📘 লাভ ম্যারেজ > 📄 যৌবনের মৌবনে

📄 যৌবনের মৌবনে


প্রতিটি যুবক ও যুবতি তাদের যৌবনের নিরাপত্তা চায়। তারা তাদের শরীরকে সুস্থ রাখতে চায়। এই সুস্থ দেহ প্রশান্ত মন ও কর্মব্যস্ত সুখি জীবন মানব জীবনের জন্য আবশ্যক। কিন্তু এ প্রশান্তি কোন পথে রয়েছে তা আমরা অনেকে তালাশ করে পাই না। গবেষণায় দেখা গেছে যে, বিবাহের মধ্য দিয়ে মানবমনে যেই প্রশান্তি ও প্রফুল্ল আসে অন্য কোনোভাবে তা পাওয়া যায় না।
আমেরিকান ডাক্তারদের সমীক্ষায় দেখা গেছে যে, বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী কুমারদের তুলনায় বিবাহিতরা অধিক সুস্থ থাকে।
গবেষণায় আরো জানা গেছে যে, বিবাহিত লোকদের নেশার প্রতি আগ্রহ খুব কম থাকে। তারা নিজেদের খাদ্যের প্রতি সজাগ দৃষ্টি রাখে। এক সঙ্গী সকল ব্যাপারেই অপর সঙ্গীকে সহায়তা দেয়। তারা নিয়মিত ব্যায়াম করে।
এ ব্যাপারে মার্কিন স্বাস্থ্যবিজ্ঞানীগণ উনিশ হাজার লোকের ওপর জরিপ চালানোর পর দেখা গেছে যে, অ্যাজমা থেকে মাথা ব্যথা পর্যন্ত প্রায় সকল রোগে কুমারদের তুলনায় বিবাহিতরা কম আক্রান্ত হয়ে থাকে।
বৃটিশ ম্যারেজ প্লাস ওয়ান ইউরোপ এবং আমেরিকায় ব্যাপক গবেষণা করার পর এ সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে যে, বিবাহিত লোকেরা দীর্ঘ জীবনলাভ করে। তাদের স্বাস্থ্যও সুস্থ থাকে। তাদের ওপর মানসিক এবং শারীরিক রোগ খুব কম প্রভাব ফেলতে পারে। তারা দুর্দশাগ্রস্ত থাকে খুবই কম, আর্থিক দিক থেকে তারা থাকে স্বয়ংসম্পূর্ণ। পক্ষান্তরে যারা কুমার জীবনযাপন করে অথবা বিধবা কিংবা তালাকপ্রাপ্তা হয় তাদের ব্যাপারটি এদের সম্পূর্ণ বিপরীত।
এ বিষয়ে ইউরোপ এবং আমেরিকায় চালানো এক সমীক্ষায় দেখা গেছে যে, দাম্পত্য জীবনের পরাজয় অনেক মানসিক ও শারীরিক রোগের জন্ম দেয়। এ প্রসঙ্গে ফায়না এম সি আলাস্টারের বক্তব্য এই যে, শুধু ব্রিটেনেই প্রতি বছর ৩ লাখ ৪৬ হাজার প্রাপ্ত বয়স্ক তালাকপ্রাপ্ত হয় এবং প্রায় ১ লাখ ৫০ হাজার শিশু অবৈধ সম্পর্কের কারণে জন্মগ্রহণ করে। দাম্পত্য সম্পর্কের ঘাটতির কারণে বাস্তবজীবনে এরা সফলতা লাভ করতে ব্যর্থ হয়।
বিজ্ঞানীদের গবেষণায় বেরিয়ে এসেছে যে, বিবাহের দ্বারা নিম্নোক্ত উপকারিতা পাওয়া যায়-
১. আনন্দঘন দাম্পত্য জীবন দৈনন্দিন পেরেশানি এবং দুশ্চিন্তার মাঝে ঢালের মতো ভূমিকা রাখে।
২. বিবাহিত লোকদের স্বাস্থ্য স্বাভাবিকভাবে অবিবাহিত লোকদের চেয়ে বেশি সুস্থ থাকে।
৩. বিবাহ মানুষকে অনেক খারাপ কাজ যেমন- মদপান, অবৈধ সম্পর্ক এবং সিগারেট পান থেকেও রক্ষা করে।
ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী এম সি আলাস্টার বলেন, দাম্পত্যজীবনে পরাজয় শারীরিক রোগ ছাড়াও অনেক মানসিক রোগ সৃষ্টির কারণ হতে পারে।
অনুসন্ধান রিপোর্ট অনুযায়ী ১৯৭৩ সালে ব্রিটেনের মানসিক রোগ হাসপাতালে প্রায় এক লক্ষ লোকের মধ্যে ২৫৭ জন বিবাহিত লোক চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল। অথচ তার বিপরীতে ৬৬৫ জন অবিবাহিত, ৭৫২ জন বিপত্নীক এবং ১৫৯৬ জন তালাকপ্রাপ্ত লোক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। আর নারীদের মধ্যে ৪৩৩ জন বিবাহিতা, ৬২৩ জন অবিবাহিতা, ৬২০ জন বিধবা এবং ১৫৯৬ জন তালাকপ্রাপ্তা চিকিৎসার জন্য ভর্তি হয়েছে।
অনুসন্ধানে এও দেখা গেছে যে, অবিবাহিতদের মধ্যে হার্টের রোগের কারণে মৃত্যুহার বিবাহিতদের চেয়ে অনেক বেশি। তাছাড়া অবিবাহিত লোকেরা ক্যান্সার, আত্মহত্যা এবং আরো অন্যান্য প্রাণঘাতী রোগে বিবাহিত লোকদের তুলনায় অধিক আক্রান্ত হয়ে থাকে।

