📄 তিন এক জগতের মানুষের সাথে
আবু দারদা রা. বিভিন্ন সময় কবরের পাশে গিয়ে বসে থাকতেন। তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি তো এমন লোকদের নিকট গিয়ে বসি যারা আমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় আর যখন তাদের ছেড়ে চলে আসি তখন অন্য লোকদের মতো তারা আমার গিবত করে না।
টিকাঃ
[৭৪৪] ইহইয়াউ উলুমিদ্দিন, ২/৩০৮
📄 একান্তে উপদেশ দেওয়া
আবু দারদা রা. বলেন, প্রকাশ্যে কাউকে উপদেশ দেওয়ার অর্থ হলো তাকে অপমান করা আর একান্তে উপদেশ দেওয়ার অর্থ হলো তাকে সমৃদ্ধ করে তোলা (তার হিতাকাঙ্ক্ষা কামনা করা)।
টিকাঃ
[৭৪৫] তানবিহুল গাফিলিন, পৃ. ৬৭
📄 মানুষের সবকিছুর প্রতি লক্ষ করতে নেই
আবু দারদা রা. বলেন, হে বৎস! মানুষের সব বিষয় দেখার চেষ্টা করবে না। কারণ যে ব্যক্তি মানুষের সবকিছুর প্রতি তাকায়, তাদের বেহাল দশা দেখে তার দুঃখকষ্ট বেড়ে যায় এবং তার ক্রোধ সংবরণ করা সম্ভব হয় না।
আর যে ব্যক্তি কেবল পানাহারের মধ্যে আল্লাহর নেয়ামত দেখতে পায়, অন্যকিছুতে আল্লাহর নেয়ামত খুঁজে পায় না, বুঝতে হবে তার জ্ঞানের স্বল্পতা রয়েছে এবং দুনিয়াতে সে আজাবের সম্মুখীন হয়ে গেছে। যে ব্যক্তি দুনিয়া থেকে অমুখাপেক্ষী হতে পারে না সে আসলে দুনিয়ার কিছুই অর্জন করতে পারে না।
টিকাঃ
[৭৪৬] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৬৬
📄 দুনিয়া যে কারণে আল্লাহর নিকট তুচ্ছ
আবু দারদা রা. বলেন, আল্লাহ তাআলার নিকট দুনিয়া তুচ্ছ হওয়ার কারণ হলো, কেবল এতেই তার অবাধ্যতা করা হয় এবং দুনিয়াকে বিসর্জন দেওয়ার মাধ্যমেই তার পুরস্কার অর্জন করা যায়।
টিকাঃ
[৭৪৭] ইহইয়াউ উলুমিদ্দিন, ৩/৩৭৩