📘 লজিক্যাল মাইন্ড 📄 গুলুমুলু পিচ্চি বাচ্চাটা

📄 গুলুমুলু পিচ্চি বাচ্চাটা


আমাদের সবার বাসায় পিচ্চি বাচ্চা আছে। হোক আমাদের ছেলে, ছোট ভাই কিংবা ভাতিজা। আমরা দিনশেষে বাসায় ফেরার পর যখনই এই পিচ্চি গুলুমুলু বাচ্চাটাকে দেখি, তখনই একটু খোঁচা দেই নয়তো গাল টেনে দেই কিংবা চিমটি কাটি। এসব কিছু কী জন্য? নিশ্চয়-ই ওর সাথে মজা করার জন্য। এরপর গুলুমুলু পিচ্চিটা যখন কেঁদে দেয়, তখন আমরা তাকে কোলে তুলে দোকানে নিয়ে যাই। মিমি চকলেট কিনে দেই। আদর করে ওর কান্না থামানোর চেষ্টা করি।

আচ্ছা এই পিচ্চিটাকে কাঁদানোর মাঝে আমাদের সার্থকতা কী? এখানে আমাদের কোনো স্বার্থ নেই বরং বাচ্চা হাসুক কাঁদুক তারপর আমাদের কাছে মজা খেতে চাক, এটাই আমরা কামনা করি। কারণ গুলুমুলু এই পিচ্চিটা যখন আমাদের কাছে মজা চায়, তখন তাকে সেই মজা কিনে দেয়ার আনন্দঘন মুহূর্ত অন্য কেউ উপলব্ধি করতে পারে না।

আচ্ছা পৃথিবীতে এতো এতো বাচ্চা থাকতে শুধুমাত্র এই বাচ্চাটার জন্য আমাদের মন পোড়ায় কেন? একে আমরা এতো ভালোবাসি কেন? কারণ এই বাচ্চাটা আমাদের পরিচিত। আমাদের প্রিয়। আমাদের আদরের। আমাদের ভালোবাসার।

ঠিক তেমনিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তাঁর প্রিয় বান্দাদের উপর মাঝে মধ্যেই বিপদ দিয়ে থাকেন। তাঁর আদরের এই বান্দাকে নিয়ে একটু মজা করেন। তিনি বিপদ দিয়ে দেখেন যে, বান্দা আমার কাছে চায় কিনা। আমার দরবারে হাত তুলে কাঁদে কিনা। আকুতি মিনতি করে কিনা। যখন বান্দা একমাত্র সৃষ্টিকর্তার মুখাপেক্ষী হয়ে শুধুমাত্র তাঁকেই স্মরণ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা খুশি হয়ে সেই বান্দাকে তাঁর রহমতের চাদরে ঢেকে নেন। বিভিন্ন নেয়ামত দান করেন। এজন্য বিপদ আসলে কখনো হা-হুতাশ করতে নেই বরং এক আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার মুখাপেক্ষী হয়ে তাঁকে স্মরণ করা, তাঁকে ডাকা। তাঁর সাহায্য কামনা করাই আমাদের একমাত্র কর্তব্য।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তার পবিত্র কুরআনের মাঝে উল্লেখ করেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
হে মুমিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা ধৈর্যশীলদের সাথে আছেন।

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُসِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।

إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ কَبِيرٌ
তবে যারা সবর করেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্যই রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান।

وَاصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
তুমি সবর করো। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা ইহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না।

টিকাঃ
৩. সুরা বাকারা, আয়াত: ১৫৩
৪. সুরা বাকারা, আয়াত: ১৫৫
৫. সুরা হুদ, আয়াত: ১১
৬. সুরা হুদ, আয়াত: ১১৫

📘 লজিক্যাল মাইন্ড 📄 মাকড়ের ষড়যন্ত্র

📄 মাকড়ের ষড়যন্ত্র


মাকড় বেচারা মানুষের জন্য বিরাট ফন্দি আঁটে। রাতের আঁধারে মহল্লার সরু পথটার এপাশ থেকে ওপাশে লম্বা করে তার ঘর বাঁধে। মুসল্লি বেচারাকে কিছুতেই সে মসজিদে যেতে দিবে না। মুসল্লিকে নিয়ে মাকড়ের বিরাট ষড়যন্ত্র। পুরো মহল্লা জুড়ে মাকড়ের দখলদারিত্ব চলে। রাস্তার এপাশ থেকে ওপাশ তার জাল দিয়ে আটকানো। আমরা প্রত্যেকদিন ফজরের নামাজে যাওয়ার সময় এই মাকড়ের ষড়যন্ত্রে শিকার হই। বেচারা মাকড় মনে করে, এই মহল্লার রাজত্ব কেবল আমারই হাতে। দেখি মুসল্লি বেচারা কীভাবে নামাজ পড়তে যায়?

