📄 উদারতার দুইটি চমৎকার উদাহরণ
হাজ্জসম্পন্নকারী একব্যক্তি মদীনায় এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমন্ত অবস্থায় তার সাথে-থাকা-একটি ব্যাগ হারিয়ে যায়; যেখানে এক হাজার দীনার (স্বর্ণমুদ্রা) ছিল। ঘুম থেকে জাগ্রত হয়ে ব্যাগ না পেয়ে তিনি অস্থির হয়ে পড়েন। তখন তিনি জা'ফর ইবনু মুহাম্মাদ -এর সাক্ষাৎ পান। তিনি তাকে ব্যাগ হারানোর কথা জানান। জা'ফর জানতে চান ব্যাগে কী ছিল। তিনি বলেন, এক হাজার স্বর্ণমুদ্রা ছিল। তখন জা'ফর সেই ব্যক্তিকে তার বাড়িতে নিয়ে যান এবং তাকে এক হাজার স্বর্ণমুদ্রা দিয়ে দেন। এর খানিক পরে সেই ব্যক্তি তার হারিয়ে-যাওয়া-ব্যাগটি ফিরে পান। ফলে তিনি জা'ফর -এর নিকট এসে তার দেওয়া স্বর্ণমুদ্রাগুলো ফেরত দিতে চান। কিন্তু তিনি এই বলে তা ফেরত নেননি যে, 'আমি আমার হাত থেকে একবার যা বের করেছি, তা আর কখনো ফিরিয়ে নেব না।' লোকটি মানুষজনকে জিজ্ঞাসা করেন, 'ওনি কে?' তারা জবাব দেন, 'জা'ফর ইবনু মুহাম্মাদ'। রহিমাহুল্লাহ।[৫৯৮]
আবূ আলি দাক্কাক বলেন, 'একবার হাতিম -কে এক নারী একটি মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করেন। কিন্তু সে সময় অসতর্কতাবশত সেই নারী থেকে একটি শব্দ বেরিয়ে যায়। ফলে নারীটি বেশ লজ্জায় পড়ে যান। তখন হাতিম বলেন, 'তুমি আরেকটু জোরে বলো।' আসলে তিনি বোঝাতে চাচ্ছিলেন যে, তিনি কানে কম শোনেন। এই ভেবে নারীটি খুব খুশি হয় যে, তিনি কিছু শুনতে পাননি।[৫৯৯] এই ঘটনার কারণে হাতিম -এর উপাধি দেওয়া হয় اَلْأَصَمُّ (বধির বা শ্রবণশক্তিহীন)। হাতিম -এর অন্যমনস্কতা নারীটিকে লজ্জিত হওয়া থেকে রক্ষা করল—এটি উদারতার অর্ধেক।
টিকাঃ
[৫৯১] বুখারি, আল-আদাবুল মুফরাদ, ২৭৩।
[৫৯২] সূরা কাহফ, ১৮:১৩।
[৫৯৩] যামাখশারি, রবীউল আবরার, ২/১০১।
[৫৯৪] ইবনু তাইমিয়্যা, মাজমুউল ফাতাওয়া, ১১/৮৪।
[৫৯৫] আর-রিসালাতুল কুশাইরিয়্যা, ২/৩৮১।
[৫৯৬] আর-রিসালাতুল কুশাইরিয়্যা, ২/৩৮০।
[৫৯৭] এ সম্পর্কে বিস্তারিত দেখুন-বুখারি, ৭৫১০; মুসলিম, ১৯৩।
[৫৯৮] আর-রিসালাতুল কুশাইরিয়্যা, ২/৩৮৪।
[৫৯৯] আর-রিসালাতুল কুশাইরিয়্যা, ১/৬৩।