📘 লাভ ম্যারেজ > 📄 ব্যভিচারের পরিণাম

📄 ব্যভিচারের পরিণাম


জীবন ও যৌনতা অকাট্য সত্য। এ বাস্তবতাকে ইসলাম অকপটে স্বীকার করে। তবে পাশবিক বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না। ইসলাম মানুষের যৌনক্ষমতা ও তার কামনাকে স্বচ্ছ, পবিত্র ও সুশৃঙ্খল করতে চায়। বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে আলোর পথে তুলে আনার মহান লক্ষ্যেই হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। কথাবার্তা, আচার-আচরণ, লেনদেন, চিন্তাচেতনা, স্বভাব-চরিত্র সকল ক্ষেত্রেই তিনি অন্ধকার দূর করে উম্মাহকে আলোর পথ দেখিয়েছিলেন। যে যৌনক্ষমতার মূল উদ্দেশ্য হলো মানব বংশের বৃদ্ধি ও সংরক্ষণ; সে ক্ষমতা যেন যথার্থ স্থানে প্রবাহিত হয়; অধিকন্তু সে তাড়নায় যেন মানুষ উন্মাদনার শিকার না হয়, সে কারণে যৌন সম্পর্কের কঠোরভাবে প্রতিবিধান করেছে ইসলাম। এক কথায় ইসলাম যৌন চাহিদা পূরণের বৈধ আয়োজনকে উৎসাহিত করেছে।
যেনা-ব্যভিচার ধর্মীয়, সামাজিক ও আদর্শিক সকল মাপকাঠিতেই জঘন্য অপরাধ। প্রাগৈতিহাসিক কাল থেকেই সকল ধর্ম ও সকল দেশেই এটি অন্যায় বলে বিবেচিত হয়ে আসছে। ইসলাম এ অপরাধকে সর্বাধিক ঘৃণিত বিবেচনা করে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে-
وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا
তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহে এ হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। [বনি ইসরাঈল: ৩২।
ব্যভিচার মানুষকে মর্যাদার আসন থেকে পতিত করে। ব্যভিচারের ভয়াবহ পরিস্থিতির হাত থেকে মানবজাতিকে রক্ষা করার লক্ষ্যেই ইসলাম এর কঠিন শাস্তির বিধান করেছে। এ অপরাধ কাজটি যেমন জঘন্য, শাস্তিও ঠিক তেমনি কঠোর। ব্যভিচারী নারী-পুরুষের একশটি বেত্রাঘাত, অবস্থাভেদে পাথর মেরে প্রাণনাশের শাস্তির বিধান করেছে ইসলামি শরিয়ত। এর মূল উদ্দেশ্য হলো পাপের উৎসমূল চিরতরে রুদ্ধ করে দেয়া।
অবশ্য এই শাস্তি প্রয়োগ হওয়ার জন্য উপযুক্ত সাক্ষী অথবা স্বীকারোক্তিমূলক স্পষ্ট বক্তব্য পাওয়া যাওয়া শর্ত। সাক্ষী কমপক্ষে চারজন হতে হবে। স্পষ্ট ভাষায় ঘটনার বিবরণ দিতে হবে। কোথায় কখন কার সাথে কিভাবে যেনা-ব্যভিচার হতে দেখেছে তা পরিষ্কার করে বলতে হবে। 'সুরমাদানির কাঠি সুরমাদানির মধ্যে যেভাবে প্রবিষ্ট করে সেভাবে প্রবিষ্ট করতে দেখেছি' এই জাতীয় স্পষ্ট বক্তব্য সকল সাক্ষীকে দিতে হবে। অনুরূপ স্বীকারোক্তির ক্ষেত্রেও চারবার স্পষ্ট ভাষায় অপরাধের ব্যাখ্যামূলক বিবৃতি দিতে হবে। বিচারক এক্ষেত্রে বরং এইভাবে টলাতে চেষ্টা করবেন, 'তুমি হয়তো ব্যভিচার করোনি। চুমু খেয়েছ, ধরেছ ইত্যাদি। তাতেও যদি না দমে বরং নিজের অপরাধ অকপটে স্বীকার করে তবেই তাকে উপরোক্ত দণ্ডে দণ্ডিত করা হবে। হিদায়া: ২য় খণ্ড, পৃ ৪৮৬]
