📘 লজিক্যাল মাইন্ড 📄 মাকড়ের ষড়যন্ত্র

📄 মাকড়ের ষড়যন্ত্র


মাকড় বেচারা মানুষের জন্য বিরাট ফন্দি আঁটে। রাতের আঁধারে মহল্লার সরু পথটার এপাশ থেকে ওপাশে লম্বা করে তার ঘর বাঁধে। মুসল্লি বেচারাকে কিছুতেই সে মসজিদে যেতে দিবে না। মুসল্লিকে নিয়ে মাকড়ের বিরাট ষড়যন্ত্র। পুরো মহল্লা জুড়ে মাকড়ের দখলদারিত্ব চলে। রাস্তার এপাশ থেকে ওপাশ তার জাল দিয়ে আটকানো। আমরা প্রত্যেকদিন ফজরের নামাজে যাওয়ার সময় এই মাকড়ের ষড়যন্ত্রে শিকার হই। বেচারা মাকড় মনে করে, এই মহল্লার রাজত্ব কেবল আমারই হাতে। দেখি মুসল্লি বেচারা কীভাবে নামাজ পড়তে যায়?

খুব ভোরে যখন আমরা এই সরু পথটা দিয়ে ফজরের নামাজ পড়তে বের হই, তখন কিন্তু আকাশটা অন্ধকার থাকে। এদিকে পথে আমাদের জন্য মাকড়ের ষড়যন্ত্র আঁটা। রাস্তা আটকানো। আমরা এই সুক্ষ্ম জালটা দেখতেও পাই না আবার এই জালটা আমাদের চলার পথে কোনো প্রতিবন্ধকতাও সৃষ্টি করে না। মাকড়ের এই জালটাকে ছিঁড়েফেঁড়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্য মসজিদে। ফলাফলঃ মাকড়ের ষড়যন্ত্র শূণ্য; একজন মুসল্লির বিজয়।

ঠিক তেমনিভাবে, আমরা যখন সত্যের পথে চলতে যাবো, হকের আওয়াজকে উঁচু করতে চাইবো, তখন আমাদের পথে মাকড়ের মতো এমন অনেক ষড়যন্ত্র আঁটা হবে। পথে নানা ধরনের প্রতিবন্ধকতা আসবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা মাকড়ের জালের মতোই মানুষের এসকল ষড়যন্ত্রকে গুড়িয়ে দিবেন। ফলাফলঃ মানুষের ষড়যন্ত্র বিফল; একজন মুমিনের বিজয়।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তাঁর পবিত্র কুরআনের মাঝে উল্লেখ করেন,
وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
আর তারা কুটকৌশল করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা কৌশল করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা উত্তম কৌশলকারী।

সুতরাং, একজন হক্বের আওয়াজ উঁচু কারীর কোনো ভয় নেই, ইন শা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা যার সাথী হন, তার সাথে ষড়যন্ত্র আঁটার দুঃসাহস কোন মুমিন দেখাতে পারে?

টিকাঃ
৭. আলে ইমরান, আয়াত: ৫৪

📘 লজিক্যাল মাইন্ড 📄 ভুল করেও ভুল পথে যাই না

📄 ভুল করেও ভুল পথে যাই না


আমরা নিয়মিত বাজারে যাই। বাসা থেকে বাজারের পথটা আমাদের খুব ভালো করেই চেনা-জানা। মুখস্থ পথ। সোজা রাস্তা। বাজারের উদ্দেশ্যে রওনা হলে কখনো আমরা ভুল করেও ভুল পথে চলে যাই না।

আচ্ছা, এরপরও কি আমরা কোনোদিন চোখ বন্ধ করে বাজারের পথে পা বাড়ানোর চেষ্টা করেছি? করিনি। আমরা সবসময় চোখ-কান খোলা রেখেই বাজারের পথে পা বাড়াই। রাস্তা অতিক্রম করার সময় স্বভাবগতভাবেই ডানে বামে তাকিয়ে দেখি। কোথায় কি হচ্ছে না হচ্ছে। সবকিছু খুব ভালো করে পর্যবেক্ষণ করি।

এই পথ চলতে অনেক কিছুই আমাদের নজরে আসে। যেমনঃ মানুষকে ভালো পথে আহ্বান করা; খারাপ হতে বাঁধা প্রদান করা, কুরআন তিলাওয়াত, ওয়াজ-মাহফিল, গান-বাজনা, বিড়ি-সিগারেটের আড্ডাসহ আরো কতো কী... এই সব কিছুই কি আমরা গ্রহণ করি? কখনোই না। আমরা খুব সাবধানতার সাথে ভালো কাজগুলোকে গ্রহণ করি আর খারাপগুলোকে এড়িয়ে যাই।

