📘 লা-তাহযানঃ হতাশ হবেন না 📄 দুঃখিত হবেন না- সুখের মূলনীতি

📄 দুঃখিত হবেন না- সুখের মূলনীতি


১. জেনে রাখুন আপনি যদি আজকের সীমার মধ্যে বসবাস না করেন, তবে আপনার চিন্তা-ভাবনা বিক্ষিপ্ত হয়ে যাবে, আপনার কাজ কর্ম তালগোল পাকিয়ে ফেলবে এবং আপনার দুশ্চিন্তা বেড়ে যাবে। একটি হাদীস এটিকে ব্যাখ্যা করে– “সকাল বেলা সন্ধ্যাকে দেখার আশা করিও না এবং সন্ধ্যাকালে সকালকে দেখার আশা করিও না।”
২. অতীত ও অতীতের সব ঘটনাকে ভুলে যান। গত জিনিসের চিন্তায় বিভোর হওয়া হলো নেহায়েত পাগলামি।
৩. ভবিষ্যৎ নিয়ে আগাম দুশ্চিন্তায় ভুগবেন না। কেননা, ভবিষ্যৎ অজ্ঞাত ও অদৃশ্য জগতে আছে; এটা আগমন করার আগেই যেন এটা আপনাকে কষ্ট না দেয়।
৪. নিন্দা ও সমালোচনায় বিচলিত হবেন না; বরং শক্ত হোন আর জেনে রাখুন যে, আপনার যোগ্যতার অনুসারেই সমালোচনায় ঝড় ওঠে।
৫. আল্লাহর প্রতি ঈমান এবং আমলে সালেহ এ দু'টি জীবনকে উত্তম ও সুখী করার মূল উপাদান।
৬. যে ব্যক্তিই শান্তি, প্রশান্তি ও সুখ চায় সে ব্যক্তিই এসব কিছু আল্লাহর জিকিরের মাঝে খুঁজে পেতে পারে।
৭. আপনার নিশ্চিতরূপে একথা জানা উচিত যে, যা কিছু ঘটে তা এক স্বর্গীয় বিধি অর্থাৎ তকদীর অনুসারেই ঘটে।
৮. অন্যের থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ পাওয়ার আশা করবেন না।
৯. সর্বাপেক্ষা শোচনীয় ঘটনার জন্য প্রস্তুত হতে নিজেকে তালিম, প্রশিক্ষণ বা ট্রেনিং দিন।
১০. যা ঘটেছে সম্ভবত তা আপনার জন্য সর্বাপেক্ষা উপকারী (যদিও আপনি বুঝতে পারেন না যে, তা কীভাবে হলো)।
১১. মুসলমানের তকদীরে যা আছে তা তাঁর জন্য কল্যাণকর।
১২. আল্লাহর অনুগ্রহ, করুণা, দয়া ও নেয়ামতসমূহকে গণনা করার চেষ্টা করুন এবং সেগুলোর জন্য শুকরিয়া আদায় করুন।
১৩. অন্য অনেকের চেয়েও আপনি ভালো আছেন।
১৪. প্রতি মুহূর্তেই (আল্লাহর) সাহায্য আসে।
১৫. সুখে-দুঃখে সর্বাবস্থায়ই দোয়া করা ও সালাত পড়া উচিত।
১৬. দুর্বিপাক আপনার মনকে শক্ত করবেই এবং আপনার দৃষ্টিভঙ্গীকে পাল্টে দিবে।
১৭. অবশ্যই প্রতিটি দুঃখের পরেই সুখ আছে।
১৮. তুচ্ছ বিষয় যেন আপনার ধ্বংসের কারণ না হয়।
১৯. নিশ্চয় আপনার প্রভু মহা ক্ষমাশীল।
২০. ক্রুদ্ধ হবেন না, রাগান্বিত হবেন না, রাগ করবেন না।
২১. জীবনে খাদ্য, পানি ও ছায়া (অর্থাৎ গৃহ) থাকলেই যথেষ্ট; সুতরাং অন্য কোনো কিছুর অভাবে অস্থির ও উদ্বিগ্ন হবেন না।
২২. যে সব ক্ষতির আশঙ্কা করা হয় তার অধিকাংশই ঘটে না।
২৩. যারা দুর্দশাগ্রস্ত তাদের দিকে তাকিয়ে কৃতজ্ঞ হোন।
২৪. আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন।
২৫. আপনার বারবার সেসব দোয়া করা উচিত যেসব দোয়া নবী করীম আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
২৬. উৎপাদনশীল কোন কাজে কঠোর পরিশ্রম করুন এবং আলস্যকে দূরে নিক্ষেপ করুন।
২৭. গুজব ছড়াবেন না এবং গুজবে কান দিবেন না। অনিচ্ছাসত্ত্বেও কোন গুজব শুনে ফেললে তা বিশ্বাস করবেন না।
২৮. আপনার বিদ্বেষ ও প্রতিশোধ গ্রহণের চেষ্টা আপনার শত্রুর চেয়ে আপনার স্বাস্থ্যের অনেক বেশি ক্ষতিকর।
২৯. আপনার যে সংকট, বালা মুসিবত, দুঃখ-কষ্ট ও অভাব- অনটন হয় তাতে আপনার পাপের প্রায়শ্চিত্ত হয় বা পাপ মার্জনা হয়।

📘 লা-তাহযানঃ হতাশ হবেন না 📄 ছয়টি মূলকথা যখন আপনার নিকট তখন কেন দুঃখ করা?

