📄 পরকীয়া নরকীয়া
এক ভদ্র বিবাহিত যুবক ঘটনাক্রমে এক সুন্দরী যুবতির প্রেমের ফাঁদে পড়ে। বেচারির স্বামী প্রবাসী। একমাত্র সন্তানের বয়স চার বছর। টগবগে যৌবন তার উছল উছল করে। কিন্তু স্বামীবিহীন কামনার ঢেউ তীরে আছড়ে পড়ে বালির সাথে মিলিয়ে যায়। স্কুলের শিক্ষক যুবকের দেহ জুড়ে তারুণ্য ঠিক পড়ছে। সে বিবাহ করেছে বছর দুয়েক আগে। এই বিবাহিত যুবক-যুবতির মাঝে গড়ে ওঠে মন দেয়া-নেয়া। তাদের পরকীয়া প্রেমের সম্পর্ক এমন পর্যায়ে গড়ায় যে, একে অন্যকে ছাড়া চলে না। মেয়েটি বিবাহিত যুবকটিকে বলে, আচ্ছা! এভাবে লুকোচুরি করে আর কতদিন চলবে? আমি যে তোমাকে ছাড়া একদণ্ড থাকতে পারি না। আমি তোমার সাথে সুখের ঘর বাঁধতে চাই।
জবাবে যুবক বলল, তাহলে দিন-তারিখ ঠিক করে বিয়ে সম্পন্ন করে ফেললেই তো হয়।
যুবকের আগ্রহ দেখে যুবতি তার পূর্বেকার স্ত্রীকে তালাক দেয়ার প্রস্তাব দেয়।
যুবকও তার কথায় সায় দেয়। কিন্তু সে পড়ে এক অন্যরকম বিপাকে। কারণ স্ত্রীকে তো আর এমনিতেই তালাক দেয়া যায় না। তার কোনো না কোনো দোষের অজুহাতেই তো তাকে তালাক দিতে হবে। কিন্তু সে স্বীয় স্ত্রীকে তালাক দেয়ার মতো কোনো দোষ খুঁজে পায় না। একজন সচ্চরিত্রা স্ত্রীকে তালাক দিতে তার বিবেকে চরমভাবে বাঁধে।
এবার মহিলা বলে, যদি তুমি নিজে তালাক দিতে না চাও; তাহলে মেয়েটির প্রতি নানা ধরনের দোষ চাপাতে থাক। মেজাজ খারাপ করাসহ তাকে গালিগালাজ করতে থাক। তাহলে অত্যাচার সহ্য করতে না পেরে সে নিজে নিজেই চলে যাবে।
যুবতির এই ফন্দি যুবকের মনে ধরে। সে প্রেমিকার কথা আমলে নেয়। প্রতিদিনের মতো আজো বাড়ি এসে ভাত খেতে বসে। কিন্তু তার মাথায় যে শয়তানি ভর করেছে! তার কাঁধে যে সওয়ার হয়েছে পরকীয়ার ভূত! সে খেতে বসেই বলতে থাকে, কী রেঁধেছ? ভাত ফুটেনি। তরকারি সিদ্ধ হয়নি। লবণ বেশি হয়েছে। ঝাল হয়নি। তরকারির রং না হলে খাওয়া যায়? আজকের ভাতে পোড়া গন্ধ লাগছে। ডালটা টক কেন? ইত্যাদি ইত্যাদি। বাড়িতে এলে বিছানাপত্র অগোছালো দেখি কেন? আঙিনাটা পরিষ্কার দেখতে পাই না কেন। প্যান্ট কিভাবে পরিষ্কার করেছ? দাগটা ওঠেনি কেন? যুবক যত ত্রুটির কথাই বলে, স্ত্রী সমস্ত কথায় ডান কান দিয়ে শুনে যথাযথ পদক্ষেপ নেয়।
একদিনের ঘটনা। যুবক বাহির থেকে এসে কোনো দোষই খুঁজে পাচ্ছে না। দেখে আঙিনায় একটা কুকুর শুয়ে আছে।
স্ত্রীকে বলে, তোমাকে নিয়ে সংসার করা বড়ই কঠিন হয়ে পড়েছে। কুকুরটা আঙিনায় শুয়ে আছে। তাকে একটা বালিশ পর্যন্ত দাওনি। আমার বাড়িতে কি বালিশের অভাব?