ঠিক তেমনিভাবে, আমরা যখন ইসলামের পথে চলতে চাইবো। সত্যের অন্বেষণকারী হবো। তখন আমাদের জীবনে পারিপার্শ্বিক বিভিন্ন প্রতিকূল অবস্থা দেখা দিবে। ইসলামের পথ সোজা পথ। তবে ডানে-বামে বিভিন্ন প্রতিকূল পরিবেশ রয়েছে। যেমনঃ তথাকথিত আহলে হাদীস, কাদিয়ানী, সা'দিয়ানীসহ নানা ফিরকা রয়েছে। আমাদের উচিত সোজা পথে হাঁটা। বাজারে যাওয়ার সময় আমরা যেমন ভুল করেও ভুল পথে পা বাড়াই না; ঠিক তেমনি সত্যের পথে চলতে গিয়ে যেনো আমরা ভুল করেও ভুল ফিরকা তথা নেক সুরতে শয়তানের ফাঁদে পা দেই না।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের সকলের সহায় হোন, আমীন।

📘 লজিক্যাল মাইন্ড 📄 বিবি সাহেবার লিস্টি

📄 বিবি সাহেবার লিস্টি


বিবি সাহেবা তার স্বামীকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আনার জন্য মোটামুটি একটা লিস্টি ধরিয়ে দিলেন। স্বামী বেচারা বাজারে গিয়ে একটা একটা করে পণ্য ক্রয় করলেন। ক্রয়ের পর তিনি আবার সেই লিস্টির সাথে মিলিয়ে দেখেন যে, সবগুলো পণ্য ঠিকঠাক আছে কিনা নাকি আবার কোনোটা বাদ পড়ে গেলো। তিনি খুব সতর্কতা অবলম্বন করেন। কারণ, তার জানা আছে যে, বিবি সাহেবা আমাকে এতো কষ্ট করে প্রত্যেকটা পণ্যের নাম লিখে লিস্টি ধরিয়ে দিয়েছেন। খোদা না করুন; যদি লিস্ট থেকে কোনো একটা পণ্য বাদ পড়ে যায়, তাহলে দফারফা হয়ে যাবে। তাই তিনি খুব ভালো করে চেক করে নিচ্ছেন যে, কোথাও কোনো ঘাটতি আছে কিনা।

এরপরও যদি কোনো ঘাটতি দেখা দেয়, তাহলে বিবি সাহেবার কাছে ক্ষমা চাচ্ছেন, অনুশোচনা করছেন। বেচারা এতোকিছু এই জন্যই করছেন যে- তার জানা আছে, উল্টাপাল্টা করার পর যদি তার কাছে ক্ষমা না চাই কিংবা অনুশোচনা না করি, তাহলে আমাকে বিবি সাহেবার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নানা প্রশ্নের সম্মুখিন হতে হবে।

ঠিক তেমনিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের জন্য দুনিয়াতে লিস্ট ধরিয়ে দিয়েছেন। আমরা দুনিয়ার বাজারে সেই লিস্ট দেখে দেখে সওদা করতে এসেছি। আমাদের লিস্টে লিখা আছে- ১. কালেমা। ২. নামাজ। ৩. রোজা। ৪. হজ্ব। ৫. যাকাত। আমরা প্রত্যেকদিন ঘুমের আগে বালিশের উপর মাথা দিয়ে আমাদের লিস্ট চেক করে দেখবো। মেলাবো যে, আজকের পাঁচওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো হলো কিনা। রমজানের সবগুলো রোজা আমার রাখা হয়েছে কিনা। পূর্ণাঙ্গভাবে এবছরের যাকাত আদায় করা হলো কিনা। হজ্ব ফরজ হলে তা পালন করা হলো কিনা। এভাবে প্রত্যেকটা হুকুম-আহকামকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। কোথাও কোনো ঘাটতি দেখা দিলে তা নিয়ে অনুশোচনা করা। সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কাছে ক্ষমা চেয়ে তা আদায় করার ব্যবস্থা করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের উপর রাজি খুশি হবেন। আর নয়তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার প্রশ্নের সম্মুখিন হতে হবে। শাস্তি ভোগ করতে হবে।

