📄 তসবীহ‘য়ের দানা
তসবীহ'য়ের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। সচরাচর আমাদের পকেটে তসবীহ না থাকলেও সবার বাসায় কিন্তু ঠিকই তসবীহ আছে। বর্তমানে ডিজিটাল তসবীহ'য়ের চাহিদা বাড়লেও একটা সময় আমরা সুতোয় গাঁথা দানার তসবীহ জপতাম। আমাদের দাদি/নানি পাঁচশত দানার তসবীহ একপাশ থেকে জপতে শুরু করতেন আর আমরা তাদের কোলে বসে অপর পাশ থেকে তা জপতে থাকতাম। আমি এখনও আম্মুর সাথে পাঁচশত দানার তসবীহ অপর পাশ থেকে জপতে থাকি। এতে অবশ্য আম্মু বিরক্ত হন; তবে মনে একধরণের প্রশান্তি লাভ করেন।
আচ্ছা সুতোয় গাঁথা তসবীহ আমরা জপতে থাকলে একটার পর একটা আসতেই থাকে তাই না? যদিও এক'শ পাঁচ'শ এর একটা নীতি নির্ধারণী আছে; তবুও যদি কেউ টানতে থাকে তাহলে একটার পর একটা আসতেই থাকবে আসতেই থাকবে। আমরা যতক্ষণ টানবো ততক্ষণ-ই আসবে। যখন টানা বন্ধ করে দিবো তখন আর আসবে না।
আচ্ছা ধরুন, সুতোর একমাথা কেউ কেটে দিলো, তখন কি আর দানা আসবে? কিছুতেই না। বরং একটা একটা করে সব দানা গড়িয়ে নিচে পড়ে যাবে। কিছুই অবশিষ্ট থাকবে না।
ঠিক তেমনিভাবে, দান-সদকাহ'য়ের বিষয়টা হচ্ছে আমাদের জন্য এমন। যতক্ষণ পর্যন্ত আমরা মানুষকে দান-সদকাহ করবো, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের আমল নামায় সাওয়াব ঢেলে দিবেন সাথে সাথে মাল-সম্পদেও বরকত দিবেন। আর যখন আমরা দান-সদকাহ দেয়া বন্ধ করে দিবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালাও আমাদের আমল নামায় সাওয়াব দেয়া বন্ধ করে দিবেন এবং আমাদের মাল-সম্পদকেও সীমিত করে দিবেন। আর যদি আমরা দান-সদকাহ'য়ের সাথে সাথে মানুষকে খোঁটা দেই, তাহলে সেই সুতোর একমাথা কেটে দেয়ার মতো অবস্থা হবে। আমাদের সব সাওয়াব গড়িয়ে নিচে পড়ে যাবে। আমল নামায় কিছুই আর বাকি থাকবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তাঁর পবিত্র কুরআনের মাঝে উল্লেখ করেন যে,
الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَا أَنْفَقُوا مَنًّا وَلَا أَذًى لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
যারা আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার রাস্তায় তাদের সম্পদ দান করে, অতঃপর তার যা ব্যয় করেছে তার পেছনে খোঁটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না, তাদের জন্য তাদের রবের নিকট প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিত হবে না।
قَوْلٌ مَعْرُوفٌ وَ مَغْفِرَةٌ خَيْرٌ مِنْ صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى وَاللَّهُ غَنِيٌّ حَلِيمٌ
উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন শ্রেয়, যে দানের পর কষ্ট দেয়া হয় তার থেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা অভাবমুক্ত, সহনশীল।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَتِكُمْ بِالْمَنِ وَالْأَذَى كَالَّذِي يُنْفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَّابِلٌ فَتَرَكَهُ صَلْدًا لَا يَقْدِرُوْনَ عَلٰى شَيْءٍ مِّمَّا كَسَبُوْا وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكٰفِرِيْنَ
হে মুমিনগণ! তোমরা খোঁটা ও কষ্ট দেয়ার মাধ্যমে তোমাদের সদকাহ বাতিল করো না সে ব্যক্তির মতো, যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা ও শেষদিনের প্রতি। অতএব তার উপমা এমন একনি মসৃণ পাথর, যার উপর মাটি রয়েছে আর তাতে প্রবল বৃষ্টি হয়ে পরিষ্কার করে দিলো। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা কাফির জাতিকে হেদায়েত দেন না।
وَالَّذِيْنَ يُنْفِقُوْনَ أَمْوَالَهُمْ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُوْنَ بِاللَّهِ وَلَا بِالْيَوْمِ الْآخِرِ وَمنْ يَكُنِ الشَّيْطٰنُ لَهُ قَرِيْنًا فَسَاءَ قَرِينًا
আর যারা নিজ ধন-সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং ঈমান আনে না আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার প্রতি ও শেষ দিবসের প্রতি। আর শয়তান যার সাথী হয়; সাথী হিসেবে কতোই-না নিকৃষ্ট সে।
الَّذِيْنَ يُنْفِقُوْনَ أَمْوَالَهُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَّ عَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে। তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট উত্তম প্রতিদান। তাদের কোনো ভয় নেই। তারা চিন্তিতও হবে না।
তম্মাত বিল খাইর
টিকাঃ
৭২ সুরা বাকারা, আয়াত: ২৬২
৭৩ সুরা বাকারা, আয়াত: ২৬৩
৭৪. সুরা বাকারা, আয়াত: ২৬৪
৭৫. সুরা নিসা, আয়াত: ৩৮
৭৬. সুরা বাকারা, আয়াত: ২৭৪