📘 মাগফিরাতের পথ ও পাথেয় > 📄 যাদের গুনাহ কম তাদের নিকট ইসতিগফারের দুআ কামনা করা

📄 যাদের গুনাহ কম তাদের নিকট ইসতিগফারের দুআ কামনা করা


যে ব্যক্তি তার অত্যধিক গুনাহের ব্যাপারে খুব বেশি চিন্তিত। সে মাঝে মাঝে এমন লোকদের কাছে নিজের মাগফিরাতের জন্য দুআ চাইতে পারে, যাদের গুনাহ কম বা নেই। উমর শিশু-কিশোরদের কাছে ইসতিগফারের দুআ চেয়ে বলতেন, 'তোমাদের তো গুনাহ নেই'।
আবু হুরাইরা মকতবের শিশুদের বলতেন,
قُولُوا: اللَّهُمَّ اغْفِرْ لِأَبِي هُرَيْرَةَ
“বলো, হে আল্লাহ, আপনি 'আবু হুরাইরাকে' মাফ করে দিন।"
তাদের দুআর প্রতি আবু হুরাইরা-এর আস্থা ছিল।
তাবিঈ বকর বিন আব্দুল্লাহ আল-মুযানী বলেন, 'কারও পক্ষে যদি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ফকির-মিসকিনের মতো ইসতিগফারের দুআ ভিক্ষা করা সম্ভব হয়, সে যেন তা-ই করে।'
যার গুনাহের পরিমাণ এত বেশি যে, তার কোনো গণনা বা হিসাব নেই। তাহলে সে আল্লাহ তাআলার ইলমে যা আছে তার জন্য ইসতিগফার করবে।
কেননা, আল্লাহ প্রতিটি বিষয় লিখে রাখেন এবং তার হিসাব রাখেন। আল্লাহ তাআলা বলেন:
يَوْمَ يَبْعَثُهُمُ اللهُ جَمِيعًا فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوا أَحْصَاهُ اللَّهُ وَنَسُوهُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ
“যে দিন আল্লাহ তাদের সকলকে পুনরুজ্জীবিত করে উঠাবেন, অতঃপর তারা যে আমল করেছিল তা তাদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ তা হিসাব করে রেখেছেন, যদিও তারা তা ভুলে গেছে। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে প্রত্যক্ষদর্শী।”
শাদ্দাদ বিন আউস বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাদের বলতে শিখাতেন,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الأَمْرِ، وَأَسْأَلُكَ عَزِيمَةَ الرُّشْدِ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ لِسَانًا صَادِقًا، وَقَلْبًا سَلِيمًا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الغُيُوبِ
'হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করি কাজেকর্মে দৃঢ়তা, সৎপথে দৃঢ়তা, আপনার দেয়া নিআমাতের কৃতজ্ঞতা ও নিষ্ঠার সাথে আপনার ইবাদাত করার যোগ্যতা। আমি আপনার নিকট আরও প্রার্থনা করি সত্যবাদী জিহ্বা ও বিশুদ্ধ অন্তর। আমি আপনার নিকট আশ্রয় চাই আপনার জানা সকল মন্দ হতে এবং কামনা করি আপনার জানা সকল কল্যাণ। আমি ক্ষমা চাই আপনার জানা সর্বপ্রকারের অপকর্ম হতে। অবশ্যই আপনি অদৃশ্য সম্বন্ধে সম্যক জ্ঞাত।'
কবির ভাষায়,
أَسْتَغْفِرُ اللهَ مِمَّا يَعْلَمُ اللَّهُ *** إِنَّ الشَّقِيَّ لَمَنْ لَا يَرْحَمُ اللَّهُ
مَا أَحْلَمَ اللَّهُ عَمَّنْ لَا يُرَاقِبُهُ *** كُلُّ مُسِيءٌ وَلَكِنْ يَحْلُمُ اللَّهُ
فَاسْتَغْفِرِ اللَّهَ مِمَّا كَانَ مِنْ زَلَلٍ *** طُوبَى لِمَنْ كَفَّ عَمَّا يَكْرَهُ اللَّهُ
طُوبَى لِمَنْ حَسُنَتْ مِنْهُ سَرِيرَتُهُ *** طُوبَى لِمَنْ يَنْتَهِي عَمَّا نَهَى اللَّهُ
ক্ষমা চাও আজ আল্লাহ পাকের মহান দরবারে
সবার খবর জানেন তিনি, মালিক সবই জানে।
দুর্ভাগা সেই বান্দা তাহার দেখেনি যার পানে,
দয়ার নজরে রাখেনি যারে মালিক রহমানে।
ভালো ও মন্দ সবকিছু তাঁর রয়েছে নিখুঁত জানা,
কিছু না করে সুযোগ দিয়ে দেখেন রাব্বানা।
তাই বলি আর দেরি কোরো না, লুটিয়ে পড়ো আজ,
ক্ষমার ভিখারী, ক্ষমা চাওয়াই তোমার বড় কাজ।
এমন কপাল ক'জনার জোটে ইহকালে,
বেঁধে রাখে যে নিজেরে তার রবের বেড়াজালে।
গোপনে যার চলেছে বেড়ে পুণ্যের খতিয়ান,
কপালে তার জুটেছে রবের মধুর আহবান।
রবের নিষেধ জেনে বুঝে যে রয়েছে সাবধান,
তার প্রতি তিনি চিরখুশি আল্লাহ মহীয়ান।”

টিকাঃ
১৪. সূরা মুজাদালাহ, ৫৮: ৬
১৫. সুনানে তিরমিযি, হাদিস নং: ৩৪০৭। অধ্যায় ৪৫, দুআ। অনুচ্ছেদ: ২৩। সনদ শুআইব আরনাউতের মতে হাসান লিগাইরিহী। আলবানীর মতে যঈফ। মুসনাদে আহমাদ, হাদিস নং: ১৭১৩৩
১৬. জামিউল উলুমি ওয়াল হিকাম, ৮৪৩। মাহির ইয়াসিন ফিহল সম্পাদিত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00