📄 এটাই যথেষ্ট
আবু দারদা রা. বলেন, সবসময় মানুষের সঙ্গে লড়াই করাটাই তুমি গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট আর সবসময় মানুষের সাথে বিবাদবিসংবাদে জড়ানোটা তোমার জালেম হওয়ার জন্য যথেষ্ট। আর আল্লাহ তাআলার সত্তা ব্যতীত অন্য সব বিষয়ে কথা বলতে পারাটা তোমার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।
টিকাঃ
[৭৬১] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭২
📄 তাকওয়া ও ইলম
আবু দারদা রা. বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না আলেম হও। আর ইলমের মাধ্যমে তুমি ততক্ষণ মহৎ হতে পারবে না যতক্ষণ না সে অনুযায়ী আমল করো।
টিকাঃ
[৭৬২] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ২/৯
📄 উত্তম জীবিকা
আবু দারদা রা. বলেন, জীবনজীবিকার অবস্থাকে ভালো এবং উত্তম করে গড়ে তোলাটা একজন মুসলমানের বিচক্ষণতার প্রমাণ বহন করে।
তিনি আরও বলেন, জীবনজীবিকার অবস্থা উত্তম করে গড়ে তুললে নিজের ধর্মীয় অবস্থাও উত্তম হয়ে ওঠে আর ধর্মীয় অবস্থা উত্তম হলে এতে নিজের বিবেকবুদ্ধির অবস্থা উত্তম ও উন্নত হয়।
টিকাঃ
[৭৬৩] প্রাগুক্ত, পৃ. ২/১৯
📄 কখনো অসুস্থ না হওয়ার ক্ষতি
হজরত আবু দারদা রা. এক ব্যক্তির ধৈর্যক্ষমতা দেখে আশ্চর্য হয়ে যান। তিনি তখন তাকে বলেন, তুমি কি কখনো জ্বরাক্রান্ত হওনি? সে বলে, না। আবু দারদা রা. তখন বলেন, তোমার বড়ই দুর্ভাগ্য! গুনাহ নিয়েই মৃত্যুবরণ করবে। (অর্থাৎ অসুস্থ না হওয়ায় তোমার গুনাহ মোচন হচ্ছে না। কারণ অসুস্থতা গুনাহ মোচন করে থাকে।)
টিকাঃ
[৭৬৪] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭২