📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 বিপদ কেটে যাওয়ার জন্য অপেক্ষা করো

📄 বিপদ কেটে যাওয়ার জন্য অপেক্ষা করো


আবু দারদা রা. বলেন, যদি তুমি কখনো জীবনজীবিকার ব্যাপারে এমন অবস্থায় নিপতিত হও যে, তা তোমার অবস্থার সাথে সংগতিপূর্ণ নয়, তাহলে ধৈর্যধারণ করতে থাকো। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ খুলে দেওয়া পর্যন্ত অপেক্ষা করে যাও।

টিকাঃ
[৭৬৬] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, প ১৭১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কিছু বিষয়

📄 কিছু বিষয়


আবু দারদা রা. বলেন,
• ঈমানের ব্যাপারে সন্দেহ করাটা কুফরিরই এক প্রকার।
• কারও মৃত্যুতে বিলাপ করা জাহেলি বিষয়।
• কবিতা হলো ইবলিসের বাঁশি।
• গনিমতের সম্পদ আত্মসাৎ করা হলো জাহান্নামের অঙ্গার মুখে দেওয়া।
• মদ হলো সকল গুনাহ ও পাপাচারের মূল।
• যৌবন হলো উন্মাদনার একটি প্রকার।
• নারীরা হলো শয়তানের ফাঁদ।
• অহংকার হলো সবচেয়ে নিকৃষ্ট বিষয়।
• সবচেয়ে নিকৃষ্ট খাবার হলো, এতিমের আত্মসাৎকৃত সম্পদ আর সবচেয়ে নিকৃষ্ট উপার্জন হলো, সুদি কারবার থেকে অর্জিত সম্পদ।
• সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে অন্যের মাধ্যমে সংশোধিত হয়ে যায়। আর হতভাগা হলো ওই ব্যক্তি, মায়ের পেটে থাকতেই যার হতভাগা হওয়ার ফয়সালা করে দেওয়া হয়।

টিকাঃ
[৭৬৭] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 কপট একাগ্রতা

📄 কপট একাগ্রতা


আবু দারদা রা. বলেন, তোমরা কপট একাগ্রতা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। লোকেরা বলল, কপট একাগ্রতা আবার কী জিনিস? তিনি বলেন, তা হলো, দেখে মনে হবে ব্যক্তিটি আল্লাহর প্রতি অনেক বেশি একাগ্র কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি সামান্য ভয় এবং একাগ্রতাও থাকবে না।

টিকাঃ
[৭৬৮] প্রাগুক্ত, পৃ. ১৭৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মূর্খরা ইলম অর্জন করছে না

📄 মূর্খরা ইলম অর্জন করছে না


আবু দারদা রা. বলেন, কী হলো আপনাদের, আপনাদের উলামায়ে কেরাম একে একে মৃত্যুবরণ করে চলে যাচ্ছেন অথচ জাহেল-মূর্খরা ইলম অর্জন করছে না? আমার আশঙ্কা হচ্ছে, এভাবেই আলেমরা চলে যাবে আর মূর্খরা ইলম শিখবে না। আলেমগণও যদি ইলম অন্বেষণ করতে থাকেন তবুও তিনি আরও অধিক ইলম অর্জন করতে পারেন। আর জাহেল যদি ইলম অন্বেষণ করে তাহলে সে নিজের চলার মতো ইলম অর্জন করতে পারবে। কী হলো আপনাদের, আপনারা খেয়েদেয়ে পরিতৃপ্ত হচ্ছেন কিন্তু ইলম অর্জনের ক্ষেত্রে ক্ষুধার্ত রয়ে যাচ্ছেন।

টিকাঃ
[৭৬৯] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ২/২৪৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00