📄 তাঁর জন্য অবলম্বন হোন
বিভিন্ন কাজ ও মেহনতের সময় এবং বিভিন্ন বিপদাপদ ও সমস্যা হলে মায়ের জন্য ছেলে সন্তানদের প্রয়োজন হয়। আর তা এজন্য যে, মায়ের কষ্টের সময় ছেলেরা যেন শক্তিশালী অবলম্বন ও পৃষ্ঠপোষক হতে পারে এবং তাঁর সাথে কষ্টের ভাগী হয়। সুতরাং আপনি তখন তাঁর পাশে থাকুন, তাঁর জন্য অবলম্বন হোন এবং আপনার পূর্ণ শক্তি ব্যয় ও সঠিক পরামর্শের মাধ্যমে তাঁকে সাহায্য করুন।
📄 বোনদের প্রতি সদয়বান হোন
বোনদের প্রতি সদয়বান হোন, তাদের সাথে হৃদ্যতা বজায় রাখুন, তাদের সাথে উত্তম আচরণ করুন এবং বিভিন্ন উপযোগী সময়ে তাদের নিকট বিভিন্ন ধরনের উপহার-উপঢৌকন প্রেরণ করুন। এতে মায়ের সুখ আরো বহু গুণে বৃদ্ধি পাবে। কেননা, মায়েরা তাদেরকে মহব্বত করেন, যারা তাঁর মেয়েদের প্রতি সদয়বান হন।
📄 লজ্জা দিবেন না
মাকে তাঁর এমন কোন কাজ বা হস্তক্ষেপের কারণে লজ্জা দিবেন না, যেটা তার বয়সের সাথে সঙ্গতিপূর্ণ কিন্তু তাঁর আশপাশের লোকদের জন্য সঙ্গতিপূর্ণ নয়। বরং তাঁর ব্যাপারে গর্ববোধকারী হোন। তাঁর কাজ-কারবারে অন্যরা সন্তুষ্ট হোক, আর অসন্তুষ্ট হোক, আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। আর এই সবগুলো তখন প্রযোজ্য হবে, যদি তা শরীয়ত বিরোধী না হয় এবং প্রচলন পরিপন্থী না হয়।
📄 নম্র-ভদ্র আচার-ব্যবহার শিক্ষা দিন
আপনার সন্তানদেরকে আপনার মায়ের সাথে নম্র-ভদ্র আচার-ব্যবহার করা শিক্ষা দিন। বিভিন্ন উপযোগী সময়ে আপনার ছেলে-মেয়েদেরকে দিয়ে মায়ের কাছে হাদিয়া-তুহফা পাঠিয়ে দিন।
জনৈক মনীষী বলেছেন- মানুষের সাথে এমন আচরণ কর যেমন তুমি তাদের থেকে আশা কর। আপনি আজ আপনার সন্তানদের সামনে আপনার মার সাথে ভালো আচরণ করেন, তাহলে আগামীতে আপনার সন্তান তার সন্তানের সামনে আপনার সাথে ভালো আচরণ করবে। বলা যায় এটা একটি পরম্পরা শিক্ষা। জনৈক মনীষী বলেছেন- দৈহিক খাবার যেমন দরকার, সন্তানের তেমনি আত্মিক খাবারেরও দরকার। আপনি লক্ষ্য রাখবেন যেন, আপনার প্রতিটি কর্ম আপনার সন্তানের অনুকরণীয় হয়।