কুরআন মাজিদের অন্যত্র ইরশাদ হয়েছে-
وَالَّذِينَ يَرْمُونَ أَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَهُم ... عَلَيْهَا إِنْ كَانَ مِنَ الصَّادِقِينَ
আর যারা নিজেদের স্ত্রীদের ওপর (ব্যভিচারের) অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে (অপবাদের পক্ষে) অন্য কোনো সাক্ষীও মজুদ থাকে না, তবে এটাই তাদের সাক্ষ্য যে, তারা আল্লাহর নামে চারবার
শপথ করে বলবে, অবশ্যই (এ অভিযোগের ব্যাপারে) সে সত্যবাদী।
এরপর পঞ্চমবার শপথ করার সময় বলবে, মিথ্যাবাদীর ওপর যেন আল্লাহ তায়ালার গজব নাযিল হয়। কোনো স্ত্রীর ওপর থেকেও এভাবে আনীত অভিযোগের শাস্তি রহিত করা হবে- যদি সেও চারবার আল্লাহর নামে কসম করে বলে, এ (পুরুষ) ব্যক্তিটি হচ্ছে আসলেই মিথ্যাবাদী। অতঃপর সেও পঞ্চমবার শপথ করার সময় বলবে, সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের ওপরও আল্লাহর অভিশাপ নেমে আসুক। [নূর: ৬-৯] আরো ইরশাদ হয়েছে-
وَالَّذِينَ يَرْمُونَ الْمُحْصَنَاتِ ثُمَّ لَمْ يَأْتُوا بِأَرْبَعَةِ شُهَدَاء ..
(অপরদিকে) যারা খামোখা সতী-সাধ্বী নারীদের ওপর ব্যভিচারের অপবাদ আরোপ করবে এবং এর সপক্ষে চারজন সাক্ষী হাজির করতে পারবে না, তাদের আশিটি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, কেননা এরা হচ্ছে নিকৃষ্ট গুনাহগার। [সূরা নূর: ৪]
স্বীকারোক্তিমূলক বক্তব্য দেয়ার পর শাস্তি কার্যকর হওয়ার পূর্বে যদি বক্তব্য প্রত্যাহার করে নেয় তাহলে শাস্তি রহিত হয়ে যাবে। শাস্তিটি অত্যন্ত কঠিন বিধায়ই তার বাস্তবায়নে এতটা সতর্কতা ও শর্তসাপেক্ষে তা অবলম্বন করা হয়েছে।
মূলত ইসলামি হুকুমত এসব শাস্তি কার্যকর করবে; কোনো ব্যক্তি নয়। এসব শর্ত এজন্য আরোপ করা হয়েছে যে, এগুলো সবই আল্লাহর বিশেষ নেয়ামত। এগুলো এমন এক মহান বৈশিষ্ট্য যার পরশে একটি মানুষ এমনিতেই সুস্থ হয়ে যায়। অধিকন্তু যে যৌন শৃঙ্খলার সে শিকার তা চরিতার্থ করার উপযুক্ত পাত্রও তার রয়েছে। এরপরও ব্যভিচারে লিপ্ত হওয়া নিঃসন্দেহে গুরুতর অপরাধ। প্রকারান্তরে তা আল্লাহর আইনের প্রতি চরম অশ্রদ্ধা ও বিদ্রোহের শামিল। তাই এর শাস্তির বিধান করা হয়েছে অত্যন্ত কঠিন ও দৃষ্টান্তমূলক।

📘 লাভ ম্যারেজ > 📄 বোরকাওয়ালির রূপ প্রদর্শন