📘 লাভ ম্যারেজ > 📄 স্বামীর কোলেই নারীর প্রকৃত প্রশান্তি

📄 স্বামীর কোলেই নারীর প্রকৃত প্রশান্তি


নারী যত উচ্চ মর্যাদাই অর্জন করুক না কেন! শিক্ষা ও জ্ঞানে যতই অগ্রগতি লাভ করুক এবং ধন-সম্পদ ও সুখ্যাতি যতই আয়ত্ত করুক- এতে তাদের প্রকৃত প্রত্যাশা পূরণ হবে না। তাদের মান-মর্যাদা, প্রসিদ্ধি, সুখ্যাতি, ধন-সম্পদ তাদের মনকে শান্ত করবে না; বরং বিবাহ ও স্বামীর সান্নিধ্যই কেবল দিতে পারে তাদেরকে অনাবিল শান্তি ও সুখ। এর মাধ্যমেই পূরণ হতে পারে তাদের প্রত্যাশার ডালি।
নারীরা তাদের জীবনে তখনই প্রকৃত শান্তি খুঁজে পায় যখন সে একজন সৎ ও আদর্শ স্ত্রী হতে পারে, সম্মানিত একজন মা হতে পারে এবং একটি বাড়ির পরিচালিকা হতে পারে। এক্ষেত্রে একজন সাধারণ নারী থেকে শুরু করে রানি, রাজকন্যা, অভিনেত্রী, বিশ্বসুন্দরীর মাঝে কোনো পার্থক্য নেই। সকলের ক্ষেত্রেই একই কথা।
এ প্রসঙ্গে আমি নাম উল্লেখ না করে দু'জন নারীর উদাহরণ দিতে চাই। আমি তাদেরকে খুব ভালো করে চিনি ও জানি। তারা উচ্চশিক্ষিতা, ধনবতী ও সুসাহিত্যিক। স্বামীহারা হয়ে তারা প্রায় পাগল অবস্থায় বেঁচে আছেন। কয়েকদিন আগেও তাদের জীবন ছিল স্বাভাবিক। তাদের মুখে ছিল হাসি। আনন্দের সাম্পানে চড়ে খলখল করছিল তাদের জীবন। তাদের জীবন ছিল সুখে ভরপুর। এখন তাদের সবই আছে ভরা বেলুনের মতো। শুধু তাদের স্বামী নেই। এই একটি জিনিসের অভাবেই তাদের জীবন পানসা হয়ে আছে। তারা যেন বেঁচে থেকেও মৃতপ্রায়। এতে তাদের ভরা বেলুন চুপসে গেছে।
মূলত বিবাহ হচ্ছে প্রতিটি নারীর সর্বোচ্চ কামনা। এটিই তাদের মনের বাসনা। এটি দিয়েই মহান প্রভু তাদেরকে সৃষ্টি করেছেন। সে যদি পার্লামেন্টের সদস্যও হয়ে যায় কিংবা কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও হয়ে যায় তথাপি ততক্ষণ পর্যন্ত তাদের মনের প্রকৃত বাসনা পূর্ণ হবে না, যতক্ষণ না বউ হয়ে স্বামীর ঘরে প্রবেশ করতে পারবে।
তাই স্বামীর কোলেই নারীর প্রকৃত প্রশান্তি নিহিত। একবার যদি কোনো মেয়ের জীবনে কলঙ্ক নেমে আসে এবং তার সমাজ যদি তা জেনে ফেলে; তবে কেউ তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। এমনকি যেই পুরুষ তাকে নষ্ট করেছে সেও তাকে বিয়ে করে নিজের সংসার গড়তে রাজি হবে না। অথচ সে বিয়ের মিথ্যা ওয়াদা করে তার সতীত্ব ও সম্ভ্রম নষ্ট করেছে আর মনের চাহিদা পূরণ করে কেটে পড়েছে। উল্টো সে যখন বিয়ের মাধ্যমে কোনো নারীকে ঘরে তুলতে চাইবে তখন তাকে বাদ দিয়ে অন্য কোনো সম্ভ্রান্ত, সম্মানিত, ভদ্র, সতী ও পবিত্র নারীকেই খুঁজবে।
একজন পুরুষ কখনই চাইবে না যে, তার স্ত্রী হোক একজন নষ্ট নারী। কোনোক্রমেই সে মেনে নিতে চাইবে না যে, নিজ ঘরের পরিচালিকা হোক একজন নিকৃষ্ট মহিলা। কোনো পুরুষই মেনে নিতে চায় না যে, তার সন্তানের মা হোক একজন ব্যভিচারিণী।
পুরুষরা নিজে ফাসেক ও পাপী হয়েও চাইবে তার স্ত্রীটি হোক ফুলের মতো পবিত্র। এমনকি যখন সে নিজের পাপ ইচ্ছা পূর্ণ করার জন্য পাপের বাজারে কোনো পাপিষ্ঠা নারীকে খুঁজে পাবে না এবং বিয়ে ছাড়া নিজের যৌনচাহিদা পূর্ণ করার কোনো রাস্তা খুঁজে পাবে না তখন সে ইসলামের সুন্নাত অনুযায়ী বিয়ের মাধ্যমে কাউকে নিজের স্ত্রী বানানোর সন্ধানে বের হবে। সে কোনো পতিতাকে বা নষ্ট মহিলাকে কখনোই ঘরের স্ত্রী বানাতে রাজি হবে না।