জবাবে আল্লাহভীরু স্ত্রী তার স্বামীকে বলে যে, হে আমার স্বামী। আপনার কী হয়েছে? আপনার মধ্যে হঠাৎ পরিবর্তন এলো কিভাবে? আপনি
আল্লাহকে ভয় করুন। কারণ আল্লাহকে ভয়কারীর সঙ্গে তিনি থাকেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
হে মুমিনগণ! তোমরা যারা ঈমান এনেছ, তারা আল্লাহকে ভয় কর, ঠিক যতটুকু ভয় তাঁকে করা উচিত ততটুকু। তাঁর কাছে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। (আল ইমরান : ১০২]
কিন্তু চোর শোনে কি আর ধর্মের কথা? যুবকের মাথায় যে পরকীয়ার নরকীয়া পুরোদস্তুর আছর করে আছে। তাই এখন তার কাছে কোনো সত্যই সত্য মনে হয় না। অবশেষে সে ধর্মপ্রাণ মহিলাটিকে তালাক দিয়ে তাড়িয়ে দেয়।
📄 দু’ প্রমিলার করুণ গল্প
আজ প্রেম খেলায় মত্ত দু'প্রমিলার করুণ গল্প শোনাব। প্রথম গল্পটি এমন-
ভার্সিটিতে পড়ুয়া এক ছাত্র ও ছাত্রীর মাঝে পড়াশোনার ফাঁকে পরিচয় ঘটে। নানা কথাবার্তা ও খবরাখবর আদান প্রদানের মাধ্যমে একে অপরকে ভালো লাগতে শুরু হয়। তারপর মন নেয়া-দেয়াসহ দৈহিক সম্পর্ক ঘটে। শুরু হয় একে অন্যের বাসায় অবাধে যাতায়াত। এভাবে চূড়ান্ত ভালোবাসার পর্যায়ে পড়ে। একে অপরের প্রতি গড়ে তোলে অগাধ আস্থার প্রাচীর। তারা মনে মনে ভাবতে থাকে যে, তারা ঘর বাঁধবে, সংসার করবে।
ঠিক এই সময়। ঐ ছাত্রীটির রূপের আগুনে পুড়তে শুরু করে এক প্রভাষক। শুরু হয় ছাত্রী-শিক্ষকের সম্পর্ক। পরে সখা-সখী। তারপর বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়। কিন্তু আগের প্রেমিক ছাত্র! তাকে তো কিছু বলা দরকার। এই ভেবে ছাত্রীটি প্রেমিক ছাত্রকে 'মানবিক কারণেই প্রভাষকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে' জানাতে তার রুমে যায়।
বেশ কয়েকদিন পর প্রেমিক-প্রেমিকার দেখা! তাই শুরু হয় این সেই আলাপ। এক ফাঁকে ছাত্রীটি বলে ফেলে যে, আমি খুবই দুঃখিত যে, অমুক স্যারের সাথে আমার বিয়ের তারিখ নির্ধারণ হয়েছে। বিষয়টি তোমাকে জানার জন্য না এসে পারলাম না। সেই বিয়েতে তোমার উপস্থিতি কামনা করছি।
ছেলেটির মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। তার মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত। ছেলেটি কী বলবে ভেবে পাচ্ছে না। সে তাকে জানায় যে, আরে! তুমি কি পাগল হয়ে গেছ নাকি! তুমি আমাকে বিয়ের দাওয়াত দিতে এসেছ! অথচ এদিকে আমি তোমাকে বিয়ের জন্য প্রায় সব ঠিকঠাক করে ফেলেছি।
জবাবে ছাত্রীটি বলে, দেখ! তুমি আমার ক্লাস ফ্রেন্ড। আর উনি হলেন সরকারি কলেজের প্রভাষক। এটি আমার জন্য একটা বড় পাওয়া।
ছাত্রটি বলে, তাহলে কি আমাদের এতদিনের প্রেম-ভালেবাসার কোনোই মূল্য নেই?