📄 ছয়টি মূলকথা যখন আপনার নিকট তখন কেন দুঃখ করা?


“দুঃখের পরে সুখ” পুস্তকের গ্রন্থকার একজন বিজ্ঞলোকের ঘটনা উল্লেখ করেছেন যিনি দুর্দশাগ্রস্ত হয়েছিলেন। তাঁর ভাইয়েরা তাঁর কাছে গিয়ে তাঁর ক্ষতির জন্য তাঁকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। তিনি উত্তর দিলেন, ‘ছয়টি উপাদানে আমি একটি ঔষধ বানিয়েছি।’ সে উপাদান ছয়টি কী তারা তাকে তা জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন-
১. সর্বশক্তিমান আল্লাহর উপর দৃঢ় ঈমান রাখা।
২. তকদীরে যা আছে তা অলঙ্ঘনীয়ভাবে ঘটবে এই অলঙ্ঘনীয় সত্য কথাকে মেনে নেয়া।
৩. দুর্দশাগ্রস্ত ব্যক্তি ধৈর্যের সুফল পাবে, এর কোন বিকল্প নেই।
৪. ধৈর্য না ধরে আমি কী করতে পারি? একথার নিহিতার্থে অবিচল আস্থা রাখা।
৫. নিজেকে নিজে এ প্রশ্ন করা, “আমার নিজের ক্ষতি করার জন্য আমি কেন একজন ইচ্ছুক ব্যক্তি হব?”
৬. একথা জানা যে, মুহূর্তেই অবস্থার পরিবর্তন ঘটে মসিবত দূর হয়ে যায় বা যেতে পারে。

অন্যরা যদি আপনার ক্ষতি করে বা আপনাকে যাতনা দেয় বা আপনি অত্যাচারিত হন অথবা অন্যের হিংসার শিকার হন তবে দুঃখ করবেন না। শায়খুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়্যাহ (র) বলেছেন- “মুমিন ব্যক্তি ঝগড়া করে না প্রতিশোধও নেয় না এবং অন্যের ছিদ্রান্বেষণও করে না অর্থাৎ অন্যের দোষও তালাশ করে না।” বাধা-বিপত্তি বা সমস্যার সম্মুখীন হলে হতাশ না হয়ে বরং সহ্য করুন ও ধৈর্য ধরুন।

একজন বিজ্ঞ লোক বলেছেন- “হে সময়! তোমার নিকট যদি অবশিষ্ট কিছু (সময়) থাকে যা দিয়ে তুমি যোগ্য ও মর্যাদাবানদেরকে অপদস্ত কর তবে তা তুমি আমাকে দাও।” অর্থাৎ হে সময়! তুমি যতই দীর্ঘ হও না কেন তোমার দীর্ঘতার চেয়ে আমার ধৈর্য অনেক বেশি। সুতরাং, তুমি আমার যোগ্যতার ও মর্যাদার হানি করতে পারবে না। ধৈর্য হলো উদ্বিগ্নতার বিপরীত, ধৈর্য শান্তির ফল বহন করে। যে ব্যক্তি স্বেচ্ছায় ধৈর্য ধরে না, পরিস্থিতির কারণে সে ধৈর্য ধরতে বাধ্য হয়।

আল মুতানাব্বি বলেছেন- “সময় আমার উপর এতটাই সমস্যার (তীর) নিক্ষেপ করেছে যে, তীরে তীরে আমার হৃদয়ে আবরণ পড়ে গেছে এখন যখন আমি কোন তীর দ্বারা আক্রান্ত হই তখন আমি সমস্যার প্রতি ভ্রূক্ষেপ ছাড়াই বেঁচে আছি; কেননা, উদ্বিগ্ন হয়ে আমি লাভবান হইনি।”

কেউ যদি আপনার কোন উপকার করতে অস্বীকৃতি জানায় অথবা আপনাকে যদি ভ্রূকুটি করা হয় অথবা কোন কৃপণ ব্যক্তি যদি আপনাকে ফিরিয়ে দেয় তবে ব্যথাতুর হবেন না। যদি আপনি অন্যের কাছে কিছু চাওয়া থেকে বিরত থেকে লাঞ্ছনা থেকে বাঁচতে পারেন তবে বিশাল বাড়ি ও সুন্দর বাগানের চেয়ে কুঁড়ে ঘর বা তাঁবুই আপনার জন্য শ্রেয় এবং সেসব পার্থিব জিনিসের চেয়ে ভালো যা আপনাকে শুধু দুশ্চিন্তা ও অশান্তিই বয়ে এনে দেয়।

