📄 মুসলমান মহিলাদের স্বাতন্ত্র্য
মহিলাদের চিন্তাধারা যদি ইসলামী হয়, তাহলে দুঃখ-কষ্ট সহ্যের প্রতিটি স্তরে সে আল্লাহর পথে জিহাদে লিপ্ত বলে চিন্তা করে থাকে। সর্বোপারি সে মনে করে যে, সে ইবাদাতে মশগুল আছে। ইসলাম প্রতিটি মহিলার অন্তরে এ আস্থা সৃষ্টি করে যে, মহিলাদের এ শারীরিক ও প্রকৃতিগত কাজ, প্রতিদান এবং তার উপকারিতা শুধুমাত্র এ নশ্বর জগতেই সীমাবদ্ধ নয় এবং তার দুঃখ-কষ্ট, ত্যাগ ও কুরবানীর প্রতিটি কাজ আল্লাহর দৃষ্টিতে ইবাদাত ও জিহাদের সমতুল্য। প্রত্যেক মহিলা যারা এসব মুসিবত সহ্য করে এবং সন্তানদের জন্য কুরবানী প্রদান করে প্রকৃতপক্ষে তারা জিহাদে তৎপর এবং আল্লাহর ইবাদাতে ব্যাপৃত থাকে। এ জিহাদ ও ইবাদাতের পার্থিব ফায়দাও আছে। কিন্তু মুসলমান মহিলাদের দৃষ্টি চিরকালীন নেয়ামতসমূহের প্রতিও নিবন্ধ থাকে। আর এ সকল নেয়ামত পরকালীন জীবনে লাভ হবে। মুসলমান মহিলার স্বাতন্ত্র হলো, সন্তানদের জন্য বিভিন্ন দুঃখ-কষ্ট সহ্য করে, নিজের সাধ-আহলাদ, আবেগ এবং রূপ-যৌবন কুরবানী করে, বদলায় সে শুধু পার্থিব উপকারই লাভ করে না (এ পার্থিব লাভ কখনো হয়, আবার কখনো হয় না) বরং পরকালের চিরকালীন জীবনে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ করবে। জান্নাতও সে জান্নাত যেখানে তার প্রতিটি ইচ্ছা পূরণ করা হবে। প্রত্যেকটি আবেগ পূরণের সরঞ্জাম সরবরাহ করা হবে এবং তাকে এমন রূপ ও যৌবন দান করা হবে যা কখনো নষ্ট হবে না। আর এ রূপ-যৌবন বার্ধক্যের আশংকামুক্ত থাকবে।
ইসলামী ধ্যান-ধারণার একটি উত্তম দিক হলো, মুসলমান মহিলা যদিও সুন্দরভাবে দায়িত্ব পালনের পর দুর্ভাগ্যবশত পার্থিব মঙ্গল থেকে বঞ্চিতও হয় তাহলেও সে নিরাশ হয় না এবং দায়িত্ব পালনেও কুণ্ঠাবোধ করে না। সে অত্যন্ত হৃষ্টচিত্তে শান্তি ও আন্তরিক আবেগের সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখে। সন্তানদের জন্য সকল ধরনের দুঃখ সহ্য এবং ত্যাগ স্বীকারের পরও যদি সে সন্তানদের নিকট থেকে কোনো সুখ না পায় ও সন্তানরা যদি তার আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নকে ভেঙ্গে খান খানও করে দেয়, তবুও সে নিরাশার শিকারে পরিণত হয়ে নিজের কাজে লজ্জিত হয় না। এ প্রশ্নে ভবিষ্যতের জন্যেও সে ভুল চিন্তা করে না। কেননা সে অবগত যে, মুমিন মহিলার আসল এবং প্রকৃত সাফল্য হলো পরকালীন সাফল্য। একথা ভেবে সে সবসময় সান্ত্বনা পায় যে, আল্লাহ আখেরাতে তার কাজের বদলা দেবেন। আর এ বদলা এতো পরিমাণ হবে যে, তাতে পস্তানোর কোনো প্রশ্নই নেই। সেখানকার প্রতিদান ছিনিয়ে নেয়ারও কোনো আশংকা থাকবে না। এজন্য সারাটা জীবনে সে সকল কাজকে ইবাদাত ও আল্লাহর পথে জিহাদ মনে করে তৎপর থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন:
الْمَرْأَةُ إِذَا حَمِلَتْ كَانَ لَهَا أَجْرُ الصَّائِمِ الْقَائِمِ الْمُخْبِتِ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ وَإِذَا ضَرَبَهَا الطَّلَقُ فَلَا تَدرِى الْخَلَائِقُ مَا لَهَا مِنَ الْأَجْرِ وَإِذَا وَضَعَتْ كَانَ لَهَا بِكُلِّ مَضَةٍ أَوْرَضْعَةٍ أَجْرُ نَفْسٍ تُحْيِيهَا وَإِذَا أَفْطَمَت ضَرَبَ الْمَلِكِ عَلَى مَنْكَبِهَا وَقَالَ إِسْتَائِفِي الْحَمَلَ - كنز العمال