📘 লজিক্যাল মাইন্ড 📄 অতিভোজন কুলক্ষণ

📄 অতিভোজন কুলক্ষণ


অতিভোজন কুলক্ষণ। কুলক্ষণ মানে- যা খারাপ কিছুর ইঙ্গিত বহন করে। একবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক বাজারে গোলাম কিনতে গেলেন। গোলাম কিনার আগে গোলামের সামনে কিছু খাবার পেশ করলেন। দেখলেন যে, গোলাম সব খাবার খেয়ে শেষকরে দিলো। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে, বেশি খাওয়া ভালো কোনো কিছুর আলামত বহন করে না। এই গোলাম ভালো না। এর দ্বারা ভালো কোনো কাজ হবে না।

এখন তো আমরা গর্ব করি যে, কে কতো বেশি খেতে পারি। খাওয়া নিয়ে আমরা বিভিন্ন অঞ্চলে প্রতিযোগিতাও করে থাকি। বিষয়টা সত্যিই দুঃখজনক। কারণ, আমাদের জানা থাকতে হবে যে, মুমিন ব্যক্তি কখনোই বেশি খেতে পারে না। বেশি খাওয়া আর বেশি খাই খাই করা তো কাফেরদের কাজ। কাফেররা খায় সাত পেটে! ওদের পেট ভরতে অনেক লাগে। শুদ্ধ বাংলায় আমরা যেটাকে 'টাগারী' বলে থাকি। টাগারী মানে- হাতির মতো ইয়া বড় পেট।

পক্ষান্তরে, মুমিন ব্যক্তি খায় এক পেটে। অর্থাৎ, অল্পে তুষ্টি। অল্পতেই তার পেট ভরে যায়। বেশি খাই খাইও করে না। এজন্যই আমরা দেখতে পাই যে, যে যতবড় মুত্তাকী বা পরহেজগার; তার খাবার-খোরাক ততকম। কেনো? কারণ, অল্পতেই তার পেট ভরে যায়। আমাদের মূল উদ্দেশ্য কী? হাতির মতো টাগারী ভরে খাওয়া নাকি শুধু তৃপ্তি নেওয়া?

আচ্ছা ধরুন! একলোক সাত ঘন্টা ঘুমালো। ঘুম থেকে উঠার পর, তার চেহারা সুরত এমন বিশ্রি দেখাচ্ছে যেনো দেখলে বমি আসতে চায়। এর কারণ হচ্ছে- ভদ্রলোকের ঘুম পূরণ হয়নি। ব্রেণ ফ্রেশ হয়নি। ঘুমের অতৃপ্তি এখনো রয়েই গেছে। অপরদিকে আরেকলোক মাত্র দুই ঘন্টা ঘুমালো। বেচারার ঘুমও পূরণ হলো। ব্রেণও ফ্রেশ হলো। চেহারার বদসূরত তো দূরের কথা বরং চেহারায় নূর ভেসে আসছে।

এখন প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তির সময়ে বরকত হলো? নিশ্চই যে দুই ঘন্টা ঘুমালো তার। তাহলে একজনের দুই ঘন্টা ঘুমিয়ে ঘুম পূরণ হয়ে গেলো, আরেকজন সাত ঘন্টা ঘুমিয়েও ঘুম পূরণ হলো না; এর রহস্য হচ্ছে- যে দুই ঘন্টা ঘুমালো, সে ওজুকরে দোয়া দুরূদ পড়তে পড়তে ঘুমিয়েছে। ফলে তার ঘুমও পূর্ণ হয়েছে আবার সময়েরও বরকত হয়েছে।

পক্ষান্তরে, একজন এক টাগারী খেলো কিন্তু তৃপ্তি মিটলো না; আরেকজন এক প্লেট খেয়েই তৃপ্তি মিটিয়ে ফেললো, এর রহস্য হচ্ছে- যে এক প্লেট খেলো, সে দোয়া পড়ে সুন্নত তরীকায় খেলো। তার সমস্ত কাজগুলোই যেনো একমাত্র রবকে রাজি-খুশি করার জন্যই হলো। অপর ব্যক্তি খাওয়ার সময় দোয়াও পড়লো না, সুন্নত তরীকায়ও খেলো না। ফলে তার খাবারের সাথে শয়তান শরীক হলো। এইজন্য সাত প্লেট খাওয়ার পরও তার খাওয়ার চাহিদা রয়ে যায়। তার তৃপ্তি মিটে না।

