📄 মৃত লোকটির পরিচয় কী
আবু দারদা রা. দেখতে পান, এক ব্যক্তি এক লাশকে লক্ষ করে বলছে, কে মারা গেল? তার পরিচয় কী? আবু দারদা রা. তখন বলেন, এটা তো তুমি, এটা তো তুমি। আল্লাহ তাআলা তো বলেছেন,
إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُم مَّيِّتُونَ
নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। (সুরা যুমার, ৩০)
📄 গুনাহের ব্যাপারে আমি অনুযোগ করছি
আবু দারদা রা. একবার অনুযোগ করেন। তখন তার সঙ্গীসাথিরা এসে তাকে বলল, হে আবু দারদা, আপনি কীসের অনুযোগ করছেন? তিনি বলেন, আমি আমার গুনাহের ব্যাপারে অনুযোগ করছি। তারা বলল, তাহলে আপনি কী চান? তিনি বলেন, আমি জান্নাত চাই। তারা বলে, আপনার শারীরিক অবস্থা দেখার জন্য একজন ডাক্তার ডেকে আনি? তিনি বলেন, আরে, আসল ডাক্তারই (আল্লাহ তাআলা) তো আমাকে বিছানায় শুইয়ে দিয়েছেন।
টিকাঃ
[৭৪৯] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৬৮
📄 মানুষ যখন কারও পিছু পিছু চলে
আবু দারদা রা. বলেন, ব্যক্তি যতদিন দম্ভভরে সামনে হাঁটে আর লোকেরা তার পিছু পিছু চলে ততদিন আল্লাহর সাথে তার দূরত্ব বৃদ্ধিই পেতে থাকে।
টিকাঃ
[৭৫০] ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/১৫৭
📄 মনকে সতেজ করে তুলি
আবু দারদা রা. বলেন, কখনো কখনো আমি বৈধ আনন্দ-বিনোদনের মাধ্যমে আমার মনকে সতেজ করে তুলি। এটা আল্লাহর ইবাদত-বন্দেগির ক্ষেত্রে আমার সহায়ক হয়ে থাকে।
টিকাঃ
[৭৫১] ইহইয়াউ উলুমিদ্দিন, ৫/২৮১