খুব ভোরে যখন আমরা এই সরু পথটা দিয়ে ফজরের নামাজ পড়তে বের হই, তখন কিন্তু আকাশটা অন্ধকার থাকে। এদিকে পথে আমাদের জন্য মাকড়ের ষড়যন্ত্র আঁটা। রাস্তা আটকানো। আমরা এই সুক্ষ্ম জালটা দেখতেও পাই না আবার এই জালটা আমাদের চলার পথে কোনো প্রতিবন্ধকতাও সৃষ্টি করে না। মাকড়ের এই জালটাকে ছিঁড়েফেঁড়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্য মসজিদে। ফলাফলঃ মাকড়ের ষড়যন্ত্র শূণ্য; একজন মুসল্লির বিজয়।

ঠিক তেমনিভাবে, আমরা যখন সত্যের পথে চলতে যাবো, হকের আওয়াজকে উঁচু করতে চাইবো, তখন আমাদের পথে মাকড়ের মতো এমন অনেক ষড়যন্ত্র আঁটা হবে। পথে নানা ধরনের প্রতিবন্ধকতা আসবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা মাকড়ের জালের মতোই মানুষের এসকল ষড়যন্ত্রকে গুড়িয়ে দিবেন। ফলাফলঃ মানুষের ষড়যন্ত্র বিফল; একজন মুমিনের বিজয়।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা তাঁর পবিত্র কুরআনের মাঝে উল্লেখ করেন,
وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
আর তারা কুটকৌশল করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা কৌশল করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা উত্তম কৌশলকারী।

সুতরাং, একজন হক্বের আওয়াজ উঁচু কারীর কোনো ভয় নেই, ইন শা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা যার সাথী হন, তার সাথে ষড়যন্ত্র আঁটার দুঃসাহস কোন মুমিন দেখাতে পারে?

টিকাঃ
৭. আলে ইমরান, আয়াত: ৫৪

📘 লজিক্যাল মাইন্ড 📄 ভুল করেও ভুল পথে যাই না

📄 ভুল করেও ভুল পথে যাই না


আমরা নিয়মিত বাজারে যাই। বাসা থেকে বাজারের পথটা আমাদের খুব ভালো করেই চেনা-জানা। মুখস্থ পথ। সোজা রাস্তা। বাজারের উদ্দেশ্যে রওনা হলে কখনো আমরা ভুল করেও ভুল পথে চলে যাই না।

আচ্ছা, এরপরও কি আমরা কোনোদিন চোখ বন্ধ করে বাজারের পথে পা বাড়ানোর চেষ্টা করেছি? করিনি। আমরা সবসময় চোখ-কান খোলা রেখেই বাজারের পথে পা বাড়াই। রাস্তা অতিক্রম করার সময় স্বভাবগতভাবেই ডানে বামে তাকিয়ে দেখি। কোথায় কি হচ্ছে না হচ্ছে। সবকিছু খুব ভালো করে পর্যবেক্ষণ করি।

এই পথ চলতে অনেক কিছুই আমাদের নজরে আসে। যেমনঃ মানুষকে ভালো পথে আহ্বান করা; খারাপ হতে বাঁধা প্রদান করা, কুরআন তিলাওয়াত, ওয়াজ-মাহফিল, গান-বাজনা, বিড়ি-সিগারেটের আড্ডাসহ আরো কতো কী... এই সব কিছুই কি আমরা গ্রহণ করি? কখনোই না। আমরা খুব সাবধানতার সাথে ভালো কাজগুলোকে গ্রহণ করি আর খারাপগুলোকে এড়িয়ে যাই।