📘 লাভ ম্যারেজ > 📄 যুবকের রঙিন চশমায় নারীর অবয়ব

📄 যুবকের রঙিন চশমায় নারীর অবয়ব


সতেরো বছর বয়সে যে জিনিসটি কোনো যুবককে ঘুমুতে দেয় না, এই জিনিসটি ছোট বড় আরও অনেককেই ঘুমুতে দেয় না। এমনকি এ কামনার আগুন অনেকের আরামের ঘুম হারাম করে। অনেক ছাত্রকে অমনোযোগী করে পাঠে। অনেক শ্রমিক কাজ হারায়। অনেক ব্যবসায়ীর ব্যবসা লাটে ওঠে।
যে প্রেমের বর্ণনা কবিরা দিয়েছে, সাহিত্যিকরা কল্পনার রং মেখে যা উপস্থাপন করেছে, তা-ই প্রত্যেকের মাঝে বিরাজ করে। দুটো একই। পার্থক্য হলো, কেউ এ প্রেমকে গ্রহণ করে খোলামেলা নিরাভরণ। কথিত বুদ্ধিমানরা তা ঠিকই ধরতে পেরেছে। তাই তারা মানুষকে প্রতারিত করার জন্য বিষয়টিকে চকোলেটের মতো কাগজে মুড়িয়ে পরিবেশন করে। কেউ পান করে ঝরনায় মুখ দিয়ে, আর কেউ পান করে কারুকার্যমণ্ডিত সুন্দর গ্লাস দিয়ে।
যৌবনের চাহিদা মূলত কবিদের কবিতা, গজলের পঙ্ক্তি, ফটোগ্রাফারের ফটো, চিত্রশিল্পীর আলপনা আর গায়কের সুরের মতো। এখানে কামনা সুস্পষ্ট ও প্রকাশ্য। পার্থক্য শুধু এতটুকু যে, ওখানে প্রচ্ছন্ন ও অস্পষ্ট। মজার ব্যাপার হলো, সবচেয়ে মন্দ ব্যাধি হলো যা প্রচ্ছন্ন ও অস্পষ্ট। মানুষের সামনে যা রঙিন ফানুসের মতো তুলে ধরে অথচ এর ভিতরটায় থাকে গরল। যাকে 'কথা সত্য মতলব খারাপ' বলা যেতে পারে।
যুবক বয়সে এসে সবারই ভেতরে নিভে থাকা একটি জিনিস জ্বলে ওঠে। এ বয়সীরা এর উত্তাপ অনুভব করে হাড়ে হাড়ে। পৃথিবী হয়ে ওঠে তাদের কাছে অন্য পৃথিবী। মানুষ হয়ে যায় তাদের চোখে অন্য কিছু। তাদের চোখে একজন নারীকে রক্তে-মাংসে গড়া মানুষ মনে হয় না; হয় অপরূপা হুর।
একজন মানুষের যা বৈশিষ্ট্য থাকে প্রতিটি নারীর মাঝেও তা বিদ্যমান। একজন মানুষের যা দোষ আছে তা-ও আছে তার মাঝে। কিন্তু যুবকেরা সে নারীর মধ্যে দেখতে পায় এক ধরনের আশা। সে দেখতে পায় তার জীবনের সব আশাই যেন ঐ যুবতির মাঝে এসে ভিড় করেছে। তার মাঝেই যেন শাদা বলাকার মতো এসে উড়াউড়ি করছে সব স্বপ্নের