📄 বিষয় তিনটি জেনেছি
আবু দারদা রা. বলেন, অন্বেষণ এবং শেখার মাধ্যমে ইলম অর্জিত হয়ে থাকে আর বুদ্ধি ও বিবেচনার মাধ্যমে সহনশীলতা অর্জিত হয়ে থাকে। যে ব্যক্তি কল্যাণ তালাশ করে তাকে তা প্রদান করা হয় আর যে ব্যক্তি অকল্যাণ থেকে বেঁচে থাকতে চায় তাকে রক্ষা করা হয়।
যে ব্যক্তি তিনটি বিষয়ে বিশ্বাস করবে সে উঁচু মর্যাদায় আসীন হতে পারবে না, গণকের কাছে যাওয়া, লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা এবং কোনোকিছুকে অশুভ মনে করে সফর থেকে ফিরে আসা।
টিকাঃ
[৭৫৬] প্রাগুক্ত, পৃ. ১/১৬৪
📄 যে কারণে মানুষের মধ্যে বিবাদবিসম্বাদ দেখা দেয়
আবু দারদা রা. বলেন, যদি তিনটি বিষয় না হতো তাহলে মানুষের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি বজায় থাকত। তা হলো,
১. কার্পণ্য, লোকেরা যার পেছনে পড়ে থাকে।
২. প্রবৃত্তি, মানুষ যার অনুসরণ করে থাকে এবং
৩. প্রত্যেকেই আপন আপন মতামতকে বড় মনে করা।
টিকাঃ
[৭৫৭] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৬৯
📄 আপনাদের কি লজ্জা হয় না
হজরত আবু দারদা রা. হিমসের অধিবাসীদের বলেন, আপনাদের কি লজ্জা হয় না, আপনারা এমন সকল বাড়িঘর নির্মাণ করছেন যাতে বসবাস করতে পারবেন না! এমন এমন স্বপ্ন দেখছেন যা অর্জন করতে পারবেন না! এমন সকল অর্থসম্পদ জমা করে যাচ্ছেন যা ভোগ করতে পারবেন না! আপনাদের পূর্ববর্তী জাতিরা মজবুত অট্টালিকা নির্মাণ করেছিল। অঢেল অর্থসম্পদ জমা করেছিল। অনেক বড় বড় স্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের বাড়িঘরগুলো এখন কবর হয়ে গেছে। তাদের স্বপ্নগুলো ধোঁকায় পরিণত হয়ে গেছে আর তাদের সঞ্চিত সমুদয় সম্পদ ধ্বংস হয়ে গেছে।
টিকাঃ
[৭৫৮] তানবিহুল গাফিলিন, পৃ. ১৬৯
📄 সবচেয়ে নিকৃষ্ট মানুষ
আবু দারদা রা. বলেন, কেয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ওই আলেম, যে ইলমের মাধ্যমে উপকৃত হয়নি।
টিকাঃ
[৭৫৯] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/১৯৬