📄 অদ্ভুত ভালোবাসা
আবু দারদা রা. বলেন, আমাদের বিত্তশালী ভাইয়েরা আমাদের প্রতি ইনসাফ করেনি। তাদের অনেকেই এসে আমাকে বলে থাকে, আবু দারদা, আমি তো আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি! তারপর আমি যখন তাদেরকে কিছু অর্থসম্পদ দিতে বলি, তখন তারা আমাকে ছেড়ে পলায়ন করে। সম্পৎশালীদের তুলনায় আমাদের মর্যাদার জন্য এটাই যথেষ্ট যে, তারা বিপদ-আপদে পড়লে আমাদের কাছে দৌড়ে ছুটে আসে কিন্তু আমরা কোনো বিপদে পড়লে তাদের কাছে দৌড়ে ছুটে যাই না।
টিকাঃ
[৭৩৭] তানবিহুল মুগতাররিন, পৃ. ১৯৪
📄 আমাদের এবং সম্পদশালীদের মধ্যকার পার্থক্য
আবু দারদা রা. বলেন, অর্থশালীরা যা খায় আমরাও তা খাই, তারা যা পান করে আমরাও তা পান করি, তারা যে পোশাক পরে আমরাও সে পোশাকই পরি। কিন্তু পার্থক্য হলো তাদের রয়েছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, যা কেবল তারা দেখেই যায়, তাদের পাশাপাশি আমরাও যা দেখে থাকি। (অর্থাৎ এ ক্ষেত্রেও আমরা সমান) কিন্তু পরকালে সেই সম্পদের হিসাব দিতে হবে তাদের আর আমরা হব সম্পূর্ণ দায়মুক্ত।
টিকাঃ
[৭৩৮] ইহইয়াউ উলুমিদ্দিন, ১/২২৮
📄 সম্পর্ক ছিন্ন করো না
আবু দারদা রা. বলেন, যখন তোমার পরিচিত কারও অবস্থার পরিবর্তন ঘটে যাবে, সে যখন পূর্বের অবস্থা থেকে বিচ্যুত হয়ে পড়বে, তাহলে এই কারণে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়ো না। কারণ সামনে সে সঠিক পথে ফিরে আসতে পারে।
টিকাঃ
[৭৩৯] ইহইয়াউ উলুমিদ্দিন, ২/২৭৪
📄 জাহেলের আলামত
আবু দারদা রা. বলেন, জাহেল বা মূর্খের আলামত তিনটি। অহমিকা, অনর্থক বিষয়ে অধিক পরিমাণে কথা বলা আর অন্যদেরকে কোনোকিছু থেকে নিষেধ করে নিজেই তাতে জড়িয়ে পড়া।
টিকাঃ
[৭৪০] আল-ইকদুল ফারিদ, ২/২১১