📄 আহনাফ বিন কায়েসের নসিহত
আহনাফ আরবের মশহুর সরদার ছিলেন। তিনি শান-শওকত, বিজ্ঞতা, ধৈর্য ও স্থৈর্যের জন্য আরবে খুব প্রসিদ্ধ ছিলেন। হযরত মাবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে খুব শ্রদ্ধা করতেন এবং বলতেন, এ ব্যক্তি যদি বিগড়ে যায়, তাহলে বুঝবে যে এক লাখ আরব বিগড়ে গেছে।
একবার হযরত মাবিয়া রাদিয়াল্লাহু আনহু তাঁকে ডেকে পাঠালেন। যখন তিনি তাশরীফ রাখলেন, তখন জিজ্ঞেস করলেন, আবু বাহার! সন্তানের সাথে আচরণের ব্যাপারে আপনার রায় কি?
আহনাফ বিন কায়েস বললেনঃ "সন্তান আমাদের অন্তরের আকাঙ্ক্ষার ফল এবং কোমরের শক্তি। আমরা তার জন্য জমিনের মতো। যা অত্যন্ত নরম এবং সম্পূর্ণ ক্ষতিহীন। আমাদের অস্তিত্ব তার জন্য সে আকাশের মতো যা তার উপর ছায়া করে আছে। আমরা তার সাহায্যেই বড়ো বড়ো কাজ আনজাম দেয়ার হিম্মত করি। অতএব, সন্তান যদি আপনার নিকট কিছু দাবী করে তাহলে হৃষ্টচিত্তে তা পূরণ করুন। যদি সে দুশ্চিন্তাগ্রস্ত হয় তাহলে তার দুশ্চিন্তা দূর করুন। আপনি দেখবেন যে, সে আপনাকে ভালোবাসবে। আপনার পিতৃসুলভ প্রচেষ্টাকে পসন্দ করবে। আপনি কখনো তার অসহ্য বোঝা হয়ে দাঁড়াবেন না। তাতে সে আপনার প্রতি বিরক্ত হবে আপনার মৃত্যু কামনা করবে এবং আপনার নিকটে আসতে ঘৃণা করবে।"