চাওয়া পাওয়া। তার মাঝেই বাস্তব হয়ে দেখা দেয় মনের গহীনে লুকিয়ে থাকা আশাগুলো। হ্যাঁ, যুবক যদি তার প্রত্যাশিত যুবতিকে শরিয়ত মোতাবেক বিয়ে করার প্রস্তাব দেয় তাহলে একবার তাকে দেখা বৈধ। যেমন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন-
إِذَا خَطَبَ أَحَدُكُمْ امْرَأَةً فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَنْظُرَ إِلَيْهَا إِذَا كَانَ إِنَّمَا يَنْظُرُ إِلَيْهَا لِخِطْبَةٍ ، وَإِنْ كَانَتْ لَا تَعْلَمُ .
তোমাদের কেউ কোনো নারীর প্রতি বিয়ের প্রস্তাব প্রদানের পর তাকে দেখলে কোনো গুনাহ হবে না। [মুসনাদে আহমাদ।]
একজন যুবক নারীর মাঝে দেখতে পায় এক ধরনের আকাঙ্ক্ষা। যেখানে এসে মিলিত হয়েছে সব চাওয়া পাওয়া। তার সহজাত কল্পনায় নারীকে পরিয়ে দেয় এমন পোশাক, যা তার সব দোষ ঢেকে দেয়, দুর্বলতা আড়াল করে দেয়। সে তখন তাকে উন্মুক্ত করে সৌন্দর্য আর কল্যাণের প্রতিমারূপে।
প্রতিটি যুবক একজন নারীকে নিয়ে তা-ই করে, যা করে একজন কৃতার্থ পূজারী পাষাণ প্রতিমা নিয়ে। সে নিজ হাতে প্রতিমা গড়ে তারপর প্রভু ভেবে পূজা করে। মূর্তিপূজারীর কাছে পাথরের প্রভু আর প্রেমিকদের কাছে রমণী কল্পনার মূর্তি।
এসবই স্বাভাবিক এবং যৌক্তিক। কিন্তু যে জিনিসটা অস্বাভাবিক ও অযৌক্তিক তাহলো পনেরো-ষোলো বছর বয়সের একটি যুবককে কামনার এহেন তীব্র দহনে দগ্ধ হওয়ার পরও শিক্ষাব্যবস্থার অযৌক্তিক দীর্ঘসূত্রিতার কারণে বিশ-পঁচিশ বছর বয়স পর্যন্ত এভাবেই কামনার তীব্র দহনে দগ্ধ হতে হয়। এই বছরগুলোতে যৌবনে ভরপুর তরুণ বা তরুণী কী করবে? একজন যুবক যেমন তার কল্পনার যুবতি প্রতিমাকে নানা রঙে সাজায় তেমনি একজন তরুণীও তার কল্পনার পাখায় ভর করে উড়াউড়ি করে একজন স্মার্ট যুবকের সন্ধানে। সেও তার স্বপ্নের রাজকুমারের প্রতিমায় মনের মাধুরী মিশিয়ে আল্পনার প্রলেপ আঁটে। যুবক-যুবতিদের বিশ-পঁচিশ বছরগুলোই কামনা বাসনা আর দৈহিক অস্থিরতার চূড়ান্ত সময়।