📄 বোরকাওয়ালির রূপ প্রদর্শন


আমরা রোজ সমাজের অশান্তি ও অপরাধগুলো নিয়ে সমালোচনা করি। চিন্তা ও টেনশন করি। নিজেদের সন্তান কোনো দুর্ঘটনার শিকার হোক, অপক্ক বয়সে না বুঝে কোনো খারাপ ছেলের খপ্পরে পড়ুক, বখাটের হাতে ধর্ষিতা বা লাঞ্ছিতা হোক- কেউ তা চাই না। কিন্তু মেয়েদের পোশাক,
উচ্ছৃঙ্খল আচরণ আর অতি আড়ম্বরপূর্ণ পদচারণা যে এসব ডেকে আনে তা ঘুণাক্ষরেও গুরুত্ব দিয়ে ভাবি না। সাহস করে সে সত্য উচ্চারণ করি না। তাই বদলায় না আমাদের ভাগ্যও। থামে না নির্যাতিতার কান্না। বারবার পুনরাবৃত্তি ঘটে ধর্ষণ আর নির্যাতনের। যার জেরে ঘটে অসহায় মেয়েদের আত্মহত্যা আর আত্মাহুতির ঘটনা।
শালীন পোশাক পরার প্রবণতা দিন দিন বাড়ছে বৈ কমছে না। তবে এই শালীন পোশাক পরিধানকারিণীদের প্রতি এক শ্রেণির ভুঁইফোড়ের এলার্জিক্যাল প্রবলেম প্রতিনিয়তই বাড়ছে। মুসলিম নারীদের মধ্যে পর্দা করেন কিংবা বোরকা পরেন এমন নারীর সংখ্যা একেবারেই নগণ্য নয়। মুসলিম নারীদের অনেকেই আলহামদু লিল্লাহ পর্দা করেন। বিশ্বের যে কোনো প্রান্তে গেলে কিছু বোরকা পরা নারী চোখে না পড়ে থাকে না। এতে সন্দেহ নেই যে, বোরকাপরা নারীকে অন্য যে কোনো পোশাক পরিহিত নারীর চেয়ে শালীন ও সমীহযোগ্য মনে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো, তাদের দেখলে এক শ্রেণির অসুস্থ মানসিকতার লোক কপাল কুঁচকায়। অবশ্য এ জাহেল লোকগুলো ছাড়া অন্য সবাই মনে মনে শ্রদ্ধাবোধ করেন।
মুসলিম সমাজে পথেঘাটে বোরকাপরা নারীদের সম্মান দেখানো হয়। গাড়িতে সিট না পেলে বেপরোয়া তরুণরাও তাদের জন্য নিজের আসন ছেড়ে দেয়। যারা সত্যিকার পর্দা করেন রাস্তাঘাটে তাদের পিছু লাগে না বখাটে যুবকরাও। এটিই স্বাভাবিক চিত্র। তবে এই স্বাভাবিক চিত্রের উল্টো পিঠও আজকাল দেখা যায়।
এ যুগের বোরকাপরা মেয়েদের পেছনেও ইদানীং বখাটে ছেলেরা ঘুরঘুর করে। বোরকা হেফাজতের কারণ হওয়ার পরও অনেক বোরকাবৃতা দুর্ঘটনার শিকার হন। গৃহবধূ থেকে নিয়ে স্কুল-কলেজ এমনকি মাদরাসার ছাত্রীরাও সাম্প্রতিককালে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছেন। তারাও আজকাল খবরের শিরোনাম হচ্ছেন। বিষয়টি নিয়ে আসলে স্বতন্ত্রভাবে ভাবা দরকার। আমার মতে, এর অন্যতম কয়েকটি কারণ রয়েছে। নিচে এ সম্পর্কই আলোচনার প্রয়াস পাবো ইনশা আল্লাহ।
বিশ্বব্যাপী শালীন পোশাক তথা ইসলামের পর্দা বিধানের বিরুদ্ধে অপপ্রচার, দেশীয় মিডিয়াগুলোয় বোরকাকে নেতিবাচকভাবে বিরামহীন উপস্থাপন, সর্বোপরি কিছু বোরকাধারীর অনাকাঙ্ক্ষিত আচরণহেতু দিনদিন বোরকার প্রতি এক শ্রেণির মানুষের বিরূপ মনোভাব গড়ে ওঠছে। মিডিয়ার বিষয়টি
