📄 যৌথ ভ্রমণে নিজের সাথে রাখুন
যৌথ সফরকালে মাকে নিজের সাথে অথবা আপনার সন্তানদের সাথে কিংবা আপনার ভাইদের সাথে রাখুন। এতে তাঁর মাঝে উদ্যোমতা বৃদ্ধি পাবে এবং তাঁর জীবনে আনন্দ বয়ে আনবে। আপনার স্ত্রী-সন্তানদের মধ্যেও উদ্যোমতা তৈরি হবে, জীবনে সজীবতা ও পরিবারে প্রাণ ফিরে আসবে। তাছাড়া এতে আপনাদের সকলের আত্মীয়তার বন্ধন মজবুত হবে।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ رِزْقُهُ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ. যে চায় তার রিযিকে বরকত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার বন্ধন মিলিত করে। [সহীহ বুখারী : ১৯৬১]
📄 অভিজাৎ হোটেলে নিয়ে যান
কোন কোন সময় মাকে আপনার সাথে এবং তাঁর প্রিয়জনদের সাথে অভিজাত কোন হোটেলে গিয়ে দু'একবার খাবার গ্রহণের সুযোগ করে দিন। এ সব বিষয়ের জন্য কোন নির্দিষ্ট বয়স নেই। তবে যদি তিনি যেতে অস্বীকার করেন, তাহলে তাঁর মতের উপরই তুষ্ট থাকতে দিবেন।
📄 এই আশা বাস্তবায়ন হতে পারে না?
কখনো কখনো মায়ের মনে অভিজাত কোন শপিং মহল কিংবা উন্নত মানের মার্কেটে যাওয়ার আশা থাকে। সুতরাং আপনার মাধ্যমে কি তাঁর মনের এই আশা বাস্তবায়ন হতে পারে না?
আল্লাহ তাআলা ইরশাদ করেন- يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُوْنَ ، قُلْ مَا أَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ... তারা আপনার কাছে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে? বলে দিন, যে বস্তুই তোমরা ব্যয় কর, তা হবে পিতা-মাতার জন্যে, আত্মীয়দের জন্যে।... [সূরা বাকারা : ২১৫]
অতএব আপনি আপনার মাকে মার্কেটে নিয়ে যান। তার জন্যে খরচ করুন। আল্লাহ আপনার মালে বরকত দিবেন।
📄 সকলের প্রতি দয়া
পুরুষদের জন্য উপযোগী এমন কিছু বস্তু মাকে হাদিয়া দিন। যাতে তিনি সেটা আপনার পিতাকে উপহার দিতে পারেন। তাহলে এটা হবে সকলের প্রতি দয়া করার অন্তর্ভুক্ত।
একবার বনু খাসআম গোত্রীয় এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন- হে আল্লাহ রাসুল! কোন কাজটি আল্লাহর নিকট অধিক প্রিয়? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম বললেন- আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন। লোকটি আবার বলল- হে আল্লাহর রাসুল! অতঃপর কোনটি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- আত্মীয়তার বন্ধন মিলন। [আবু ইয়ালা : ৬৭৩৯]
আপনি লক্ষ্য করে দেখবেন আপনার দেয়া উপহার যখন আপনার মা আপনার বাবাকে দিবেন তখন তারা দুজনই খুশি হবেন।