📄 যে সমস্ত বিষয়ে শরী‘আত নিরব সে সমস্ত ক্ষেত্রে করণীয়
আল্লাহ বলেন: "তোমাদের জন্য যেগুলো হারাম তা তিনি বিস্তারিত বর্ণনা করেছেন।"২১০
এ সম্পর্কে রসূলুল্লাহ বলেছেন: "আল্লাহ্ তাঁর কিতাবে যা হালাল করেছেন তাই হালাল এবং যা হারাম করেছেন তাই হারাম এবং যা থেকে নীরব থেকেছেন তা মাফযোগ্য। সুতরাং যা মাফযোগ্য তা তোমরা আল্লাহ্'র পক্ষ থেকে গ্রহণ কর। কেননা, নিশ্চয় আল্লাহ কিছু ভুলেন না।" অতঃপর তিলাওয়াত করলেন: "তোমাদের রব ভুলেন না। [সূরা মারইয়াম : ৬৪ আয়াত]"২১১
অন্যত্র নবী বলেছেন: "আমি একজন মানুষ। আমি যখন তোমাদের দ্বীন সম্পর্কে নির্দেশ দিই, তখন তা তোমরা গ্রহণ করবে, আর আমি যখন আমার রায় অনুসারে তোমাদেরকে কোন বিষয়ে নির্দেশ দিই, তখন আমিও একজন মানুষ।"২১২
অন্যত্র নবী বলেছেন: "আমি যেসব বিষয় বর্ণনা না করে তোমাদের জন্য ছেড়ে দিয়েছি, সেসব ব্যাপারে আমাকে ছেড়ে দাও।"২১৩
সুস্পষ্ট হল, যেসব ক্ষেত্রে শরী'য়াত নিরব সেসব ক্ষেত্রে উন্মুক্ত সিদ্ধান্ত নেয়ার সুযোগ রয়েছে। সুতরাং ঐ সব ক্ষেত্রে সুনির্দিষ্ট মাযহাব অনুসরণের বাধ্য-বাধকতা ইসলামে নেই। এ পর্যায়ে যা কুরআন ও নবী ﷺ-এর সুন্নাহর বিরোধী নয় সেসব ক্ষেত্রে খলীফ-আমীর (মাজলিশে শুরা), পিতামাতা, শিক্ষক, বয়োজ্যৈষ্ঠ, উর্ধ্বতনের নিয়ম-নীতি মেনে নেয়াটা অনুমোদিত।
এ সম্পর্কে রসূলুল্লাহ বলেছেন: "নাফরমানীর ব্যাপারে ইতা'আত নেই। ইতা'আত কেবল ন্যায়সঙ্গত কাজে।"২১৪ অন্যত্র তিনি বলেন: "সৃষ্টিকর্তার নাফরমানীর মধ্যে কোন সৃষ্টির ইতা'আত নেই।"২১৫ তেমনি আল্লাহ -ও কুরআন মাজীদে বলেছেন:
"হে মু'মিনগণ! আল্লাহর ইতা'আত করো এবং রসূলের ইতা'আত করো। আর তোমাদের মধ্যে যার 'উলুল আমর' তাদেরও। যদি তোমাদের মধ্যে মতভেদ ঘটে, তাহলে সে বিষয়ে আল্লাহ ও রসূলের দিকে ফিরে আস। যদি তোমরা ঈমান আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ঈমান এনে থাক। আর এটিই হল ভাল এবং পরিণামে খুবই উত্তম।" [সূরা নিসা: ৫৯ আয়াত]
আশা করি পাঠকের কাছে এখন সুস্পষ্ট যে, ইসলামে মতপার্থক্য ভাল, উৎকৃষ্ট, রহমত এবং এর যৌক্তিকতার জ্ঞানগর্ভ আলোচনা পড়ে বা শুনে কেউ বিভ্রান্ত হবেন না। কেননা ঐ জ্ঞানগর্ভ আলোচনা ইসলামী আক্বীদার বিরোধী।
টিকাঃ
২১০. সূরা আনয়াম : ১১৯ আয়াত।
২১১. সহীহ: হাকিম- কিতাবুত তাফসীর বাবে সূরা মারইয়াম। হাকিম এর সনদকে সহীহ বলেছেন। উক্ত মর্মে বাযযার সলেহ সনদে একটি হাদীস বর্ণনা করেছেন। [ফতহুল বারী ১৩/৩৭৮ পৃঃ; নায়লুল আওতার ৮/৪২৮ পৃঃ।
২১২. সহীহ: সহীহ মুসলিম, মিশকাত (এমদা) ১/১৪০ নং।
২১৩. সহীহ: সহীহ বুখারী, সহীহ মুসলিম, রিয়াদুস সালেহীন ১/১৫৬ নং।
২১৪. সহীহ: সহীহ বুখারী, সহীহ মুসলিম, মিশকাত [এমদা] ৭/৩৪৯৬ নং।
২১৫. সহীহঃ শরহে সুন্নাহ, মিশকাত [এমদা] ৭/৩৫২৭ নং। আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন [তাহক্বীকৃত মিশকাত ২/১০৬২ পৃঃ)।