বাদ দিলে তথাকথিত এই বোরকাওয়ালীদের আচরণই মূলত দায়ী। অনেক সময় দেখা যায় অনেক যুবতি বোরকা পরে বটে; কিন্তু তার চাকচিক্য এমন হয় যে, বোরকা পরেই সে অন্যকে বেশি আকৃষ্ট করে।
আল্লাহ তায়ালা পর্দা করার নির্দেশ দিয়েছেন। যাতে নারীরা তাদের সৌন্দর্যকে গোপন করে এবং তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। কিন্তু পর্দা যদি এমন সুন্দর হয়, যা দেখে পুরুষরা নারীদের প্রতি আকৃষ্ট হয় এবং ফেতনার মুখোমুখি হয়, তাহলে এ ধরনের পর্দার কোনো অর্থ হতে পারে না। কারণ, এ ধরনের কাপড় ছাড়া পর্দা বাস্তবায়ন হবে না। কেননা, চিকন ও পাতলা কাপড় পরিধান করলে বাস্তবে মহিলারা উলঙ্গই থেকে যায়।
ইদানীং এমন কিছু হিজাব বা বোরকা বের হয়েছে, যার সৌন্দর্য ও চাকচিক্য ঢেকে রাখার জন্য আরেকটি হিজাবের প্রয়োজন হয়ে পড়ে। এ ধরনের হিজাব পরার দ্বারা নারীর প্রতি পুরুষের আকর্ষণ আরো বেড়ে গিয়ে থাকে। এ প্রসঙ্গে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- سَيَكُونُ فِي آخِرِ أُمَّتِي نِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ عَلَى رُؤُوسِهِنَّ كَأَسْنِمَةِ البُخْتِ الْعَنُوهُنَّ فَإِنَّهُنَّ مَلْعُوْنَاتٍ.
আমার আখেরি জামানার উম্মতদের মধ্যে এমন কতক নারীর আবির্ভাব হবে, যারা পোশাক পরিধান করলেও মূলত তারা উলঙ্গ। তাদের মাথা উটের চোটের মতো উঁচু হবে। তোমরা তাদের অভিশাপ কর। কারণ, তারা অভিশপ্ত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন- لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا .
তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকেও পাওয়া যাবে। [মুসলিম শরীফ]
সম্প্রতি একটি শ্রেণি বোরকাবিরোধী কটুবাক্য উচ্চারণে অভ্যস্ত। এদের কারণে অনেক সময় প্রকৃত পর্দানশীল নারীদেরও দুষ্টলোকের অশিষ্ট মন্তব্য হজম করতে হয়। নিজের মতো বোরকাপরা একটি মেয়েকে নষ্টামি করতে দেখে কে না লজ্জায় অধোবদন হন। মানুষের সামনে আড়ষ্ট হয়ে ভেতরে হায় হায় করেন।
এখন শহরের কলেজ-বিশ্ববিদ্যালয় বলতেই এমন কিছু ব্যাপার সেখানে ডালভাত। বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়ের আশপাশের হোটেল রেস্তোরাঁয় অশ্লীল পোশাকপরা মেয়েদের মতো বোরকাপরা কিছু শালীন পোশাকধারীকেও দেখা যায় বয়ফ্রেন্ডের সঙ্গে অবলীলায় আড্ডা দিতে। আবার অনেককে বেগানা পুরুষের সঙ্গে স্বামীর মতো করে গা ঘেঁষে বিচরণ করতেও দেখা দেয়।
