📄 পার্থিব চাকচিক্য ও জৌলুসের আকর্ষণ
হজরত আয়েশা রা. বলেন, একদিন আমি নতুন জামা পরিধান করেছিলাম। এতে আমার বেশ আনন্দবোধ হচ্ছিল। আমার আনন্দ দেখে পিতা আবু বকর রা. বলে ওঠেন, এতে তুমি আনন্দবোধ করছ? অথচ সুন্দর জামা পরার কারণে আল্লাহ তাআলা তো তোমার প্রতি ভ্রুক্ষেপই করবেন না। তখন আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন, তুমি কি জানো না, দুনিয়ার চাকচিক্য ও জৌলুসের আকর্ষণ কারও মধ্যে ঢুকে গেলে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। দুনিয়ার এই আকর্ষণ ত্যাগ না করা পর্যন্ত আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না? হজরত আয়েশা রা. বলেন, আমি তখনই সেই জামাটি খুলে দান করে দিই। হজরত আবু বকর রা. তখন বলেন, হ্যাঁ, আল্লাহ চাহেন তো এতে তোমার পূর্বের গুনাহ মিটে যাবে।
টিকাঃ
[৬২] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৬০
📄 মৃত্যু অবস্থায় কিছু দিরহাম
হাবিব বিন যামরা বলেন, আবু বকর সিদ্দিক রা.-এর এক ছেলে মুমূর্ষু অবস্থায় উপনীত হয়ে বারবার বালিশের দিকে তাকাচ্ছিলেন। তার মৃত্যুর পর লোকেরা হজরত আবু বকর রা.-কে জানায়, আমরা দেখলাম আপনার ছেলে বারবার বালিশের দিকে তাকাচ্ছিল। বর্ণনাকারী বলেন, এরপর বালিশ ওঠানো হলে তার নিচে পাঁচ দিনার পাওয়া যায়। হজরত আবু বকর রা. তখন হাতে হাত দিয়ে আঘাত করে 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' পাঠ করতে করতে বলেন, আহ! তোমার দেহে তো এই অর্থের ভার সইতে পারবে না।
টিকাঃ
[৬৩] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৪০
📄 বদরি সাহাবিগণ এবং রাষ্ট্রীয় দায়িত্ব
খলিফা আবু বকর রা.-কে বলা হলো, হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খলিফা! আপনি কি বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করবেন না? তিনি উত্তরে বলেন, তাদের মর্যাদা সম্পর্কে আমি ভালোভাবে অবগত আছি। তবে পার্থিব কাজকর্মে জড়িয়ে ফেলে আমি তাদেরকে কলুষিত করে দিতে চাই না।
টিকাঃ
[৬৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/৬১
📄 বৃক্ষ হওয়ার ইচ্ছা
হজরত হাসান বসরি রহ. বলেন, আবু বকর সিদ্দিক রা. একবার বলেন, হায়, যদি আমি এমন বৃক্ষ হতাম, যাকে কামড়ে খেয়ে ফেলা হয়।
টিকাঃ
[৬৫] আহমাদ ইবনু হাম্বল কৃত আয-যুহদ, ১৩৯