প্রত্যুত্তরে ছাত্রীটি বলে, এরকম প্রেম-প্রীতি-ভালোবাসা ছেলে মেয়েদের মধ্যে হয়েই থাকে।
ছাত্রটির মাথায় রক্ত ওঠে যায়। সে বলে, তাই বলে কি আমার সুখের ঘর তছনছ করে তুই অন্যের ঘর বাঁধতে বাধতে চাস? এই বলেই সে তার উপর চড়াও হয়ে তাকে হত্যা করে ফেলে।
পরক্ষণেই খুনের দায়ে ভীত হয়ে পড়ে ছেলেটি। সে কী করবে ভেবে পাচ্ছে না। অবশেষে মেঝের প্লাস্টার তুলে গর্ত খনন করে গর্তে ছাত্রীটির লাশ রেখে দেয়। ব্যাপারটি একদম গোপন হয়ে যায়।
এদিকে মেয়েটির খোঁজ না পেয়ে তার অভিভাবকরা খোঁজাখুঁজি শুরু করে। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে।
এদিকে ছেলেটির হাতে একটা ঘা হয়। চিকিৎসার জন্য সে একজন খ্যাতিমান মহিলা ডাক্তারের শরণাপন্ন হয়। পরীক্ষায় ধরা পড়ে যে, আঘাতটি কোনো মহিলার দাঁতের কামড়। ডাক্তার ছিলেন ঐ ছাত্রীরই বোন। তিনি তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে জেরা শুরু করেন।
এক পর্যায়ে ছাত্রটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়।
দ্বিতীয় প্রমিলার গল্পটি শুনুন এবার-
এক প্রগতিশীল যুবতি বেশ কয়েকজন যুবকের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। তাদের সাথে চলে তার দৈহিক সম্পর্ক। যুবতি যুবকদের বলে যে, এভাবে মধুর ভালেবাসা করে আর কতদিন চালানো যাবে? তার পরিবর্তে বিয়ের পিঁড়িতে বসলেই ভালো হয় না?
যুবতির এই প্রস্তাবে কেউই রাজি হলো না। পরিশেষে যুবতি এক যুবককে বিয়ের জন্য টার্গেট করে। কিন্তু সেও তাকে বিয়ে করতে অনীহা প্রকাশ করে। অগত্যা যুবতি কোর্টের আশ্রয় নেয়। গভর্নমেন্ট উকিল যথারীতি জেরার মাধ্যমে যুবককে বিব্রতকর অবস্থায় ফেলেন।
এ সময় যুবতিটি বলে, মহামান্য আদালত! একজন নারীর মান-সম্মান আছে। অহেতুক একজন ছেলের সাথে নিজ দৈহিক সম্পর্কের কথা কোনোক্রমেই বলতে পারে না। নিজেকে কলঙ্কিত করতে পারে না। এদিক থেকে বিবেচনা করে যুবককে দোষী সাব্যস্ত পূর্বক রায় প্রদানের জন্য বিজ্ঞ বিচারকের শুভ দৃষ্টি আকর্ষণ করছি।
এবার যুবক মাননীয় বিচারকের কাছে কিছু বলার আবেদন করায় বিচারক তাকে বলার অনুমতি দান করেন।
যুবকটি বলে, স্যার! ঐ মেয়েটি বেশ কয়েকজন ছেলের সাথে প্রেমে জড়িত। তাকে কেউ বিয়ে করতে রাজি নয়। সে আমাকে জোরপূর্বক ধর্ষণের মামলা দিয়ে আমার সঙ্গে বিয়ে বসার চক্রান্ত করেছে। আমার পরিবার ও আত্মীয়স্বজন কেউ এ বিয়েতে রাজি নয়। আমি কিভাবে এ বিয়ে করতে পারি?
এবারে ছেলের পক্ষের উকিল বিচারকের দৃষ্টি আকর্ষণপূর্বক বলেন যে, মাননীয় বিজ্ঞ বিচারক! আমি যুবতিটিকে দু'-একটি প্রশ্ন করার জন্য আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি।
জবাবে আদালত উকিলকে যুবতিটিকে জেরা করার অনুমতি প্রদান করেন।
যুবকের উকিল বিচারকের অনুমতি পেয়ে যুবতিকে বলেন-
: আচ্ছা মা, লেখাপড়ার ফাঁকে অবসর সময়ে কিছু কর?
: হ্যাঁ করি।
: কী কর?
: সেলাইয়ের কাজ করি।
: তাহলে আমার কাছে একটু আস তো।
যুবতি এগিয়ে এলে উকিল সাহেব তার দৃষ্টি আকর্ষণ করে বললেন, দেখ, এই আমার হাতে সুচটা আছে। এই সুতোটি সুচের মধ্যে একটু ঢুকিয়ে দাও তো দেখি।
যুবতি সুঁইয়ের ছিদ্রে সুতো দিবে- এমন সময়ে উকিল সামান্য একটু সুচটি নড়ান। এ রকম কয়েকবার করার পর যুবতি সুতোটিকে মুখের লালা নিয়ে একটু পাকিয়ে সুচটিতে ঢুকানোর চেষ্টা করল। যেই মাত্র সুতার মাথাটি সুঁইয়ের ছিদ্রের কাছে আনল অমনি উকিল সাহেব সুচটি সামান্য একটু নড়ান শুরু করেন। এভাবে যুবতি কয়েকবার এ রকম করার পরও ব্যর্থ হয়ে উকিল সাহেবকে বলে ওঠে, 'আপনি এটি নাড়ালে কি সুচটা দেয়া সম্ভব!' তৎক্ষণাৎ উকিল সাহেব গলা ঝেড়ে বলে ওঠেন, মহামান্য আদালত! সামান্য নাড়ানাড়ির কারণে যদি সুচটিতে সুতো দেয়া না যায়, তাহলে যুবতি যদি নড়াচড়া বা চিৎকার করত তাহলে কি এ যুবক তাকে ধর্ষণ করেত পারত?