📘 লাভ ম্যারেজ > 📄 হীরা মানিক পান্না

📄 হীরা মানিক পান্না


প্রত্যেক নারীর কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সম্পদ হীরা, মানিক কিংবা পান্নার চেয়েও দামি। সেই বড় সম্পদ হলো তার সতীত্ব। এ সম্পদ হারালে তামাম দুনিয়ার বিনিময়েও তা আর ফিরে পাওয়া যায় না। মানুষরূপী জানোয়ারদের কবলে পড়ে কোনো নারী যদি তার অমূল্য সম্পদ হারায়, তার মর্যাদা নষ্ট হয় এবং সম্ভ্রম ও সতীত্ব চলে যায়, তাহলে তার হারানো সম্মান দুনিয়ার কেউ পুনরায় ফেরত দিতে পারবে না।
কোনো নারী যদি স্বীয় ইজ্জতহারা হয়ে সমাজ থেকে ছিটকে পড়ে কেউ তার হাত ধরবে না এবং তার দিকে সাহায্যের হাত প্রসারিত করবে না।
যতদিন সেই নারীর শরীরে যৌবন অবশিষ্ট ছিল ততদিন পাপিষ্ঠরা তার সৌন্দর্যের চারপাশে ঘুরঘুর করেছে এবং তার প্রশংসা করেছে। যৌবন চলে যাওয়ার সাথে সাথেই কুকুর যেমন মৃত জন্তুর মাংস ভক্ষণ করে হাড্ডিগুলো ফেলে রেখে চলে যায় ঠিক তেমনি তারা তাকে রেখে দূরে চলে যায়।
রক্তে-মাংসে গড়া যে কোনো যুবকের মনই কোনো টগবগে যুবতিকে কাছে পেতে চায়। আর এ কারণে সে যে কোনো যুবতির পিছে কুকুরের মতো ঘুরঘুর করতেও লজ্জাবোধ করে না। যে যুবতির চাহনি কিংবা চলাফেরা সুন্দর তার প্রতিই যুবকরা বেশি আকৃষ্ট হয়ে থাকে। আর তরুণীরা যুবকের চাহনিতে মজে যায়। সে বেমালুম ভুলে যায় পুরুষের আসল কামুক চেহারা।
তাই আমি বলব, হে যুবতি! তুমি কি জান পুরুষেরা কেন তোমার কাছে আসতে চায়? সে কেন তোমাকে নিয়ে ভাবে? কারণ তুমি খুব সুন্দরী এবং যুবতি। সে তোমার সৌন্দর্যের পাগল। তাই সে তোমার চারপাশে ঘুরঘুর করে এবং তোমাকে নিয়েই ভাবে। এখন আমার প্রশ্ন হলো, তোমার এই যৌবন ও সৌন্দর্য কি চিরকাল থাকবে? পৃথিবীতে কোনো জিনিস কি চিরস্থায়ী হয়েছে? শিশুর শিশুকাল কি শেষ হয় না? সুন্দরীর সৌন্দর্য কি আজীবন থাকে?
তোমার বোন যদি বিবাহের মাধ্যমে পরিবার গঠনে আত্মনিয়োগ না করে এবং ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে ইসলামি পারিবারিক জীবনের গণ্ডির বাইরে চলে যেতে চায় তাহলে তাকে প্রশ্ন কর যে, হে বোন! তুমি যখন বৃদ্ধ হবে, যখন তোমার পিঠ ও কোমর বাঁকা হবে এবং দেহের সৌন্দর্য বিলীন হবে তখন কে তোমার দায়িত্ব নেবে? তোমার পরিচর্যাই বা করবে কে? তা কি তোমার জানা আছে? যারা তার সেবা করবে, তারা হচ্ছে তার ছেলে-মেয়ে, নাতি-নাতনি। আর