সার্ভিস বাসগুলোয় অন্য তরুণ-তরুণীর তো বটেই বোরকাপরা কোনো মেয়েকে পেছনের সিটে বসে বয়ফ্রেন্ডের সঙ্গে খুনসুটি করতে দেখলে আর কষ্টের অন্ত থাকে না। মুসলিম মেয়েদের আঁটসাঁট পোশাক আর অশ্লীলতার নির্লজ্জ প্রদর্শনীর জ্বালায় যখন পথে বেরুনো দায় তখন এই গুটিকয় বোরকাধারীর এসব আচরণ আরো অসহ্য ব্যাপার হয়ে দাঁড়ায়।
ইদানীং কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে কিংবা শহরের কোনো পার্ক বা রেস্টুরেন্টে গেলে যে কারো চোখে পড়বে বোকরাবৃতা মেয়েদের অসংলগ্ন আচরণ। যানবাহন আর পার্কে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত বাপের টাকায় পড়তে আসা ছাত্রীদের দেখা যায় বয়ফ্রেন্ডদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিচ্ছে। সত্যিকার পর্দাকারিণী এবং ইসলাম অন্তঃপ্রাণ বলতেই তাদের এসব অসভ্য ও ইসলামি শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড দেখে বিস্মিত ও ব্যথিত হন। তাদের নিয়ে যখন মানুষ বিরূপ মন্তব্য করে তখন নিলাজ তারা হয়তো শুনতে পান না কিংবা শুনলেও তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না। কিন্তু ইসলামপ্রেমী অন্য যারা এসব খারাপ মন্তব্য করতে শোনেন, তারা ঠিকই বিব্রতবোধ করেন। প্রচণ্ডভাবে মর্মাহত হন।
আবার কাউকে দেখা যায় বোরকা পরেছেন তো তার মুখ খোলা। উপরন্তু মুখমণ্ডলে মেকআপ আর রঙের ছড়াছড়ি। ঠোঁটে কড়া লিপস্টিকের দৃষ্টিকটু কারুকাজ। বোরকাওয়ালির এহেন রূপ প্রদর্শন ইসলামের জন্য দুর্ভাগ্যজনক।
আরেক শ্রেণির নারী জিন্স প্যান্ট আর টাইট গেঞ্জি পরে। কিন্তু মাথা আবৃত রাখে ফ্যাশনেবল স্কার্ফ দিয়ে। শরীরের গঠন তাতে কেবল সুদৃশ্যমানই হয়ে ওঠে না, কোনো কোনো ক্ষেত্রে তা পুরুষকে আর দশজন বেপর্দা নারীর চেয়ে বরং বেশিই আকর্ষণ করে। আরেকটি শ্রেণি আছে যারা বোরকা পরে মুখও ঢাকে ঠিক; কিন্তু সেই বোরকা আর স্কার্ফ এতোটাই পাতলা যে, তাতে আবৃত দেহের আকার-আকৃতি অক্লেশেই পুরুষের লোলুপ দৃষ্টির সামনে তুলে ধরে।
ইদানীং অনেক মা-বোনকে দেখা যায়, বোরকা পরে কিংবা মাথায় হিজাব লাগিয়ে নিজের মেয়েকে অর্ধনগ্ন পোশাকে সুন্দরী প্রতিযোগিতা কিংবা নাচ, গান কিংবা সুন্দরী বিচিত্র দেহ প্রদর্শনীমূলক প্রতিযোগিতায় নিয়ে যান। আর এসব প্রতিযোগিতায় নিজের মেয়েকে খেতাবধারী বানাতে ছোটবেলা থেকেই নিয়ে যান গান বা নাচের স্কুলে। মুসলিম হিসেবে শুদ্ধভাবে কুরআন শেখার যে বাধ্যবাধকতা রয়েছে, সন্তানকে তা শেখাতে যারা যত্নশীল নন, বিস্ময়করভাবে তারাই কি-না দু'দিনের যশ-খ্যাতি কামাতে নাচ-গানে এতো আন্তরিক!
