📄 প্রবৃত্তির অনুসরণ
আবু দারদা রা. দামেশকের অধিবাসীদের বলেন, আপনারা কি এতে সন্তুষ্ট হয়ে গেলেন যে, বছরের পর বছর পেটভরে আহার করে যাবেন আর নিজেদের মজলিসগুলোয় আল্লাহর জিকিরটুকু করবেন না? কী হলো আপনাদের যে, আপনাদের আলেমগণ বিদায় নিয়ে যাচ্ছেন অথচ জাহেল-মূর্খরা ইলম শিখছে না? জাহেল লোকেরা তো চাইলেই আলেমদের কাছে গিয়ে ইলম অর্জন করতে পারে। যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ! যত জাতি ধ্বংস হয়েছে তাদের ধ্বংসের কারণ ছিল কেবল প্রবৃত্তির অনুসরণ করে যাওয়া এবং নিজেদেরকে নির্দোষ মনে করা।"
টিকাঃ
[৭৩২] হিলয়াতুল আউলিয়া, ১/২২২
📄 প্রবৃত্তির তাড়না বিপদ ডেকে আনে
এমন বহু মানুষ রয়েছে যারা নফসকে সম্মান করতে গিয়ে তাকে অপমান করে ছাড়ছে। নফসের এমন বহু চাহিদা রয়েছে যা ক্ষণিকের জন্য ব্যক্তিকে আনন্দ দেয় কিন্তু তা ডেকে নিয়ে আসে দীর্ঘকালীন দুঃখ।
টিকাঃ
[৭৩৩] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৩৪৪
📄 সালামের হাদিয়া
এক ব্যক্তি হজরত আবু দারদা রা.-কে বলে, অমুক ব্যক্তি আপনাকে সালাম পাঠিয়েছেন। তিনি উত্তরে বলেন, এটা তো ভালো হাদিয়া। একে বহন করে আনাও সহজ।"
টিকাঃ
[৭৩৪] আল-বায়ান ওয়াত-তাবয়িন, ২/১০২
📄 মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করা
আবু দারদা রা. বলেন, যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করেও আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তার ব্যাপারটি মানুষের ওপর ছেড়ে দেন।
টিকাঃ
[৭৩৫] আল-ইকদুল ফারিদ, ১/৬৪