📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মানুষের সবকিছুর প্রতি লক্ষ করতে নেই

📄 মানুষের সবকিছুর প্রতি লক্ষ করতে নেই


আবু দারদা রা. বলেন, হে বৎস! মানুষের সব বিষয় দেখার চেষ্টা করবে না। কারণ যে ব্যক্তি মানুষের সবকিছুর প্রতি তাকায়, তাদের বেহাল দশা দেখে তার দুঃখকষ্ট বেড়ে যায় এবং তার ক্রোধ সংবরণ করা সম্ভব হয় না।
আর যে ব্যক্তি কেবল পানাহারের মধ্যে আল্লাহর নেয়ামত দেখতে পায়, অন্যকিছুতে আল্লাহর নেয়ামত খুঁজে পায় না, বুঝতে হবে তার জ্ঞানের স্বল্পতা রয়েছে এবং দুনিয়াতে সে আজাবের সম্মুখীন হয়ে গেছে। যে ব্যক্তি দুনিয়া থেকে অমুখাপেক্ষী হতে পারে না সে আসলে দুনিয়ার কিছুই অর্জন করতে পারে না।

টিকাঃ
[৭৪৬] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৬৬

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 দুনিয়া যে কারণে আল্লাহর নিকট তুচ্ছ

📄 দুনিয়া যে কারণে আল্লাহর নিকট তুচ্ছ


আবু দারদা রা. বলেন, আল্লাহ তাআলার নিকট দুনিয়া তুচ্ছ হওয়ার কারণ হলো, কেবল এতেই তার অবাধ্যতা করা হয় এবং দুনিয়াকে বিসর্জন দেওয়ার মাধ্যমেই তার পুরস্কার অর্জন করা যায়।

টিকাঃ
[৭৪৭] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/৩৭৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলম ও জিহাদ

📄 ইলম ও জিহাদ


আবু দারদা রা. বলেন, যে ব্যক্তি মনে করে সকাল-সন্ধ্যা ইলম অর্জনের পথে যাত্রা করাটা জিহাদ নয়, তার বুদ্ধিতে অপূর্ণতা রয়েছে। তিনি আরও বলেন, যে ব্যক্তি কোনো কল্যাণমূলক বিষয় শেখার জন্য বা শেখানোর জন্য মসজিদে যাওয়া-আসা করে তার আমলনামায় অবশ্যই একজন মুজাহিদের সাওয়াব লেখা হয়। সে মসজিদ থেকে গনিমত অর্জন করেই ফিরে এসে থাকে।

টিকাঃ
[৭৪৮] জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ১/৩৮

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 মৃত লোকটির পরিচয় কী

📄 মৃত লোকটির পরিচয় কী


আবু দারদা রা. দেখতে পান, এক ব্যক্তি এক লাশকে লক্ষ করে বলছে, কে মারা গেল? তার পরিচয় কী? আবু দারদা রা. তখন বলেন, এটা তো তুমি, এটা তো তুমি। আল্লাহ তাআলা তো বলেছেন,
إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُم مَّيِّتُونَ
নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। (সুরা যুমার, ৩০)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00