📄 যৌনচুল্লি আর বিদ্যুৎ
যৌন বিজ্ঞানীগণের চিন্তাধারার মাধ্যমে ব্যভিচারের ক্ষেত্রে নারীর ভূমিকা অগ্রগণ্য। চুম্বকের আকর্ষণে বিদ্যুতের সংযোগ সাধন হয়। এ বিদ্যুতের তারে মানুষ সংস্পর্ষিক হয়ে যেন মৃত্যুবরণ না করে এজন্য তারগুলোকে বিদ্যুৎ অপরিবাহী রাবার দ্বারা ঢেকে দেয়া হয়। তাছাড়া তারগুলোকে নাগালের বাইরে রাখা হয়। বিদ্যুতের তার স্পর্শ করা ছাড়া কোনো স্তন্যপায়ী প্রাণীকে আকর্ষিত হতে দেখা যায় না। অথচ নারী-পুরুষের আকর্ষণ দূর থেকে হতে দেখা যায়।
পবিত্র কুরআনে যেনা ব্যভিচারের ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীকে বেশি উৎসাহী বলা হয়েছে। অর্থাৎ, নারীরা যদি যেনায় আগ্রহী না হয়, তাহলে পুরুষের পক্ষে তাকে ভোগ করাটা সহজসাধ্য হয় না। কুরআন মাজিদে এ কারণে যেনার শাস্তি আলোচনা করতে গিয়ে পুরুষের তুলনায় নারীর কথা আগে উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে-
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِئَةَ جَلْدَةٍ .
ব্যভিচারী নারী ও পুরুষ উভয়কে একশত বেত্রাঘাতে দণ্ডিত কর।
এ কারণেই যেনা ব্যভিচার হতে বেঁচে থাকতে কুরআন মাজিদে বারবার তাগিদ করা হয়েছে। ইরশাদ হয়েছে-
لا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا
তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহে এ হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। [বনি ইসরাইল: ৩২]
যৌন বিজ্ঞানীগণ নারীর সমস্ত অঙ্গকেই যৌন চুল্লি হিসেবে মন্তব্য করেছেন। তারা বলেছেন যে, নারী হলো চুম্বকধর্মী আর পুরুষ হলো বিদ্যুৎধর্মী। এদিক থেকে চুম্বকধর্মী নারী কর্তৃক পুরুষ হয় দারুণ আকর্ষিত। এ আকর্ষণজনিত কারণেই ইভটিজিং, অবাধ যৌন মিলন ও ধর্ষণ নামক অপরাধটি অহরহ ঘটছে।
যৌন আকর্ষণের জেনারেটর হলো চোখ। এজন্য মহান আল্লাহ চোখকে সংরক্ষণের জন্য জোর তাগিদ দিয়েছেন। বাস্তবতার আলোকে সর্বজন স্বীকৃত যে, অন্ধ পুরুষ অথবা মহিলা ব্যভিচার নামক অপরাধটির ধারে কাছেও যেতে পারে না। এমনকি ইভটিজিং সম্বন্ধেও ওদের কোনো ধারণা নেই।
📄 তোমায় খুঁজছে রাজপথ
হে যুবক! জেগে ওঠ! আর ঘুমিয়ে থেক না। তুমি চোখ মেলে কি কিছু দেখছ না? আজ পৃথিবীর প্রতিটি দেশে প্রতিনিয়ত আগুন জ্বলছে।
হে যুবক! সময় এসেছে তোমার জেগে ওঠার।
তুমি সময় নষ্ট কর না। দিন শেষ অপেক্ষার।
তুমি জেগে ওঠবে এটাই আজ মুসলমানের কামনা।
তুমি আজ না জাগলে মুসলমান দিবে তোমায় ভর্ৎসনা।
হে যুবক! তাকিয়ে দেখ দুনিয়ার দিকে। চেয়ে দেখ মুসলমান আজ ধুকে বুকে কেঁদে মরছে। এর একটাই কারণ। তাহলো, মুসলমানের ঐক্য গেছে ভেঙ্গে।
তুমি ওঠ! ইসলামের ঐক্য আবার গড়ে দাও।
হে যুবক! তুমি এসো। তোমায় খুঁজছে রাজপথ।
তুমি ভুলে যাও ইসলাম ছাড়া ভিন্ন মত।
তুমি ওমরের মতো সাহসী কণ্ঠে আওয়াজ তোল।
বীর খালিদের মতো এগিয়ে যাও দীপ্ত পদক্ষেপে।
হে যুবক! তারুণ্যের উদ্যম শক্তি তোমার বাহুতে। দুরন্ত সাহসিকতায় আত্মবিশ্বাসী তুমি। তবুও তোমায় বলছি-
দুনিয়ার চাকচিক্য তোমাকে মোহগ্রস্থ করে তুলেছে! ক্ষণিকের আলোকচ্ছটা তোমার দৃষ্টিকে আচ্ছাদিত করে ফেলেছে! ক্ষণস্থায়ী ভোগবিলাস তোমার মস্তিষ্ককে বক্র করে দিয়েছে! সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে তোমার সামনে প্রতিনিয়ত উপস্থাপন করা হচ্ছে!