ঠিক তেমনিভাবে, আমরা যখন ইসলামের পথে চলতে চাইবো। সত্যের অন্বেষণকারী হবো। তখন আমাদের জীবনে পারিপার্শ্বিক বিভিন্ন প্রতিকূল অবস্থা দেখা দিবে। ইসলামের পথ সোজা পথ। তবে ডানে-বামে বিভিন্ন প্রতিকূল পরিবেশ রয়েছে। যেমনঃ তথাকথিত আহলে হাদীস, কাদিয়ানী, সা'দিয়ানীসহ নানা ফিরকা রয়েছে। আমাদের উচিত সোজা পথে হাঁটা। বাজারে যাওয়ার সময় আমরা যেমন ভুল করেও ভুল পথে পা বাড়াই না; ঠিক তেমনি সত্যের পথে চলতে গিয়ে যেনো আমরা ভুল করেও ভুল ফিরকা তথা নেক সুরতে শয়তানের ফাঁদে পা দেই না।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের সকলের সহায় হোন, আমীন।

📘 লজিক্যাল মাইন্ড 📄 বিবি সাহেবার লিস্টি

📄 বিবি সাহেবার লিস্টি


বিবি সাহেবা তার স্বামীকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আনার জন্য মোটামুটি একটা লিস্টি ধরিয়ে দিলেন। স্বামী বেচারা বাজারে গিয়ে একটা একটা করে পণ্য ক্রয় করলেন। ক্রয়ের পর তিনি আবার সেই লিস্টির সাথে মিলিয়ে দেখেন যে, সবগুলো পণ্য ঠিকঠাক আছে কিনা নাকি আবার কোনোটা বাদ পড়ে গেলো। তিনি খুব সতর্কতা অবলম্বন করেন। কারণ, তার জানা আছে যে, বিবি সাহেবা আমাকে এতো কষ্ট করে প্রত্যেকটা পণ্যের নাম লিখে লিস্টি ধরিয়ে দিয়েছেন। খোদা না করুন; যদি লিস্ট থেকে কোনো একটা পণ্য বাদ পড়ে যায়, তাহলে দফারফা হয়ে যাবে। তাই তিনি খুব ভালো করে চেক করে নিচ্ছেন যে, কোথাও কোনো ঘাটতি আছে কিনা।

এরপরও যদি কোনো ঘাটতি দেখা দেয়, তাহলে বিবি সাহেবার কাছে ক্ষমা চাচ্ছেন, অনুশোচনা করছেন। বেচারা এতোকিছু এই জন্যই করছেন যে- তার জানা আছে, উল্টাপাল্টা করার পর যদি তার কাছে ক্ষমা না চাই কিংবা অনুশোচনা না করি, তাহলে আমাকে বিবি সাহেবার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নানা প্রশ্নের সম্মুখিন হতে হবে।

ঠিক তেমনিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের জন্য দুনিয়াতে লিস্ট ধরিয়ে দিয়েছেন। আমরা দুনিয়ার বাজারে সেই লিস্ট দেখে দেখে সওদা করতে এসেছি। আমাদের লিস্টে লিখা আছে- ১. কালেমা। ২. নামাজ। ৩. রোজা। ৪. হজ্ব। ৫. যাকাত। আমরা প্রত্যেকদিন ঘুমের আগে বালিশের উপর মাথা দিয়ে আমাদের লিস্ট চেক করে দেখবো। মেলাবো যে, আজকের পাঁচওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো হলো কিনা। রমজানের সবগুলো রোজা আমার রাখা হয়েছে কিনা। পূর্ণাঙ্গভাবে এবছরের যাকাত আদায় করা হলো কিনা। হজ্ব ফরজ হলে তা পালন করা হলো কিনা। এভাবে প্রত্যেকটা হুকুম-আহকামকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। কোথাও কোনো ঘাটতি দেখা দিলে তা নিয়ে অনুশোচনা করা। সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কাছে ক্ষমা চেয়ে তা আদায় করার ব্যবস্থা করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের উপর রাজি খুশি হবেন। আর নয়তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার প্রশ্নের সম্মুখিন হতে হবে। শাস্তি ভোগ করতে হবে।

ফন্ট সাইজ
15px
17px