📄 এক সময়ে একটি মাত্র পদক্ষেপ
জনগণের উদ্দেশ্যে ভাষণদানকালে বক্তাকে অবশ্যই পর্যায়ক্রমিক, নিয়মতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে নিয়মতান্ত্রিক বলতে বুঝায় অধিকতর গুরুত্বপূর্ণ বিষয়কে প্রথমে আলোচনা করা উচিত। নবী করীম ﷺ যখন মুয়াজ (রা)-কে ইয়েমেনে পাঠান তখন রাসূল ﷺ তাকে যে উপদেশ দিয়েছিলেন তা দ্বারা এ কথার সত্যতার সমর্থন পাওয়া যায় : “প্রথমে তাদেরকে তোমরা যে কাজের প্রতি আহ্বান করবে তা হলো এ কথার সাক্ষ্য দেওয়া—আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি মুহাম্মাদ আল্লাহ্র রাসূল।”
আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় আমরা অনেকেই বুঝি যে, আমাদের ক্রমশ উন্নতি চাওয়া উচিত। তবে কেন আমরা একসাথে সবকিছু মানুষের গলার ভিতর ঢুকিয়ে দেই! “এবং কাফেররা বলল, ‘তবে কেন গোটা কুরআন একসাথে, একবারে তাঁর উপর অবতীর্ণ হলো না?’ এর দ্বারা আপনার অন্তরকে আমি মজবুত করার জন্যই এভাবে (ধাপে ধাপে) আমি কুরআন অবতীর্ণ করেছি এবং একে সুস্পষ্ট ক্রমে ধাপে ধাপে আবৃত্তি করিয়েছি এবং আপনার নিকট অবতীর্ণ করেছি।” (২৫-সূরা আল ফুরকান : আয়াত-৩২)
ইসলামের শিক্ষা অর্জনে মুসলমানদের শান্তি ও আরামবোধ করা উচিত, বিশেষ করে এ কারণে যে, ইসলাম মানুষকে অর্থজড়ত্ব থেকে রক্ষা করার জন্য এসেছে। ‘তাকলিফ’ কথার একটি গূঢ়ার্থ হলো—বোঝা চাপানো, যা কুরআনে নেতিবাচক অর্থে উল্লেখ করা হয়েছে। “আল্লাহ কারো উপর তাঁর সাধ্যাতীত বোঝা চাপান না।” (২-সূরা বাকারা : আয়াত-২৮৬)
সাহাবীগণ যখন নবী করীম ﷺ-এর নিকট সাধারণ উপদেশ বা দিক-নির্দেশনা চাইতে আসতেন তখন তিনি তাদেরকে ব্যাপক অর্থবোধক কিন্তু সংক্ষিপ্ত উপদেশ দিতেন, যা সহজেই মনে থাকত। প্রশ্নকারীর অবস্থা বুঝার পর আল্লাহ্র নবী ﷺ সর্বদা বাস্তব ও সহজ উত্তর দিতেন। যখন আমরা ভ্রান্তির নিকট আমাদের অধিকারের যত উপদেশ, শিক্ষা, আচার-আচরণ ও প্রজ্ঞা আছে তাঁর সবটাই উপস্থাপন করার চেষ্টা করি, তখন আমরা সাংঘাতিক ভুল করি। “আর কুরআনকে আমি (আয়াতে আয়াতে) বিভক্ত করে আপনার নিকট অবতীর্ণ করেছি যাতে আপনি একে মানুষের নিকট থেমে থেমে পাঠ করতে পারেন।” (১৭-সূরা বনী ইসরাঈল : আয়াত-১০৬)
📄 মূল্যবান মুহূর্ত
আত-তানুখী বাগদাদের এক গভর্নরের ঘটনা বর্ণনা করেছেন। সেই গভর্নর তাঁর প্রদেশের এক বৃদ্ধা মহিলার সম্পদকে জবর দখল করে নিয়েছিল। সে বৃদ্ধা মহিলার সকল অধিকার হরণ করে নেয় ও তাঁর সম্পদকে ক্ষমতার বলে বাজেয়াফত করে দেয়। বৃদ্ধা তাঁর নিকট গেল, তাঁর সামনে কান্নাকাটি করল ও তাঁর অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ করল। গভর্নর যা করেছে তাঁর জন্য সে না হলো অনুতপ্ত আর না হলো লজ্জিত। রাগান্বিত হয়ে বৃদ্ধা বলে ফেলল— “আমি তোমার বিরুদ্ধে বদ দোয়া করব।” গভর্নর উপহাসের হাসি হেসে বৃদ্ধাকে বলল, “তাহলে তো রাতের শেষ তৃতীয়াংশে আপনার প্রার্থনা করা উচিত।”
তাঁর ঔদ্ধত্যই তাঁকে বৃদ্ধাকে একথা বলতে বাধ্য করেছিল। বৃদ্ধা চলে গেল এবং গভর্নরের বিদ্রূপাত্মক উপদেশ অনুসারেই বৃদ্ধা অবিচলচিত্তে রাতের শেষ তৃতীয়াংশে প্রার্থনা করতে থাকেন। মাত্র কয়েকদিন যেতে না যেতেই গভর্নরকে অফিস থেকে প্রচণ্ড অপমানে অপসারণ করা হলো। তাঁর অত্যাচারের ফলস্বরূপ তাঁর সম্পদ বাজেয়াপ্ত করা হলো এবং তাঁকে প্রকাশ্যে চাবুক মারা হলো। চাবুক মারার পর, বৃদ্ধা তাঁর পাশ দিয়ে গেল ও তাঁকে বলল, “তুমি খুব ভালো কাজ করেছ! তুমি আমাকে রাতের শেষ তৃতীয়াংশে প্রার্থনা করতে বলেছ আর তদনুযায়ী আমি সর্বাপেক্ষা সন্তোষজনক ফলাফল পেয়েছি!”