সে রানির মতো সিংহাসনে বসে পরিবারের অন্যদেরকে পরিচালনা করবে। এখন তুমি চিন্তা কর তো, তুমি কী করবে? বিবাহের মাধ্যমে তুমি কি এক নির্মল শান্তির সংসার রচনা করবে, নাকি ব্যভিচারিণী হয়ে স্বল্প সময় উপভোগ করে তোমার ভবিষ্যৎ জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিবে? স্থায়ী সুখের বিনিময়ে অস্থায়ী সুখ ক্রয় করা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে?
তুমি যদি আঁচ করতে পার যে, পুরুষ হচ্ছে নেকড়ে আর তুমি হচ্ছ ভেড়া, তাহলে কিন্তু তুমি নেকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য ভেড়ার ন্যায় পলায়ন করবে। তুমি যদি জানতে পার যে, সকল পুরুষই চোর তাহলে কৃপণের মতো তুমি তোমার সকল মূল্যবান সম্পদ পুরুষের কবল থেকে হেফাজত করার জন্য সিন্দুকে লুকিয়ে রাখবে।
মনে রেখ, নেকড়ে কিন্তু ভেড়ার গোশত ছাড়া অন্য কিছু চায় না। আর পুরুষ তোমার কাছ থেকে যা ছিনিয়ে নিতে চায় তা কিন্তু ভেড়ার গোশতের চেয়েও অনেক মূল্যবান। তা যদি তোমার কাছে থেকে চলে যায়, তাহলে জেনে রাখবে তা হারিয়ে তোমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদটি নষ্ট করতে চায়, তোমার সম্মানের বিষয়টি ছিনিয়ে নিতে চায় এবং তোমার অমূল্য রত্নটি অপহরণ করতে চায়।
জানতে চাও! সে অমূল্য সম্পদটি কী? কী সেই অমূল্য রতন ও হীরা? হ্যাঁ, সেটি হচ্ছে তোমার সতীত্ব ও পবিত্রতা। যাতে রয়েছে তোমার সম্মান। যা নিয়ে তুমি গর্বিত হয়ে বেঁচে থাকতে চাও। আল্লাহর শপথ! পুরুষ তোমার এটিই নিয়ে নিতে চায়। এটি ছাড়া অন্য কথা কেউ বললে তুমি তা বিশ্বাস করো না। কোনোক্রমেই তার মধুর কথায় গলে যেও না।
বর্তমান সময়টাকে আমরা বড়ই জটিল স্থানে নিয়ে এসেছি। এখন কেউ কারো উপকার করতে এগিয়ে আসতে চায় না। তাই জেনে রেখ যে, তোমার হেফাজত তোমার হাতেই। হ্যাঁ, এ কথা সঠিক যে, পাপের পথে অগ্রসর হওয়াতে পুরুষকেই প্রথম দায়ী করা যায়। এর সাথে সাথে আমার অভিজ্ঞতা এ কথা অকপটে বলে দেয় যে, নারী কখনই প্রথমে এ পথে অগ্রসর হয় না। তবে তাদের সম্মতি ব্যতীত কখনই পুরুষও অগ্রসর হতে পারে না। নারী নরম না হলে পুরুষ শক্ত হয় না। নারী দরজা খুলে দেয় আর পুরুষ তাতে প্রবেশ করে। আর প্রবেশ করেই ডাকাতের মতো লুটে নেয় মূল্যবান হীরে মানিক মুতি পান্না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00