📘 লা-তাহযানঃ হতাশ হবেন না 📄 সুখের মূলনীতি- যেসব আয়াত নিয়ে ভাবতে হবে

📄 সুখের মূলনীতি- যেসব আয়াত নিয়ে ভাবতে হবে


বল, 'হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়োনা; নিশ্চয় আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু।' (৩৯-সূরা যুমার : আয়াত-৫৩)

“এবং তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না, কেননা, কাফের সম্প্রদায় ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত হতে নিরাশ হয় না।” (১২-সূরা ইউসুফ : আয়াত-৮৭)

“পথভ্রষ্টরা ছাড়া আর কে তার প্রতিপালকের দয়া হতে নিরাশ হয়?” (১৫-সূরা হিজর : আয়াত-৫৬)

“অবশ্যই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী।” (৭-সূরা আল আ'রাফ : আয়াত-৫৬)

“তুমি জান না, আল্লাহ হয়ত নতুন কোন উপায় করবেন।” (৬৫-সূরা আত তালাক্ব : আয়াত-১)

“হয়তো তোমরা যা পছন্দ কর না তা তোমাদের জন্য ভালো এবং তোমরা যা পছন্দ করো তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন আর তোমরা জান না।” (২-সূরা বাকারা: আয়াত-২১৬)

“আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বড়ই মেহেরবান।” (৪২-সূরা আশ শুরা: আয়াত-১৯)

“এবং আমার করুণা সব কিছুকে ঘিরে আছে।” (৭-সূরা আল আ'রাফ: আয়াত-১৫৬)

“ভয় করিও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন।” (৯-সূরা তাওবা: আয়াত-৪০)

“(তখনকার কথা স্মরণ কর) যখন তোমরা তোমাদের প্রভুর নিকট সাহায্য প্রার্থনা করেছিলে তাই তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন।” (৮-সূরা আনফাল: আয়াত-৯)

“এবং তাঁরা হতাশ হয়ে যাবার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর রহমত, করুণা ও দয়াকে চতুর্দিকে বিস্তৃত করে দেন।” (৪২-সূরা আশ শুরা: আয়াত-২৮)

“এবং তাঁরা আমাকে আশা নিয়ে ও ভয়ের সাথে ডাকত এবং তাঁরা আমার নিকট বিনীত ছিল।” (২১-সূরা আল আম্বিয়া: আয়াত-৯০)

📘 লা-তাহযানঃ হতাশ হবেন না 📄 যা সুখ বয়ে আনে

📄 যা সুখ বয়ে আনে


১. আমলে সালেহ বা নেক আমল বা পূণ্যকর্ম বা সৎ কাজ বা ভালো কাজ : “মুমিন পুরুষ বা মহিলা যে কেহ আমলে সালেহ করে তাকে আমি পবিত্র তথা উত্তম জীবন যাপন করাব।” (১৬-সুরা আন নাহল : আয়াত-৯৭)
২. নেক বিবি বা ধার্মিক স্ত্রী : “হে আমাদের প্রভু! আমাদেরকে চোখ জুড়ানো স্ত্রী-পুত্র কন্যা দান করুন।” (২৫-সুরা আল ফুরকান : আয়াত-৭৪)
৩. একটি প্রশস্ত বাড়ি। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- “হে আল্লাহ! আমার বাড়িকে আমার জন্য প্রশস্ত করে দিন।”
৪. হালাল রুজী : আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “নিশ্চয় আল্লাহ্ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু তিনি কবুল করেন না।”
৫. উত্তম আচরণ ও মানুষের প্রতি দয়া-মমতা স্নেহ পরায়ণতা। “এবং আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে সৌভাগ্যবান করেন।” (১৯-সুরা মারইয়াম : আয়াত-৩১)
৬. অভাবমুক্ত হওয়া এবং বেপরোয়া খরচকারী না হওয়া। “এবং তারা যারা অপচয়ও করে না এবং কার্পণ্যও করে না।” (২৫-সুরা আল ফুরকান : আয়াত-৬৭)
“এবং (কৃপণের মতো) তোমার হাতকে তোমার ঘাড়ের নিকট গুটিয়ে রেখো না এবং (অপচয়কারীর মতো) তোমার হাতকে পুরাপুরি প্রশস্ত করে দিও না।” (১৭-সুরা বনী ইসরাঈল : আয়াত-২৯)

ফন্ট সাইজ
15px
17px