হযরত আবু হুরাইরা রাযিআল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন যে, একবার আমি প্রচন্ড ক্ষুধা অনুভব করলাম। তখন আমি হযরত উমর ইবনুল খাত্তাবের সাথে সাক্ষাত করে তার থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার পবিত্র কালামুল্লাহর একটি আয়াতের পাঠ শুনতে চাইলাম। তিনি আয়াতটি পাঠ করে নিজ গৃহে চলে গেলেন। এদিকে আমি কিছু দূর চলার পর ক্ষুধার প্রচন্ডতায় উপুড় হয়ে পড়ে গেলাম। একটু পর দেখলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মাথার কাছে দাঁড়ানো। তিনি বললেন, হে আবূ হুরাইরা! আমি লাব্বাইকা ওয়া সা'দাইকা বলে সাড়া দিলাম। তিনি আমার হাত ধরে তুললেন এবং আমার অবস্থা বুঝতে পারলেন। তিনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন এবং আমাকে এক পেয়ালা দুধ দেওয়ার জন্য আদেশ করলেন। আমি কিছু পান করলাম। তিনি বললেন, আবূ হুরাইরা! আরো পান করো। আমি আবার পান করলাম। তিনি আবার বললেন, আরো। আমি আরো পান করলাম। এমনকি আমার পেট তীরের মতো সমান হয়ে গেলো।

এরপর আমি উমরের সাথে সাক্ষাত করে আমার অবস্থার কথা জানালাম এবং বললাম, হে উমর! আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তার এমন একজন লোকের মাধ্যমে এর বন্দোবস্ত করেছেন যিনি এ ব্যপারে তোমার থেকে বেশি উপযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কসম! আমি তোমার থেকে আয়াত পাঠ শুনতে চেয়েছি অথচ আমি তোমার থেকে ভালো পাঠ করতে জানি।

হযরত উমর রাযিআল্লাহু তায়ালা আনহু বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কসম! তোমাকে আপ্যায়ন করতে পারলে তা আমার নিকট আরবের লাল বর্ণের উটের চেয়েও অধিক প্রিয় হতো। সাহাবায়ে কেরাম রাযিআল্লাহু তা'য়ালা আনহুম আযমাইনগণ খানার ব্যপারে কতো কষ্ট করেছেন, কতো ত্যাগ স্বীকার করেছেন, আর উনাদের তুলনায় আমরা তো শুধু বিলাসিতার উপর বিলাসিতা করেই দিনকাল পাড় করে দিচ্ছি। আমরা তো মনেকরি যে, বেশি খেতে পারলেই যেনো আমাদের সফলতা। কিন্তু আমাদের দৃষ্টির অগোচরে আমাদের শরীরের উপর কতোটা অন্যায় অবিচার করছি তা কী আদৌ আমরা একবার ভেবে দেখেছি?

বর্তমানে বারবার একথার উপর জোর দেওয়া হচ্ছে যে, কম আহার করুন বেশি দিন সুস্থভাবে বাঁচতে পারবেন। আর জনসাধারণকে বারবার একথার উপকারিতাও বর্ণনা করা হচ্ছে। বেশি খেলে যে সকল রোগ সৃষ্টি হয় তার একটি তালিকা প্রণয়ন করেছেন প্রফেসর রিচার বার্ড। নিম্নে তা দেওয়া হলো।
১. মস্তিষ্কের ব্যাধি।
২. চক্ষু রোগ।
৩. জিহ্বা ও গলার রোগ।
৪. বক্ষ ও ফুসফুসের ব্যাধি।
৫. হৃদ রোগ।
৬. পিত্তের রোগ।
৭. ডায়াবেটিকস।
৮. উচ্চ রক্ত চাপ।
৯. মস্তিষ্কের শিরা ফেটে যাওয়া।
১০. দুশ্চিন্তা গ্রস্ততা।
১১. অর্ধঙ্গ রোগ।
১২. মনস্তত্ত্বিক রোগ।
১৩. দেহের নিম্নাংশ অবশ হয়ে যাওয়া।

গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে, এই তালিকা প্রকৃতপক্ষে মৃত্যুর তালিকা, যা প্রফেসর সাহেব গভীর চিন্তা ও গবেষণার পর প্রকাশ করেছেন।

অপর দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বর্ণনার প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় যে, তিনি বলেন- পেটের এক তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য। একজন দার্শনিক এর নিকট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই নির্দেশ শুনানো হলো, তখন সে বলতে লাগলো, এর থেকে উত্তম ও শক্তিশালী কথা আমি আজ পর্যন্ত শ্রবণ করিনি।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদেরকে অল্পে তুষ্টি থাকার তৌফিক দান করুন, আমীন।

টিকাঃ
৮. মুসলিম শরীফ ৩৬/১৩
৯. 'সান' উইকলি সুইডেন
১০. সহীহ ইবনু মাজাহ ৩৩৪৯

ফন্ট সাইজ
15px
17px