এ পর্যায়ে একটি ব্যাপার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাহলো, যারা বোরকা পরা সেসব নারীর সমালোচনা না করে বোরকাকে সমালোচনায় বিদ্ধ করেন, তাদেরও একটি বিষয় বিবেচনায় রাখা উচিত যে, কিছু দুষ্ট প্রকৃতির নারী তাদের অপকর্ম নির্বিঘ্নে সম্পাদনের জন্য বোরকা ব্যবহার করেন। আবাসিক বোর্ডিং কিংবা ছিনতাই বা চুরি-ডাকাতির ক্ষেত্রে, মাদক পাচারকালেও এর আশ্রয় নেয় অনেক দুষ্ট লোক। হতভাগা কিছু নারী পরীক্ষায় নকলের জন্যও বোরকাকে কলংকিত করে। এদের বিচার তো আল্লাহই করবেন। এ জন্য ঢালাওভাবে বোরকাকে দোষারোপ করা বা ধর্মদ্রোহীদের ভাষায় বোরকাবৃতাদের দোষ খুঁজে বেড়ানো আর যাই হোক কোনো ঈমানদারির পরিচয় হতে পারে না; হতে পারে না কোনো ভদ্রলোকের আচরণও। এদের অপকর্মকে যদি কেউ বোরকা না পরার যুক্তি হিসেবে তুলে ধরেন তবে তিনি অজ্ঞতা কিংবা ধর্মদ্রোহিতার পরিচয় দেবেন। মনে রাখতে হবে যে, কিছু লোকের অপকর্মের ভার কখনো কোনো শ্রেণির ওপর চাপানো সুবিবেচনা হতে পারে না। এটি অবশ্যই জঘন্য অন্যায়।

📘 লাভ ম্যারেজ > 📄 বোরকার মুণ্ডপাত

📄 বোরকার মুণ্ডপাত


একটি বিষয় আজ সমাজদেহকে বিষিয়ে তুলছে। তাহলো, সারা পৃথিবীর সঙ্গে সুর মিলিয়ে আমাদের মিডিয়াগুলোও তো বর্ণবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ। রোজ পেপারে গুরুত্বের সঙ্গে বর্ণবাদী ঘটনার বিবরণে একে অপরাধ হিসেবে তুলে ধরা হয়। তথাপি তারা আবার কিভাবে বর্ণবাদী আচরণ করে ইসলাম অনুশীলনকারীদের প্রতি? সন্দেহ নেই যে, ইসলামি পোশাকের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও এক ধরনের বর্ণবাদী মানসিকতার পরিচায়ক। কেউ যদি উল্টো যুক্তি দিয়ে বলে যে, তারা নিজেরা যে সাধারণ পোশাক পরেন, দুনিয়ার সব অপরাধী আর সন্ত্রাসী বদমাশই তো সে পোশাকে শোভিত হয়।
তাই বলে কি প্যান্ট-শার্ট পরা দেখলেই তাকে কেউ বলতে পারে সন্ত্রাসী, দুষ্কৃতকারী? বিশ্বসন্ত্রাসী আমেরিকা আর ইসরাইলের প্রধানমন্ত্রী ফুলপ্যান্ট আর টি শার্ট বা কোর্ট-টাই পরেন বলে আমি কি এ পোশাকে কাউকে দেখলেই বলতে পারি যে, এই হিটলার, মুসোলিনি? কখনো না। তাহলে বোরকাপরা কোনো নারীকে কিংবা অপরাধ সংঘটনের জন্যই বোরকাপরা পুরুষকে কাব্যাঘাত না করে কেন মুণ্ডপাত করা হবে বোরকার? এ এক অবিচারই বটে।
তবে বোরকাপরা বোনদেরও মনে রাখতে হবে যে, ইসলামবিরোধী মিডিয়াগুলো সব সময় এসব খারাপ দৃষ্টান্ত লুফে নেয়ার অপেক্ষায় থাকে। তারা টুপি-দাড়ি বা বোরকাপরা মানুষের কোনো দোষ পেলে দায়ী ব্যক্তির অপরাধের সমালোচনা না করে এই পোশাকের বিরুদ্ধে ওঠেপড়ে লেগে যায়। আসলে এই ছুতোয় তারা নিজেদের ইসলাম না মানার কুবাসনা চরিতার্থ করে। নিজের ধর্মহীনতাকে জায়েয করার ব্যর্থ চেষ্টা চালায় ষোলকলা পাকাপোক্ত করে।
বোরকার প্রমাণ দিতে গিয়ে বিশিষ্ট সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেছেন-
