📄 সৎকাজের আদেশ না করার শাস্তি
আবু দারদা রা. বলেন, আপনারা অবশ্যই মানুষকে সৎকাজের আদেশ করবেন এবং অসৎকাজ থেকে নিষেধ করবেন। অন্যথায় আল্লাহ তাআলা আপনাদের ওপর এমন জালেম শাসক চাপিয়ে দেবেন, যে আপনাদের বড়দের সম্মান করবে না এবং ছোটদের প্রতি রহম করবে না। তখন আপনাদের মহান ব্যক্তিরা তার বিরুদ্ধে বদদুআ করলেও তা কবুল হবে না। আপনারা আল্লাহর নিকট সাহায্য চাইবেন কিন্তু আপনাদের সাহায্য করা হবে না। তার নিকট ক্ষমা চাইবেন কিন্তু তিনি আপনাদের ক্ষমা করবেন না।
টিকাঃ
[৭৪২] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৬৩
📄 একটিমাত্র মাসআলা শিক্ষা লাভ করা
আবু দারদা রা. বলেন, রাতভরে নামাজ পড়ার চেয়ে কোনো একটি মাসআলা শিক্ষা করাও আমার কাছে অধিক প্রিয়।
টিকাঃ
[৭৪৩] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/১৭
📄 তিন এক জগতের মানুষের সাথে
আবু দারদা রা. বিভিন্ন সময় কবরের পাশে গিয়ে বসে থাকতেন। তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি তো এমন লোকদের নিকট গিয়ে বসি যারা আমাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় আর যখন তাদের ছেড়ে চলে আসি তখন অন্য লোকদের মতো তারা আমার গিবত করে না।
টিকাঃ
[৭৪৪] ইহইয়াউ উলুমিদ্দিন, ২/৩০৮
📄 একান্তে উপদেশ দেওয়া
আবু দারদা রা. বলেন, প্রকাশ্যে কাউকে উপদেশ দেওয়ার অর্থ হলো তাকে অপমান করা আর একান্তে উপদেশ দেওয়ার অর্থ হলো তাকে সমৃদ্ধ করে তোলা (তার হিতাকাঙ্ক্ষা কামনা করা)।
টিকাঃ
[৭৪৫] তানবিহুল গাফিলিন, পৃ. ৬৭