রাতের শেষ তৃতীয়াংশ আমাদের জীবনের অত্যন্ত মূল্যবান সময়। কেন? এ সময় মহান আল্লাহ্ বলেন— “কোন প্রার্থী আছে কি যাকে আমি দান করব? কোন ক্ষমা প্রার্থী আছে কি যার ডাকে আমি ক্ষমা করব? কোন আহ্বানকারী আছে কি যার ডাকে আমি সাড়া দিব?”
শৈশবকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কিছু ঘটনা মনে করতে পারি যাতে এটা স্পষ্ট হয়ে গেছে যে, সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। প্রায় দশ বছর আগে, আমি বিমানে চড়ে আবহা থেকে রিয়াদ যাচ্ছিলাম। বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই ঘোষণা দেওয়া হলো যে, যান্ত্রিক গোলযোগের কারণে বিমান আবহাতে ফিরে যাচ্ছে। অতপর তারা সমস্যা সমাধান করেছে বলে দাবি করল এবং আমরা দ্বিতীয়বারের মতো আকাশে উড়লাম। রিয়াদে রানওয়ের নিকটবর্তী হওয়ার সময় অবতরণের চাকাগুলো খুলছিল না। আমরা পুরো এক ঘণ্টা রিয়াদ শহর প্রদক্ষিণ করলাম। পাইলট বিমান অবতরণ করার জন্য দশবার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই ল্যান্ডিং গিয়ার কাজ করল না।
আমরা যখন আকাশে মৃত্যুর জন্য অপেক্ষা করতে ছিলাম তখন বিমানের বহু লোক আতঙ্কগ্রস্ত হয়ে গেল এবং প্রচুর পরিমাণে চোখের পানি ঝরতে লাগল। সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলাম যে, জীবন কত তুচ্ছ ও ক্ষণস্থায়ী এবং আমাদের আস্থা পরকালমুখী হয়ে গিয়েছিল। আমরা বারবার বলতে লাগলাম— “একমাত্র আল্লাহ্ ছাড়া অন্য কোন ইলাহ্ নেই, তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই প্রাপ্য আর তিনি সকল বিষয়ের উপরই ক্ষমতাশীল।” এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে লোকজনকে আল্লাহর নিকট তওবা করার জন্য, তাঁর নিকট প্রার্থনা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য এবং অনুতপ্ত হওয়ার জন্য সনির্বন্ধ অনুরোধ করলেন।
আর আল্লাহ্ মা'বূদ সম্বন্ধে বলেছৈন— “আর যখন তারা জাহাজে (নৌযানে) চড়ে তখন তারা আল্লাহর প্রতি ঈমানকে খাঁটি করে তাঁকে (আল্লাহকে) ডাকে।” (২৯-সূরা আল আনকাবুত: আয়াত-৬৫) আমরা একমাত্র তাঁর নিকটেই সনির্বন্ধ অনুরোধ করলাম যিনি বিপদাপদের ডাকে সাড়া দেন। এবার বারবার চেষ্টার সময় আমরা নিরাপদে অবতরণ করলাম। আর যখন বিমান অবতরণ করল তখন আমরা যেন কবর থেকে ফিরে আসছিলাম। চোখের পানি শুকিয়ে গেল, মুখে হাসি ফুটল আর আমাদের মনের শান্তি ফিরে এল। আল্লাহ্ কতইনা করুণাময় ও দয়াময়!
একজন আরবী কবি বলেছেন—
“কুতুবওয়াহীন যখন আমরা বিপদগ্রস্ত হয়েছি তখন আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি! কিন্তু যখন আমাদের বিপদ কেটে গেছে তখন আমরা তাকে ভুলে গেছি!
সাগরে থাকাকালে আমাদের জাহাজকে রক্ষা করার জন্য আমরা তাকে ডেকেছি! কিন্তু যখন আমরা নিরাপদে তীরে ভিড়েছি তখন আমরা তার অবাধ্যতা করেছি!
আর আমরা (বিমানে করে) নিরাপদে ও শান্তিতে আকাশে উড়ছি; অথচ আমরা পড়ে যাই না; কেননা, (আমাদের) রক্ষক হলেন আল্লাহ!”