كَالرِّدَاءِ وَالثَّيَابِ يَعْنِي عَلَى مَا كان يتعاطاه نِسَاءُ الْعَرَبِ مِنَ الْمِقْنَعَةِ الَّتِي تُجَلِّلُ ثِيَابَهَا وَمَا يَبْدُو مِنْ أَسَافِلِ الثَّيَابِ. فَلَا حَرَج عليها فيه لأن هذا لا يمكنها إخفاؤه
চাদর ও কাপড়। আরবের নারীগণ যে বড় চাদরে তাদের পরনের কাপড় ঢেকে বের হতেন এবং কাপড়ের নিচের অংশ, যা চলার সময় চাদরের নিচ দিয়ে প্রকাশিত হয়ে যেত, তা যেহেতু ঢেকে রাখা সম্ভব নয় সেহেতু এতে কোনো দোষ নেই। [ইবনে কাসীর: ৬/৪১]
হযরত আবদুল্লাহ ইবনে আমর বিন আস রা. হতে বর্ণিত। তিনি বলেন-
رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে জাফরান ব্যবহৃত একজোড়া কাপড় দেখে বললেন, 'এসব হলো কাফেরদের পোশাক। তাই তুমি তা পরিধান করো না।' [মুসলিম: ৫৫৫৫]
সমাজদেহ থেকে এই অভিযোগ ও সমালোচনার মূলোৎপাটন জরুরি। সেজন্য বোরকাপরা নারীদের প্রয়োজন দায়িত্বশীল আচরণ। কারণ প্রকৃত বোরকাবৃতা মা বোনেরা কিছুতেই নিজের মর্যাদা ও সম্মানের কথা ভুলতে পারেন না। তাদের জানতে হবে কোন কাজটি তাদের সম্মানের সঙ্গে যায় আর কোনটি যায় না। শুধু সামাজিকতা রক্ষায় কিংবা বাবা-মা'র পীড়াপীড়িতে নয়, সকল নারীকে বোরকা পরতে তথা শালীন পোশাক পরতে হবে আল্লাহর হুকুম সম্পর্কে জেনে এবং বিধানটিকে বুঝে। বুঝতে হবে যে, আল্লাহ তায়ালার নির্দেশ বোরকা নয়; তাঁর নির্দেশ হলো পর্দা রক্ষা করা। তাই প্রয়োজন আপাদমস্তক নিজেকে ঢেকে ফেলা এবং বেগানা পুরুষের সংশ্রব থেকে যথাসাধ্য দূরত্ব বজায় রাখা। মনে রাখতে হবে যে, পরিবারের নিরাপদ ছায়াই নারীর ঠিকানা।
ইদানীং এ বিষয়ে উদ্দেশ্যমূলকভাবে মাঝেমধ্যেই বিতর্ক তোলা হচ্ছে। আসলে এ বিষয়টি স্বতন্ত্র আলোচনার দাবি রাখে। তবে হ্যাঁ, এ জন্য অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। সন্তানকে আর সব শিক্ষার পাশাপাশি ইসলামের মৌলিক শিক্ষাও দিতে হবে। পর্দা এবং ইসলামের শিষ্টাচার শেখাতে হবে অগ্রাধিকার ভিত্তিতে। পাশাপাশি তাদের জন্য পরিবারে নিশ্চিত করতে হবে ইসলামি অনুশাসন এবং সঠিক গৃহশিক্ষার। নিজের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে কলিজার টুকরো মেয়েকে বিধর্মী পোশাক কিংবা পুরুষদের বেশ কিনে দেবেন না। সন্তানকে বানাবেন না আল্লাহর রাসূলের অভিশাপের ভাগিদার। দায়িত্বশীল হিসেবে নিজেকেও বানাবেন না অপরাধী।

📘 লাভ ম্যারেজ > 📄 চাঁদ কপালে তিলক রেখা

📄 চাঁদ কপালে তিলক রেখা


কপালে তিলক পরাটা কোনো কোনো নারী ফ্যাশন মনে করে থাকে। বিশেষত যুবতি, তরুণীদের মাঝে এর প্রকোপ অধিক হারে লক্ষ্য করা যায়। এ কথা সন্দেহাতীতভাবেই বলা চলে যে, কপালে সিঁদুর বা তিলক পরা বিধর্মী বিবাহিত নারীর সংস্কৃতি বা প্রতীক। কিন্তু পরিতাপের বিষয় হলো, অনেক মুসলমান নারীর মধ্যেও কপালে তিলক পরার ব্যাধি আছে। তারা ভেবে থাকে যে, কপালে তিলক না দিলে জাতে ওঠা যায় না। এটা যেন গর্বের প্রতীক তাদের।