কিন্তু তুমি কি ভুলে গেছ- ভুলে গেছ কি মৃত্যু নামের এক অদৃশ্য বস্তু তোমাকে সর্বদা তাড়া করে ফিরছে!
যার ধরাছোঁয়া থেকে তোমার পূর্বপুরুষদের কেউ পালাতে সক্ষম হয়নি। তুমিও পালাতে পারবে না। তাইতো বলছি, এখনো সময় আছে। “ভয় কর তাকে। যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুন্দরতম গঠনে।” (সূরা আততীন : ৪] জীবনটা অতি সামান্য। এই পার্থিব সুখের পেছনে তুমি যতই দৌড়াবে ততই তোমাকে হতাশাগ্রস্থ করে তুলবে। তার চেয়ে ফিরে এসো। হাতে তুলে নাও তোমার রবের দেয়া জীবনবিধান। আল কুরআন ও রাসূলের আদর্শে গড়ে তোল জীবনটাকে।
তুমি কি ভুলে গেছ জাহান্নামের আগুনকে? যেখানে তুমি নিক্ষিপ্ত হবে! কৃষ্ণবর্ণের অগ্নিকুণ্ড তোমার চামড়াকে দগ্ধ করে দেবে! মৃত্যুকে তুমি হাজার বার ডাকবে তবুও মৃত্যু হবে না! আবার বেঁচেও থাকবে না! খেতে দেয়া হবে পুঁজ এবং কাঁটাযুক্ত খাদ্য! যা তুমি গিলতেও পারবে না আবার ফেলতেও পারবে না।
তবুও কি তোমার হুঁশ ফিরবে না? তোমার ভাবনার তরি কি তীরে ভিড়বে না? তুমি বিদ্যা অর্জন কর সমস্যা নেই। তুমি সমাজ উন্নয়নে কাজ কর, সমস্যা নেই। কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যা তোমায় আপন সৃষ্টিকর্তাকে ভুলিয়ে দেয়!
হে বন্ধু! তোমার রব তোমাকে অত্যন্ত ভালোবাসেন। তাইতো তুমি তোমার পালনকর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও। তোমার জন্য রয়েছে জান্নাত। যার নিম্নদেশে প্রবাহিত হয় ঝর্ণাধারা। এসো নবীন! এসো হে মুসলিম যুবক! এসো নওজোয়ান! দীনের পথে মোদের সাথে। বন্ধু! হও আগোয়ান।
হে যুবক! তুমি সাবধান হও!! কারণ মৃত্যুর পরই আসবে এক কঠিন সত্য। তাহলো, হাশর। সেখানে যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে বলবে, হায়! আমার আমলনামা যদি আমাকে আদৌ দেয়াই না হতো এবং আমার হিসেব যদি আমি আদৌ না জানতাম! তাহলে কতই না ভালো হতো! হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হতো। আজ আমার অর্থ-সম্পদও কোনো কাজেই আসল না। আমার সকল ক্ষমতা ও প্রতিপত্তি বরবাদ হয়ে গেল। [সূরা আল হাক্কাহ: ২৫-২৯)
এবার ঠাণ্ডা মাথায় ভেবে দেখ, কী হওয়া উচিত তোমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য! আরো ভাবো যে, তোমার ইহকালীন কল্যাণ ও পরকালীন নাজাতের লক্ষ্যে কী প্রয়োজন- এই দুনিয়ার প্রতিপত্তি, নাকি আখেরাতের মুক্তি?