📄 শয়তান ইসলামের অনুসারীদের বিরুদ্ধে তার ভক্ত বন্ধুদের লেলিয়ে দেয়
যেসব লোক ইসলামের প্রচলন, অনুসরণ ও বাস্তবায়নকে পছন্দ করেনা, শয়তান তাদের বন্ধু হয়ে যায়। সে তাদেরকে ইসলামের অনুসারীদের শত্রুতা ও বিরুদ্ধাচরণে উস্কে দেয়। আল্লাহ তায়ালা বলেন :
وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ.
অর্থ: নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদে লিপ্ত হতে (to dispute with you) অহি করে (উস্কে দেয়)। তোমরা যদি তাদের আনুগত্য করো, তবে অবশ্যি তোমরা মুশরিক হয়ে যাবে। (সূরা ৬ আল আনআম : আয়াত ১২১)
প্রত্যেক নবী ও তাঁর খাঁটি অনুসারীদের বিরুদ্ধেই জিন শয়তান ও মানুষ শয়তান দুশমনিতে লিপ্ত হয়েছে। তারা পরস্পরকে নবী ও নবীর অনুসারীদের বিরুদ্ধে দুশমনি করতে উস্কে দেয়, লেলিয়ে দেয়:
وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِي عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا .
অর্থ: এভাবে আমরা প্রত্যেক নবীর বিরুদ্ধে মানুষ শয়তান ও জিন শয়তানদের শত্রুতা করার অবকাশ দিয়েছি। তারা পরস্পরকে মনোহরী কথা বলে প্রতারণার উদ্দেশ্যে লেলিয়ে দেয়। (সূরা ৬ আল আনআম: আয়াত ১১২)
📄 শয়তান আল্লাহর নাফরমানি করিয়ে এবং হানাহানি বাধিয়ে দিয়ে কেটে পড়ে
শয়তান মানুষের বন্ধু ও কল্যাণকামী সেজে মানুষকে প্ররোচনা দেয়। আর শয়তানের প্ররোচনায় প্রভাবিত হয়ে কেউ যখন আল্লাহর হুকুম অমান্য করে এবং অপরাধ সংঘটিত করে বসে, তখন শয়তান তাকে ফেলে কেটে পড়ে:
كَمَثَلِ الشَّيْطَانِ إِذْ قَالَ لِلْإِنسَانِ اكْفُرْ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيءٌ مِنكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ . فَكَانَ عَاقِبَتَهُمَا أَنَّهُمَا فِي النَّارِ.
অর্থ: তাদের উপমা হলো শয়তান। শয়তান মানুষকে (প্ররোচনা দিয়ে) বলে : 'কুফুরি (আল্লাহর হুকুম অমান্য) করো।' অতপর সে যখন কুফুরি করে বসে, তখন শয়তান তাকে বলে 'তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তো আল্লাহ রব্বুল আলামীনকে ভয় করি।' ফলে উভয়ের পরিণতিই হবে জাহান্নাম। (সূরা ৫৯ হাশর: আয়াত ১৬-১৭)
শয়তান কিভাবে পরস্পরের মধ্যে বিবাদ ও হানাহানি উস্কে দিয়ে কেটে পড়ে, কুরআন মজিদে আরেক স্থানে মহান আল্লাহ সেকথা এভাবে উল্লেখ করেছেন :
وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّasِ وَإِنِّي جَارٌ لَّكُمْ ۖ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِّنكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ ۚ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ .
