📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 নির্বোধ লোকদের রোজা

📄 নির্বোধ লোকদের রোজা


আবু দারদা রা. বলেন, হায়রে, যে-সকল বুদ্ধিমান লোকেরা ঘুমিয়ে আর খেয়েদেয়ে দিন কাটায় তারা কীভাবে তাদের দৃষ্টিতে আহাম্মক লোকদের নির্ঘুম রাত্রিযাপন এবং রোজা রেখে অনাহারে দিন কাটিয়ে দেওয়াকে নীচু দৃষ্টিকোণ থেকে দেখে, অথচ অণু পরিমাণ খোদাভীরুতা এবং ইয়াকিনও আল্লাহ তাআলার নিকট অহংকারী লোকদের পাহাড় পরিমাণ ইবাদত-বন্দেগির চেয়েও মর্যাদাবান ও শ্রেষ্ঠ।

টিকাঃ
[৭২৯] হিলয়াতুল আউলিয়া, ১/২১১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যদি তিনটি বিষয় না হতো

📄 যদি তিনটি বিষয় না হতো


আব্বাস ইবনে খুলাইদ বলেন, হজরত আবু দারদা রা. বলেছেন, যদি তিনটি বিষয় না থাকত তাহলে আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাইতাম না। আমি জিজ্ঞেস করলাম, সে বিষয়গুলো কী? তিনি বলেন, দিবস ও রজনীর পালাবদলে আমার সৃষ্টিকর্তার দরবারে সেজদায় লুটিয়ে পড়া, দ্বিপ্রহরের কঠিন সময়ে তৃষ্ণা নিবারণ করা এবং সে সকল লোকদের মজলিসে বসা যারা ফল বাছাই করার মতোই উত্তম উত্তম কথামালা বাছাই করে বলে থাকেন।
পূর্ণাঙ্গ তাকওয়া হলো, বান্দা সর্ববিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করবে, এমনকি অণু পরিমাণ বিষয়ের ক্ষেত্রেও তাকে ভয় করবে। তাই হারাম হওয়ার আশঙ্কায় হালাল বিষয় পরিত্যাগ করবে। এভাবে সতর্কভাবে চলাটাই তাকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারে।
জেনে রাখো, আল্লাহ তাআলা মানুষের পরিণাম বলে দিয়েছেন। তিনি বলেছেন,
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّايَرَهُ
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। (সুরা যিলযাল, ৭-৮) তাই তুচ্ছ মনে করে কোনো অসৎকাজও জড়ানো যাবে না আর তুচ্ছ মনে করে কোনো কল্যাণকাজও বাদ দেওয়া যাবে না।

টিকাঃ
[৭৩০] আয-যুহদুল কাবির, ক্রমিক নম্বর, ৮৭০

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 জিহ্বা

📄 জিহ্বা


আবু দারদা রা. বলেন, আল্লাহ তাআলার নিকট মুমিনের জিহ্বার চেয়ে প্রিয় কোনো অঙ্গ নেই। জিহ্বার কারণে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তেমনই কাফেরের অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে তার জিহ্বার চেয়ে আল্লাহর নিকট অধিক নিকৃষ্ট কোনো অঙ্গ নেই। এই জিহ্বার কারণেই তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন।

টিকাঃ
[৭৩১] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭৩

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 প্রবৃত্তির অনুসরণ

📄 প্রবৃত্তির অনুসরণ


আবু দারদা রা. দামেশকের অধিবাসীদের বলেন, আপনারা কি এতে সন্তুষ্ট হয়ে গেলেন যে, বছরের পর বছর পেটভরে আহার করে যাবেন আর নিজেদের মজলিসগুলোয় আল্লাহর জিকিরটুকু করবেন না? কী হলো আপনাদের যে, আপনাদের আলেমগণ বিদায় নিয়ে যাচ্ছেন অথচ জাহেল-মূর্খরা ইলম শিখছে না? জাহেল লোকেরা তো চাইলেই আলেমদের কাছে গিয়ে ইলম অর্জন করতে পারে। যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ! যত জাতি ধ্বংস হয়েছে তাদের ধ্বংসের কারণ ছিল কেবল প্রবৃত্তির অনুসরণ করে যাওয়া এবং নিজেদেরকে নির্দোষ মনে করা।"

টিকাঃ
[৭৩২] হিলয়াতুল আউলিয়া, ১/২২২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00