আজকাল নানা রঙের তিলক বাজারে পাওয়া যায়। মেয়েদের গায়ের শাড়ি কিংবা অন্যান্য পোশাকের সাথে ম্যাচিং (Maiching) করে তারপর তিলক
ব্যবহার করে। অথচ এটা বেদীনদের ধর্মীয় রীতির অনুসরণ। সে কারণে এটা সম্পূর্ণ হারাম।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।
কথিত রূপপূজারী ফ্যাশনবাদী নারীদের মনে সংশয় জাগে, এই চাঁদনিমুখে কারো কুদৃষ্টি পড়বে না তো! তাই তারা 'বদ-নজর' থেকে রক্ষার জন্যে চেহারায় একখানা 'তিলকচিহ্ন' বসিয়ে দেয়। এই তিলক চিহ্নের নামই 'বিউটি স্পট'। এই তিলকচিহ্ন নাকি সৌন্দর্যকে আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। বাহ! কী চমৎকার আয়োজন। সৌন্দর্যও বাড়াল আবার কুদৃষ্টিকেও প্রতিহত করল।
পরিতাপের বিষয় হলো, আমরা কি ঘুণাক্ষরেও ভেবে দেখেছি যে, এই কি মুসলিম নারীর জীবন? তুচ্ছ এই দু'দিনের পান্থশালা! যেসব মুসলিম নারী দিবানিশি সৌন্দর্যচর্চায় নিমজ্জিত- তারা যেন মনেই করতে পারে না যে, নামাজ-রোযাও তার কাজ। তারা ভেবেই দেখে না যে, তাকে এই জীবন ও অর্পিত কর্তব্য সম্পর্কে একদা জবাবদিহি করতে হবে হরফে হরফে।
তাছাড়া যারা সৌন্দর্যের তিলক এঁকে পথে-প্রান্তরে, পার্কে, মার্কেটে ঘুরে বেড়ায় আর তাদের প্রতি হাজার বছরের রূপতৃষ্ণা নিয়ে তাকিয়ে থাকে রূপপাগল যে পুরুষের দল; তাদের উভয় শ্রেণি সম্পর্কে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এভাবে- لَعَنَ اللَّهُ النَّاظِرَ وَالْمَنْظُورَ إِلَيْهِ 'ঘুরে ঘুরে রূপদর্শনকারী পুরুষ আর রূপ প্রদর্শনকারী নারীদের প্রতি আল্লাহ তায়ালার লানত হোক।' (গাযযুল বাছার : ১৫ পৃ.।
আমেরিকার এক বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ তার দীর্ঘজীবনের গবেষণায় বলেন, যে কোনো কেমিক্যাল জাতীয় রং শরীরের জন্য ক্ষতিকর। বিশেষত স্পর্শকাতর কোনো স্থানে যদি এ জাতীয় রঙের ব্যবহার হয় তবে এর শরীরে চর্ম জাতীয় রোগ বাসা বাঁধে। এমনকি অনেক ক্ষেত্রে ক্যান্সারের মতো বড় ধরনের রোগও হয়ে থাকে।
মেয়েরা কপালে সাধারণত যে তিলক ব্যবহার করে থাকে তা অনেক কেমিক্যালযুক্ত বিভিন্ন রঙের মিশ্রণ। আর কপাল হলো মুখের একটা অংশ এবং মুখ হলো শরীরের সবচেয়ে স্পর্শকাতর স্থান। এটি নারীর সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু। সুতরাং কেউ যদি কপালে সর্বদা তিলক ব্যবহার করে আর এটি যদি তার ত্বকের সাথে এগজাস্ট না হয় তবে এলার্জিসহ যে কোনো চর্ম রোগ দেখা দিতে পারে। এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ রোগও তার মুখে, কপালে বাসা বাঁধতে পারে।
বিশেষত ৮ থেকে ২৫ বছর বয়সের মেয়েদের ক্ষেত্রে এটি বেশি আশঙ্কা হয়ে থাকে। আমাদের উচিত যথাসম্ভব এ জাতীয় কেমিক্যাল শরীরে ব্যবহার থেকে বেঁচে থাকার যথাসাধ্য চেষ্টা করা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00