"মহিলা যখন আশায় থাকে, তখন গর্ভ ধারণের পুরো সময়টাই সে প্রতিদান ও সওয়াব পায় যেমন সওয়াব ও প্রতিদান একজন রোযাদার, রাত জাগরণকারী, আনুগত্যকারী এবং আল্লাহর রাস্তায় জিহাদকারী বান্দাহ পেয়ে থাকে। এবং শিশু ভূমিষ্ঠ হবার সময়কার কষ্টের বিনিময়ে যে প্রতিদান ও সওয়াব তা আন্দাজ সৃষ্টজীব করতে পারে না। সে সওয়াব যে কি এবং কতো তা ধারণাই করা যায় না। মহিলার চীৎকারের পর যখন শিশু জন্ম নেয় (এবং সে তাকে নিজের দুধ পান করিয়ে পালন করে) তখন দুধের প্রতিটি ঢোকে সে সেই সওয়াব ও প্রতিদান পায় যা একজনকে জীবনদানের জন্য পাওয়া যায়। এবং যখন (নির্দিষ্ট সময় পর্যন্ত দুধ পান করিয়ে) দুধ ছাড়ানো হয় তখন আল্লাহর ফেরেশতা (সম্মান ও ভালোবাসায়) তার কাঁধে হাত রেখে তাকে বলতে থাকে (আল্লাহর দাসী!) এখন দ্বিতীয়বার গর্ভ ধারণের জন্য প্রস্তুতি নাও।"
📄 মা’র আশা-আকাঙ্ক্ষা
যে মহিলা বার বার নিজের জীবনকে বিপদসংকুল করে, শরীর ও জীবনী শক্তিকে ঘুলিয়ে ঘুলিয়ে সন্তান জন্ম দেয় ও লালন-পালন করে সে স্বাভাবিকভাবেই সে সন্তানের নিকট কিছু আশা করে। আন্তরিক আকাঙ্ক্ষা থাকে যে, তার সন্তানদের ভবিষ্যত শানদার হোক, ভাগ্যবান হোক, খিদমত গুজার হোক, মা'র চিন্তাধারা ও আদর্শ অনুযায়ী উত্তম ভবিষ্যত গঠনকারী হোক, মাতা-পিতার দীন ও সভ্যতার সংরক্ষক হোক, নজীরবিহীন অনুগত হোক। যখন সে অবলোকন করে যে, সন্তানরা তার স্বপ্ন-সাধকে বাস্তবে রূপায়িত করছে ও ইচ্ছানুযায়ী লালিত পালিত হচ্ছে এবং আল্লাহ তাদেরকে উৎকর্ষের চরম পর্যায়ে উত্থিত করেছে তখন তার আনন্দ ও গৌরবের সীমা-পরিসীমা থাকে না।
📄 সন্তানদের সম্পর্কে সাধারণ অভিযোগ
কিন্তু এ সন্তান যাদের খিদমতে দুর্বল মা রাত-দিন ব্যস্ত থেকে শরীর ও জীবনের শক্তি ব্যয় এবং হাত প্রসারিত করে সবসময় দোয়া করে থাকে, তারাই যদি মায়ের স্বপ্ন-সাধ ও আশা-আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেয় এবং নাফরমান ও বিদ্রোহী হয় তাহলে সে মা'র কি অবস্থা দাঁড়ায়। তার মানসিক ও অন্তরের জ্বালা এবং যাতনা কথা দিয়ে প্রকাশ করা যায় না।
বর্তমান যুগে কতিপয় ভাগ্যবান পরিবার ছাড়া প্রতিটি পরিবারে একই ক্রন্দন এবং হা-হুতাশ। সকলেরই একই বক্তব্য সন্তানদের অবস্থা অবর্ণনীয়। পুত্র হোক অথবা কন্যা হোক মাতা-পিতার অধিকার সম্পর্কে তারা গাফেল। মাতা-পিতার প্রতি সম্মান ও সম্ভ্রম প্রদর্শন এবং আনুগত্য প্রকাশ একদমই তাদের ধাঁতে নেই। মনে হয় মাতা-পিতার সাথে আচরণ, সন্তুষ্টি, খিদমত, সম্মান প্রদর্শন, আবেগ-অনুভূতির প্রতি দৃষ্টি রাখা ইত্যাদি যেন অর্থহীন কথা। একটি সাধারণ অভিযোগ হলো, সন্তানরা অকৃতজ্ঞ ও বিদ্রোহী হয়ে উঠছে। যে মজলিশেই বসুন, যে গৃহেই যান একই কথা শুনতে পাবেন এবং মাতা-পিতাকে একই ব্যাপারে ক্রন্দনরত দেখতে পাবেন। অতপর