📘 মাদারিজুস সালিকীন > 📄 স্থুল আশা শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করে

📄 স্থুল আশা শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করে


আশার স্বল্পতা হলো : এটা জানা যে, মৃত্যু খুবই নিকটবর্তী এবং জীবনের সময়কাল খুব দ্রুতই ফুরিয়ে যাবে। এটি অন্তরের জন্য সবচেয়ে উপকারী বিষয়। কেননা এটি তাকে দুঃখ-দুর্দশায় ও কঠিন সময়ে নিজেকে সামলে রাখতে ও সময়কে কাজে লাগাতে সাহায্য করে। আর সময় তো মেঘমালার উড়ে যাওয়ার মতোই দ্রুত অতিবাহিত হয়। এমনিভাবে তার আমলনামাকে নেক আমল দ্বারা ভারী করতে, নিজের চাওয়া ও ইচ্ছাকে চিরস্থায়ী আবাসের দিকে ফেরাতে উদ্বুদ্ধ করে। তাকে তার সফরের পাথেয় জোগাড় করতে এবং কমতি ও ঘাটতিগুলোকে পূরণ করতে। উৎসাহিত করে। দুনিয়ার প্রতি অনাগ্রহী এবং আখিরাতের প্রতি আগ্রহী বানায়। ধারাবাহিকভাবে অল্প আশার ওপরে অভ্যস্ত হলে ইয়াকীনের প্রহরীগুলোর মধ্য থেকে একটি প্রহরী তার অন্তরে নিযুক্ত হয়; যে তাকে দেখিয়ে দেয় দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, এর দ্রুত ফুরিয়ে যাওয়া, এর মধ্যে যা অবশিষ্ট রয়েছে তার স্বল্পতা। দুনিয়া কেবল পেছন দিকেই যাচ্ছে, এর ওটুকুই অবশিষ্ট রয়েছে, যেটুকু পাতিলের তলায় সামান্য খাবার অবশিষ্ট থাকে, যা ব্যক্তি চেঁচেমুছে তুলে নেয়, অথবা এর আর বাকি আছে কেবল সেই সময়টুকু, যেটুকু বাকি থাকে সেই দিনের অংশ; যার সূর্য হেলতে হেলতে অবস্থান নিয়েছে পাহাড়ের চূড়ায়। তাকে এটিও দেখিয়ে দেয় যে, আখিরাত চিরস্থায়ী ও অনন্তকালব্যাপী বিস্তৃত এবং তা ক্রমশ সামনে অগ্রসর হচ্ছে।
কিয়ামতের শর্ত ও আলামত চলে এসেছে। আখিরাতের সাথে সাক্ষাতের বিষয়টি সেই মুসাফিরের ন্যায়, যার সাথে সাক্ষাতের জন্য আরেকজন বাড়ি থেকে রওনা দিয়েছে; এদের প্রত্যেকেই একজন অপরজনের দিকে অগ্রসর হচ্ছে, হয়তো খুব দ্রুতই তাদের সাক্ষাৎ ঘটবে।
আশা ছোটো রাখার ব্যাপারে আল্লাহ তাআলার এই বাণীটিই যথেষ্ট- أَفَرَأَيْتَ إِنْ مَتَّعْنَاهُمْ سِنِينَ ثُمَّ جَاءَهُمْ مَّا كَانُوا يُوْعَدُونَ مَا أَغْنَى عَنْهُمْ مَّا كَانُوا يُمَتَّعُوْنَ )
"আপনি ভেবে দেখুন তো, আমি যদি তাদেরকে বছরের পর বছর ভোগবিলাস করতে দিই, অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হতো, তা তাদের কাছে এসে পড়ে, তখন তাদের ভোগবিলাস কি তাদের কোনো উপকারে আসবে?” [১৭৩]
আবদুল্লাহ ইবনু আমর থেকে বর্ণিত, তিনি বলেন, 'একদিন রাসূলুল্লাহ আমাদের সামনে দিয়ে যাচ্ছিলেন। আমরা তখন আমাদের একটি কুঁড়েঘর মেরামত করছিলাম। তিনি প্রশ্ন করলেন, "এটা কী?"
আমরা বললাম, 'এটা নড়বড়ে হয়ে গেছে, তাই তা ঠিকঠাক করছি।'
তিনি এর জবাবে বললেন,
مَا أَرَى الأَمْرَ إِلَّا أَعْجَلَ مِنْ ذَلِكَ
"আমি তো দেখছি মৃত্যু এর চেয়েও দ্রুত ধাবমান।" [১৭৪]
আশার স্বল্পতার ভিত্তি হলো দুটি বিষয়ের ওপর: ১. দুনিয়া ধ্বংস হওয়া ও তা ছেড়ে যাওয়ার বিশ্বাস এবং ২. আখিরাতের সাক্ষাৎ পাওয়া ও তার চিরস্থায়ী হওয়ার বিশ্বাস। এখন আপনি দুটি বিষয়ে সিদ্ধান্ত নিন এবং যেটা উত্তম ও কল্যাণকর সেটাকে প্রাধান্য দিন।

টিকাঃ
[১৭৩] সূরা শুআরা, ২৬: ২০৫-২০৭।
[১৭৪] তিরমিযি, ২৩৩৫; আবূ দাউদ, ৫২৩৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00