে অবগত আছি। তবে পার্থিব কাজকর্মে জড়িয়ে ফেলে আমি তাদেরকে কলুষিত করে দিতে চাই না।
টিকাঃ
[৬৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৬১
📄 বৃক্ষ হওয়ার ইচ্ছা
হজরত হাসান বসরি রহ. বলেন, আবু বকর সিদ্দিক রা. একবার বলেন, হায়, যদি আমি এমন বৃক্ষ হতাম, যাকে কামড়ে খেয়ে ফেলা হয়।
টিকাঃ
[৬৫] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৩৯
📄 জবানের বিপদ
উমর রা. একবার হজরত আবু বকর রা.-এর নিকট প্রবেশ করে দেখেন তিনি জিহ্বা ধরে রেখেছেন। উমর রা. তখন বলেন, এমন করা থেকে বিরত হোন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আবু বকর রা. তখন বলেন, এই জিহ্বাই তো আমাকে বহু বিপদে ফেলেছে।
টিকাঃ
[৬۶] সিফাতুস সাফওয়া, ১/১৩২
📄 নামাজ
আবু বকর রা. বলেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি 'নানাতে' মৃত্যুবরণ করে। তাকে জিজ্ঞেস করা হলো, নানাত কী জিনিস? তিনি উত্তরে বলেন, ইসলাম গ্রহণের প্রাথমিক অবস্থা। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছিলেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর নিজের অনুসারী বৃদ্ধি পাওয়ার আগে এবং দিকে দিকে তাদের প্রসার লাভের পূর্বেই মৃত্যুবরণ করে তার জন্য রয়েছে সুসংবাদ।
টিকাঃ
[৬৭] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১০২