📄 ঘরবাড়ি নির্মাণ
হজরত আবু দারদা এমন কিছু লোকের পাশ দিয়ে একবার পথ অতিক্রম করেন যারা ঘরবাড়ি নির্মাণ করছিল। তিনি তখন তাদের উদ্দেশ করে বলেন, আশ্চর্য! তোমরা এমন দুনিয়া নির্মাণ করছ আল্লাহ তাআলা যাকে বিরান করে দিতে চান! আর আল্লাহ তো আপন ইচ্ছার ব্যাপারে প্রবল।
মাকহুল বলেন, হজরত আবু দারদা রা. বিভিন্ন ধ্বংসস্তূপে যেতেন এবং বলতেন, ওহে ধ্বংসস্তূপ! তোমার পূর্ববর্তী অধিবাসীরা কোথায় হারিয়ে গেল?
টিকাঃ
[৭২৩] হিলয়াতুল আউলিয়া, ১/২১৮
📄 সম্পদশালীরা
আবু দারদা রা. বলেন, হে সম্পৎশালীরা! মৃত্যু আসার আগেই আপনারা আল্লাহর রাস্তায় নিজেদের অর্থসম্পদ খরচ করুন।
টিকাঃ
[৭২৪] হিলয়াতুল আউলিয়া, ১/২১৮
📄 এটা আল্লাহর নেয়ামত
আবু দারদা রা. বলেন, যখন আমি অপবাদমুক্ত অবস্থায় সকাল করি তখন আমি একে আল্লাহর নেয়ামত বলেই মনে করি।
টিকাঃ
[৭২৫] হিলয়াতুল আউলিয়া, ১/২২০
📄 অসিয়ত
এক ব্যক্তি হজরত আবু দারদা রা.-কে বলে, আপনি আমাকে এমন একটি বিষয় বলে দিন যার মাধ্যমে আল্লাহ তা'আলা আমাকে উপকৃত করবেন। তিনি তখন বলেন,
* একমাত্র হালাল খাবার গ্রহণ করবে।
* কেবল হালাল সম্পদ উপার্জন করবে।
* ঘরে কেবল হালাল বস্তু নিয়ে আসবে।
* আল্লাহর নিকট আবেদন করবে যেন তিনি তোমাকে প্রতিদিনের রিজিক প্রদান করেন।
* প্রতিদিন সকালে উঠে নিজেকে একজন মৃত বলে মনে করবে, মনে করবে যেন তুমি তাদের সাথে যুক্ত হয়ে গেছ।
* তোমার মানসম্মানের পুরোটা আল্লাহর কাছে সোপর্দ করে দাও। তাই যদি কেউ তোমাকে গালিগালাজ করে কিংবা তোমার সঙ্গে লড়াই করতে আসে তাহলে তার বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দাও।
* আর কোনো মন্দ কাজ করে ফেললে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করবে।
টিকাঃ
[৭২৬] তাহযিবু তারিখি দিমাশক, ১/১৭৭