কিছু বয়স্ক বৃদ্ধা নিজেদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে থাকবেন, আরে বেটি! আমাদের সময়ে কি সন্তানরা মাতা-পিতার সামনে উঁচু স্বরে কথা বলতে পারতো! এরপর খারাপ পারিপার্শ্বিকতা, রঙিন কাল, ভুল ও খারাপ চিন্তাধারার প্রসার, অশ্লীল সাহিত্য, নৈতিকতা বিবর্জিত শিক্ষা ইত্যাদির লম্বা কাহিনী শুরু হয়ে যায়। প্রত্যেক মহিলা এক ধরনের শান্তি অনুভব করে চিন্তা করতে থাকে যে, এ অবস্থায় এছাড়া আর কি হতে পারে। মাতা-পিতার আর কি করণীয় থাকতে পারে। এ পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক।
📄 মাতা-পিতার চিন্তার বিষয়
নিসন্দেহে মাতা-পিতার সামর্থ্যে সবকিছু থাকে না। কিন্তু নিজেদের ভূমিকা সম্পর্কে চিন্তা-ভাবনা করার সামর্থ্য তো তাদের আছে। আল্লাহর দীনের আলোকে নিজেদের কাজ পর্যালোচনা করে দেখতে হবে যে, সন্তানদের শিক্ষা, প্রশিক্ষণ ও লালন-পালনের ব্যাপারে আল্লাহ মা'র উপর যে দায়িত্ব ন্যস্ত করেছেন তা পালনে কোনো ত্রুটি হচ্ছে নাতো? সন্তানদের ভবিষ্যত জীবন সম্পর্কে আপনাদের আশা-আকাঙ্ক্ষায় কোনো জটিলতা নেই তো? আল্লাহ তাদের যে অধিকার প্রদান করেছেন তা প্রদানে কোনো কমতি করছেন না তো? সন্তানরা তখনই আপনার আশা- আকাঙ্ক্ষা পূরণ করতে পারে যখন আপনিও তাদের অধিকার সম্পর্কে গাফেল না হন। সন্তানকে আপনি যে নৈতিক চরিত্রে বিভূষিত দেখতে চান, যে ধরনের সৌভাগ্যবান, খিদমত গুজার, অনুগত এবং সুন্দর আচরণের অধিকারী আশা করেন তা পূরণ হতে পারে। আপনি যদি সেসব দায়িত্ব অনুভব করেন এবং তনু-মন-ধন দিয়ে তা পূরণ করেন।
সন্তানের অবাধ্যতা এবং বিদ্রোহ নিসন্দেহে দুঃখের ব্যাপার। কিন্তু এটাও চিন্তার বিষয় যে, তাদের এ অবস্থা মাতা-পিতার গাফলতি ও দায়িত্ব সচেতনতার অভাবের ফলশ্রুতি কিনা। সে সন্তান আপনার অধিকার সম্পর্কে কি করে চিন্তা করবে যাকে আপনি অধিকারের অনুভূতিই দেননি। সে সন্তান মাতা-পিতার খিদমত ও সম্ভ্রমের কথা কিভাবে চিন্তা করতে পারে যাকে কোনো সময় বলাই হয়নি যে, মাতা-পিতার খিদমত ও সম্মান করা সন্তানের উপর ফরয। আপনি যদি তাদের আবেগ ও অনুভূতির কথা খেয়াল না করেন তাহলে তারা আপনার আবেগ ও অনুভূতির খেয়াল রাখা কার কাছ থেকে শিখবে। আপনি যদি তাদের ভালো না বাসেন এবং নিজের আচরণ দিয়ে তাদেরকে এটা বুঝিয়ে থাকেন যে, তাদের লালন- পালনের কষ্টের তুলনায় তাদের মৃত্যুই বেশী পসন্দ করেন; তাহলে তারা আপনাকে ভালোবাসা ও আপনার খিদমত করার কথা কিভাবে চিন্তা করবে। আপনি যদি নিজের আরাম-আয়েশের সবকিছু বুঝে থাকেন এবং তাদের প্রয়োজনের কথা ভুলে গিয়ে থাকেন তাহলে আপনার প্রয়োজনের অনুভূতি তাদের কোথেকে আসবে। আপনি যদি সমাজ সংস্কার, সভ্যতা ও সংস্কৃতি গঠনে কোনো বিশেষ আদর্শের ধারক-বাহক হন, তাহলে সে আদর্শের মর্যাদা তাদের অন্তরে প্রতিষ্ঠা না করে তাদেরকে সে আদর্শের ধারক-বাহক কিভাবে হতে বলেন। সন্তানদের নিকট থেকে সে আশাই করুন যার জন্য তাদেরকে তৈরি করেছেন এবং সে ধরনের আচরণই আশা করুন যে ধরনের আচরণ তাদের সাথে করেছেন।