📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 তখন তার দ্বীন-ধর্মের কী আর বাকি থাকবে

📄 তখন তার দ্বীন-ধর্মের কী আর বাকি থাকবে


ইয়াজিদ ইবনে মুআবিয়া হজরত আবু দারদা রা.-এর মেয়ে দারদার ব্যাপারে তার কাছে প্রস্তাব পাঠালে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর হজরত আবু দারদা রা.-এর এক সাথি প্রস্তাব পাঠায়। তিনি এতে সম্মত হয়ে যান। প্রস্তাবদাতা তার সঙ্গী তখন এ বলে চলে যান যে, তাহলে আমাকে ওঠার অনুমতি দিন, আল্লাহ আপনার মঙ্গল করুন। আবু দারদা এরপর তার কাছেই নিজের মেয়েকে বিয়ে দেন।
বর্ণনাকারী বলেন, তখন লোকেরা বলাবলি করতে লাগল যে, ইয়াজিদের মতো লোক প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু আবু দারদা তা প্রত্যাখ্যান করে দিয়েছেন আর এক গরিব লোক প্রস্তাব দিয়েছে, তিনি তাতে রাজি হয়ে গেছেন! আবু দারদা রা. তখন বলেন, আমি তো আমার মেয়ে দারদার প্রতি লক্ষ করেই এমন সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের কী ধারণা হয়, দারদার সেবার জন্য যখন খোজারা উপস্থিত হবে আর সে থাকবে আলোকোজ্জ্বল ঝলমলে বাড়িতে, তখন কি আর তার দ্বীন-ধর্ম বাকি থাকবে?!

টিকাঃ
[৭১৪] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭১

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 চুপ থাকা

📄 চুপ থাকা


আবু দারদা রা. বলেন, মুখের চেয়ে বেশি হেফাজত করবে কানকে। কারণ কানের প্রয়োজন বেশি থাকায় আল্লাহ তাআলা দুটি কান দিয়েছেন, পক্ষান্তরে মুখ দিয়েছেন একটি।

টিকাঃ
[৭১৫] আল-ইকদুল ফারিদ, ২/২৮৪

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আলেমের পদস্খলন

📄 আলেমের পদস্খলন


আবু দারদা রা. বলেন, আমি আপনাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি কোনো আলেমের পদস্খলন ঘটার এবং কুরআন কারিমের ব্যাপারে মুনাফিকদের তর্কবিতর্কের। অথচ কুরআন কারিম সম্পূর্ণ সত্য আর এর ওপর রয়েছে রাস্তায় লাগানো দিকনির্দেশক চিহ্নের মতো বিভিন্ন চিহ্ন।

টিকাঃ
[৭১৬] হিলয়াতুল আউলিয়া, ১/২১৯

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ১০০ গোলাম আজাদ করে দিয়েছেন

📄 ১০০ গোলাম আজাদ করে দিয়েছেন


হজরত আবু দারদা রা.-কে বলা হলো, আবু সায়িদ ইবনে মুনাব্বিহ তো ১০০ গোলাম আজাদ করে দিয়েছেন! তখন তিনি বলেন, ১০০ গোলাম তো অনেক বড় ব্যাপার, তবে তুমি চাইলে আমি তোমাকে এর চেয়েও বড় ও শ্রেষ্ঠ সংবাদ দিতে পারি। দিবারাত্রি ঈমানের ওপর থাকবে আর তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরের মাধ্যমে সিঞ্চিত করে রাখবে।

টিকাঃ
[৭১৭] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00