অর্থ: স্মরণ করো, শয়তান তাদের দুষ্টকর্মসমূহ তাদের কাছে চমৎকার ও শোভনীয় করে তুলে ধরেছিল। সে (বদরযুদ্ধ উপলক্ষে কুরাইশদের বলেছিল : '(ঝাপিয়ে পড়ো ওদের বিরুদ্ধে), আজ কোনো মানুষই তোমাদের উপর বিজয়ী হবেনা। আমি তোমাদের পাশেই থাকবো।' তারপর উভয় দল যখন পরস্পরের সম্মুখীন হলো, সে পেছন দিক থেকে কেটে পড়লো এবং তাদের (তার অনুসারী কুরাইশদের) বললো: 'তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাওনা। আমি আল্লাহকে ভয় করি। আর আল্লাহ কঠোর শাস্তিদাতা।' (সূরা ৮ আল আনফাল: আয়াত ৪৮)
📄 কিয়ামতের দিন মানুষের উদ্দেশ্যে শয়তানের শেষ বিবৃতি
কিয়ামতের দিন আল্লাহর বিচার ফায়সালা শেষ হবার পর আল্লাহর অনুমতি নিয়ে অভিশপ্ত শয়তান মানুষের উদ্দেশ্যে একটি বিবৃতি প্রদান করবে। মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে কুরআনে সে বিবৃতিটি উল্লেখ করা হয়েছে:
وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ وَمَا كَانَ لِيَ عَلَيْكُم مِّن سُلْطَانٍ إِلَّا أَن دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي فَلَا تَلُومُونِي وَلُومُوا أَنفُسَكُم مَّا أَنَا بِمُصْرِكُمْ وَمَا أَنتُم بِمُصْرِخِيَّ إِنِّي كَفَرْتُ بِمَا أَشْرَكْتُمُونِ مِن قَبْلُ إِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ .
অর্থ: যখন আল্লাহর বিচার ফায়সালা শেষ হবে, তখন শয়তান (একটি বিবৃতি দিয়ে) বলবে: আল্লাহ তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা-ই ছিলো সত্য প্রতিশ্রুতি। আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিলনা; আমি তো কেবল তোমাদের আহবান করেছি, আর তোমরা আমার আহবানে সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করোনা; বরং তোমরা নিজেদেরকেই তিরস্কার করো। আমি (আল্লাহর শাস্তি থেকে) তোমাদের রক্ষা করতে পারবোনা, আর তোমরাও আমাকে রক্ষা করতে পারবেনা। ইতোপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর শরিক ও সমকক্ষ বানিয়ে নিয়েছিলে আমি সেটা (সে মর্যাদা) অস্বীকার করছি। নিশ্চয়ই যালিমদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।” (সূরা ১৪ ইবরাহিম : আয়াত ২২)
📄 শয়তান কাদের বিপথগামী করে এবং সে কাদের বন্ধু ও অভিভাবক?
আমরা এখানে আল কুরআনের কয়েকটি আয়াত উল্লেখ করছি। এ আয়াতগুলো থেকে পরিষ্কার হয়ে যাবে শয়তান কাদেরকে বিপথগামী করে। সে কাদের অভিভাবকত্ব করে এবং কারা তার ভক্ত বন্ধু ও অনুসারী? মহান আল্লাহ বলেন :
هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَن تَنَزَّلُ الشَّيَاطِينُ • تَنَزَّلُ عَلَى كُلِّ أَفَاكَ أَثِيمٍ . يُلْقُونَ السَّمْعَ وَأَكْثَرُهُمْ كَاذِبُونَ
অর্থ: (হে মানুষ!) আমি কি তোমাদের সংবাদ দেবো, শয়তানরা কাদের উপর নাযিল হয় (কাদের ঘাড়ে চেপে বসে)? -তারা চেপে বসে ঘোরতর মিথ্যাবাদী পাপাসক্তদের ঘাড়ে; যারা কান পেতে থাকে এবং মিথ্যা কথা ছড়ায়। (সূরা ২৬ আশ্ শোয়ারা : আয়াত ২২১-২২৩)
أَلَمْ تَرَ أَنَّا أَرْسَلْنَا الشَّيَاطِينَ عَلَى الْكَافِرِينَ تَؤُزُّهُمْ أَنَّا .
অর্থ: তুমি কি দেখোনা, আমি শয়তানদের ছেড়ে রেখেছি; তারা কাফিরদের উপর সওয়ার হয় এবং তাদেরকে মন্দ কর্মে প্রলুব্ধ করে? (সূরা মরিয়ম : ৮৩)
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ . وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ .
অর্থ: তুমি তাদেরকে ঐ ব্যক্তির বৃত্তান্ত পড়ে শুনাও যার কাছে আমি আমার আয়াত পাঠিয়েছিলাম; কিন্তু সে তা বর্জন করে। অতএব শয়তান তার পেছনে লাগে এবং সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি চাইলে তা (আমার আয়াত) দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতে পারতাম; কিন্তু সে (তা বর্জন করে) দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে এবং প্রবৃত্তির অনুসরণ করে। (সূরা ৭: ১৭৫-১৭৬)
إِنَّمَا سُلْطَانُهُ عَلَى الَّذِينَ يَتَوَلَّوْنَهُ وَالَّذِينَ هُم بِهِ مُشْرِكُونَ .
