📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 আল্লাহর অবাধ্যতা

📄 আল্লাহর অবাধ্যতা


আবু দারদা রা. বলেন, সাবধান! যেন কারও অজান্তেই তার প্রতি মুমিনদের অন্তরগুলো বিদ্বেষী না হয়ে যায়। বলা হলো, এমনটা কীভাবে হতে পারে? তিনি বলেন, কেউ যখন আল্লাহর অবাধ্যতা করতে থাকে আল্লাহ তাআলা তখন তার অজান্তেই মুমিনদের অন্তরে তার প্রতি ঘৃণা-বিদ্বেষ ঢেলে দেন।

টিকাঃ
[৭০৯] তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭২

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 পড়ে থাকা শস্য কুড়িয়ে এনে খাবে

📄 পড়ে থাকা শস্য কুড়িয়ে এনে খাবে


উম্মে দারদা একদিন হজরত আবু দারদা রা.-কে বলেন, আপনার মৃত্যুর পর যদি আমি প্রয়োজনগ্রস্ত হয়ে যাই তাহলে কি জাকাত খেতে পারব? তিনি বলেন, না; বরং কাজ করে খাবে। উম্মে দারদা তখন বলেন, যদি কাজ করতেও অক্ষম হয়ে যাই তাহলে? আবু দারদা রা. বলেন, তাহলে পড়ে থাকা শস্য কুড়িয়ে এনে তা খাবে, তবুও জাকাত খাবে না।

টিকাঃ
[৭১০] সিফাতুস সাফওয়া, ১/৩২৫। ইমাম আহমাদ রচিত আয-যুহদে এসেছে, তিনি তখন উম্মে দারদাকে বলেছেন, প্রয়োজনগ্রস্ত হয়ে পড়লে তুমি ফসল কর্তনকারীদের জায়গায় যাবে। তাদের যেসব ফসল পড়ে থাকবে তা কুড়িয়ে এনে পিষে রুটি বানিয়ে খাবে। তবুও মানুষের নিকট কখনো হাত পাতবে না। ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 যাদের বোঝা হবে হালকা

📄 যাদের বোঝা হবে হালকা


উম্মে দারদা একবার হজরত আবু দারদা রা.-এর কাছে নিজের প্রয়োজনের কথা বললে আবু দারদা বলেন, ধৈর্যধারণ করো। কারণ আমাদের সামনে রয়েছে অত্যন্ত কঠিন এক ঘাঁটি, যা কেবল ওই ব্যক্তিরাই অতিক্রম করতে পারবে যাদের বোঝা হবে হালকা।

টিকাঃ
[৭১১] আল-ইকদুল ফারিদ, ৩/১২৫

📘 মাওয়ায়েজে সাহাবা (সাহাবিদের অনুপম কথামালা) > 📄 ইলম ও আমল

📄 ইলম ও আমল


আবু দারদা রা. বলেন, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ যে সামান্যতম জ্ঞান অর্জন করেনি। আসলে আল্লাহ তাআলা চাইলে সে জ্ঞান অর্জন করতে পারত।
দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে জ্ঞান অর্জন করেছে কিন্তু সেই অনুযায়ী আমল করে না। এই কথাটি তিনি সাতবার বলেন।
তিনি বলেন, আমি সবচেয়ে বেশি আশঙ্কা করি যে, হিসাবের কাঠগড়ায় দাঁড় করানোর পর আমাকে বলা হবে, তুমি তো ইলম অর্জন করেছিলে কিন্তু সে অনুযায়ী কি আমল করেছ?!

টিকাঃ
[৭১২] সিফাতুস সাফওয়া, ১/৩১৮
[৭১৩] ইমাম আহমাদ কৃত আয-যুহদ, পৃ. ১৭০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00