অর্থ : শয়তান তো কেবল তাদের উপরই কর্তৃত্ব ও আধিপত্য করে, যারা তাকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করে, আর যারা আল্লাহ্র সাথে শরিক করে। (সূরা ১৬ আন নহল: আয়াত ১০০)
وَلِتَصْغَىٰ إِلَيْهِ أَفْئِدَةُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوا مَا هُم مُّقْتَرِفُونَ .
অর্থ: যারা আখিরাতে বিশ্বাস করেনা, তাদেরকে নিজের প্রতি অনুরক্ত ও পরিতুষ্ট করা এবং নিজেরা যেসব অপকর্ম করে, তাদেরকে দিয়েও সেসব অপকর্ম করানোর উদ্দেশ্যেই শয়তান কুমন্ত্রণা দেয়। (সূরা আনআম: আয়াত ১১৩)
لِيَجْعَلَ مَا يُلْقِي الشَّيْطَانُ فِتْنَةٌ لِلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ وَالْقَاسِيَةِ قُلُوبُهُمْ .
অর্থ: তিনি এমনটি করেন শয়তানের উদ্ভাবিত সন্দেহকে ঐসব লোকদের জন্যে ফিতনা (পরীক্ষা) বানানোর জন্যে, যাদের অন্তরে রয়েছে ব্যধি এবং যারা পাষন্ড। (সূরা ২২ আল হজ্জ: আয়াত ৫৩)
وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ . وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُم مُّهْتَدُونَ . حَتَّىٰ إِذَا جَاءَنَا قَالَ يَا لَيْتَ بَيْنِي وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِينُ . وَلَن يَنفَعَكُمُ الْيَوْمَ إِذْ ظَلَمْتُمْ أَنَّكُمْ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ . أَفَأَنتَ تُسْمِعُ الصُّمَّ أَوْ تَهْدِي الْعُمْيَ وَمَن كَانَ فِي ضَلَالٍ مُّبِينٍ .
অর্থ: যে কেউ আল্লাহর যিকর (কুরআন এবং আল্লাহ্ ইবাদত) থেকে পৃষ্ঠপ্রদর্শন করে, আমরা তার সাথি-বন্ধু হিসেবে শয়তানকে নিয়োগ করি। তখন তারাই ঐ লোকদেরকে আল্লাহর পথে চলা থেকে বিরত রাখে; অথচ তারা মনে করে তারা সঠিক পথেই চলছে। অবশেষে যখন (কিয়ামতের দিন) আমার কাছে উপস্থিত হবে, তখন সে শয়তানকে বলবে : 'হায়, (পৃথিবীতে) আমার ও তোমার মধ্যে যদি পূর্ব-পশ্চিমের দূরত্ব থাকতো।' কতইনা নিকৃষ্ট সাথি এই শয়তান। (তখন তাদের বলা হবে:) আজ তোমাদের অনুতাপ তোমাদের কোনো কাজেই আসবেনা। যেহেতু তোমরা তো যুলুম-সীমালংঘন করে এসেছো, তাই তোমরা সকলেই আযাবের শরিকদার। (হে নবী!) তুমি কি শুনাতে পারবে বধিরকে? কিংবা পথ দেখাতে পারবে কি অন্ধকে? আর ঐ ব্যক্তিকে যে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত? (সূরা ৪৩ যুখরুফ : আয়াত ৩৬-৪০)
অন্যত্র আল্লাহ তায়ালা বলেন: “তুমি কি তাদের প্রতি লক্ষ্য করোনি, যারা আল্লাহর গযব প্রাপ্ত লোকদের (ইহুদি ও অন্যান্যদের) বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করে? আসলে এরা তাদের দলভুক্তও নয়, তোমাদের দলভুক্তও নয়। তারা জেনে শুনেই মিথ্যা শপথ করে ... ... ...।" ו
অতপর এ লোকদের সম্পর্কে মহান আল্লাহ বলেন :
اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَأَنسَاهُمْ ذِكْرَ اللَّهِ أُولَئِكَ حِزْبُ الشَّيْطَانِ أَلَا إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُونَ .
অর্থ: "শয়তান তাদের উপর প্রভাব ও আধিপত্য বিস্তার করে নিয়েছে। ফলে সে তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। এরাই শয়তানের দল। সাবধান হও, শয়তানের দল অবশ্যি পরাস্ত-ক্ষতিগ্রস্ত হবে।" (সূরা ৫৮ মুজাদালা: আয়াত ১৪-১৯)
শয়তান কাদের বিপথগামী করে? কাদের উপর আধিপত্য করে? কাদের উপর প্রভাব বিস্তার করে? কাদেরকে ধোকা ও প্রতারণার জালে আবদ্ধ করে রাখে? কোন্ ধরনের লোকেরা তার সাথি-বন্ধু? শয়তানই বা কাদের বন্ধু, কাদের অভিভাবক? কাদের পরিচালক? উপরোল্লেখিত আয়াত সমূহের আলোকে এসব প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো ঐসব লোকদের:
০১. যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে এবং ছড়ায়।
০২. যারা পাপকর্ম করে বেড়ায়, যারা পাপাসক্ত।
০৩. যারা গোপন কথা শুনে, রঙ ছড়িয়ে গোপন কথা প্রচার করে।
০৪. যারা কুফুরি এবং আল্লাহদ্রোহীতায় লিপ্ত।
০৫. যারা আল্লাহর আয়াত ও হুকুম বিধান জানতে পেরেও বর্জন করে।
০৬. যারা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে এবং আখিরাতের চাইতে দুনিয়াকে অগ্রাধিকার দেয়।
০৭. যারা প্রবৃত্তি তথা কামনা বাসনার অনুসরণ করে, আত্মার দাসত্ব করে।
০৮. যারা শয়তানকে সাথি, বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করে এবং শয়তানের তাবেদারি করে।
০৯. যারা শিরক-বিদআতে লিপ্ত হয়।
১০. যারা আখিরাতের প্রতি উদাসীন, যারা আখিরাতে বিশ্বাস করেনা।
১১. যারা শয়তানের কুমন্ত্রণায় তার প্রতি অনুরক্ত, পরিতুষ্ট হয় এবং তার প্ররোচনায় কুকর্মে লিপ্ত হয়।
১২. যাদের অন্তরে ব্যাধি (মোনাফেকি, বিদ্বেষ, কুধারণা, অহংকার) আছে।
১৩. যারা পাষন্ড, যাদের অন্তর মানবতাবোধ ও দয়ামায়া শূন্য।
১৪. যারা কুরআন থেকে পৃষ্ঠপ্রদর্শন করে, কুরআন অনুধাবন ও অনুসরণ করেনা।
১৫. যারা আল্লাহর ইবাদতের ব্যাপারে গাফিল।
১৬. যারা সব কাজে আল্লাহকে স্মরণ করেনা।
১৭. যারা ভ্রান্ত পথে চলেও ঠিক পথে আছে বলে মনে করে, যারা সত্য মিথ্যা ও ন্যায় অন্যায় যাচাই করেনা।
১৮. যারা সত্যকে শুনার ও বুঝার ক্ষেত্রে বধিরের মতো ভূমিকা পালন করে।
১৯. সত্যকে দেখা ও মূল্যায়ণ করার ক্ষেত্রে অন্ধের মতো ভূমিকা গ্রহণ করে।
২০. যারা ইহুদি, (খৃষ্টান) ও আল্লাহর গযবে নিমজ্জিত লোকদের বন্ধু, পৃষ্ঠপোষক ও অভিভাবক হিসেবে গ্রহণ করে।
২১. যারা মিথ্যা শপথ করে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়।
২২. যারা শয়তানের দলভুক্ত হয়েছে।
-এসব লোকদের ঘাড়েই সওয়ার হয় শয়তান। সে তাদের গলায় রশি আর নাকে লাগাম লাগিয়ে ঘুরাতে থাকে আল্লাহদ্রোহীতা ও পাপ পংকিলতার অলিতে গলিতে। তাদের চোখে সে পার্থিব জীবনকে করে তোলে কেবলই ভোগের বস্তু। তাদের প্রতিটি অপকর্মকেই তাদের সামনে তুলে ধরে চমৎকার ও শোভনীয় করে। অবশেষে তাদেরকে সে উপযুক্ত করে গড়ে তুলে জাহান্নামে তার শরিকদার হিসাবে।