📄 আল্লাহ্ মুত্তাকীকে এমন উৎস থেকে রিযিক দিবেন যে সে কল্পনাও করতে পারবে না
“আর আল্লাহ্ মুত্তাকীকে এমন উৎস থেকে রিযিক দিবেন যে তা কল্পনাও করতে পারবে না।” (৬৫-সূরা আত তালাক : আয়াত-৩)
তানুখী তার ‘আলফারাজ বা’দাশিদ্দাহ’ নামক পুস্তকে একটি গল্প বলেছেন। এক লোক চরম দরিদ্র অবস্থায় পড়ে। তার সামনে সফলতার সকল দ্বার শক্তভাবে বন্ধ হয়ে গিয়েছিল। একদিন তার অবস্থা এতটাই ভয়ানক হয়ে গিয়েছিল যে, তার ও তার পরিবারের খাওয়ার মতো কোন কিছু ঘরে ছিল না। পরে সে বলেছিল, “প্রথম দিন আমরা ক্ষুধার্ত কাটালাম। দ্বিতীয় দিনও একইভাবে কাটল এবং সূর্য যখন ডুবন্ত তখন আমার স্ত্রী আমাকে বলল, বের হয়ে দেখ আমাদের খাওয়ার জন্য কোন কিছু পাও কি-না, কেননা, আমরা মরতে বসেছি প্রায়। আমার এক আত্মীয়ার কথা আমার মনে পড়ল এবং তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। তার সাথে সাক্ষাৎকালে আমি আমাদের করুণ অবস্থার কথা জানালাম। সে বলল যে, একটি পচা মাছ ছাড়া তাদের ঘরে আর কিছু নেই। তা সত্ত্বেও আমাদেরকে এটা দেওয়ার জন্য আমি তাকে বললাম। যেহেতু আমরা না খেয়ে মরতে বসেছিলাম প্রায়। আমার সাথে করে আমি এটাকে বাড়িতে নিয়ে আসলাম এবং আমি বিস্মিত হয়ে গেলাম কেননা এটাকে কাটার পর পেটের ভিতরে আমি একটি মুক্তা পেলাম। আমি এ মুক্তাকে এক হাজার দিনারে বিক্রি করলাম এবং যা ঘটেছিল তা আমি আমার আত্মীয়কে জানালাম। সে বলল যে, সে এর অংশ নেবে কিন্তু পুরোটা নেবে না। এ ঘটনার পর আমার অবস্থা খুবই উন্নত হয়ে গেল এবং সচ্ছলতা দিয়ে আমি আমার ঘরকে সাজালাম। আর আমি বুঝতে পারলাম যে, এটা আল্লাহ্র রহমত ছিল, অন্য কিছু নয়।”
“আর তোমাদের নিকট যত নেয়ামত আছে তা আল্লাহ্র পক্ষ থেকেই।” (১৬-সূরা আন নাহল : আয়াত-৫৩)
“তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য চাচ্ছিলে ফলে তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন।” (৮-সূরা আনফাল : আয়াত-৯)
“এবং তিনিই বৃষ্টি বর্ষণ করেন।” (৪২-সূরা আশ শুরা : আয়াত-২৮)
এক ধার্মিক ইবাদত গুজার ব্যক্তি যখন তাঁর পরিবারবর্গসহ মরুভূমিতে ছিলেন তখন যা ঘটেছিল তা তিনি আমার নিকট বিস্তারিত বর্ণনা করেছেন। তিনি বলেছেন— “আমরা মরুভূমিতে থাকাতে আমাদের পানি ফুরিয়ে যায়। আমি পানির খোঁজে বের হয়ে পড়লাম ও দেখতে পেলাম যে, আমাদের নিকটবর্তী অতি ছোট নদীটিও শুকিয়ে গেছে। আমি চতুর্দিকে অনবরত পানি খুঁজতে লাগলাম। কিন্তু এক ফোঁটা পানিও আমি খুঁজে পেলাম না। এরপর অচিরেই আমরা পিপাসায় কাতর হয়ে পড়লাম। আমাদের সন্তানেরা কোন কিছু পান করার জন্য মরিয়া হয়ে উঠল। দুর্দশাগ্রস্তের ডাকে যিনি সাড়া দেন আমি আমার সে প্রভুকে স্মরণ করলাম। আমি উঠে দাঁড়ালাম ও বালু দিয়ে তায়াম্মুম করে কেবলামুখী হয়ে দু’রাকাত সালাত পড়লাম। তারপর আমি আমার হাত উঠিয়ে কান্না করলাম। যখন আমি আল্লাহ্র নিকট সাহায্যের জন্য আকুল আবেদন করছিলাম তখন আমার চোখের পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল। এখন আবার মনে পড়ছে যে, নিম্নোক্ত আয়াতটি বারাবার আমার মনে পড়েছিল :
‘(তোমাদের শরিক করা দেবতারা ভালো?) নাকি তিনি ভালো যিনি দুর্দশাগ্রস্তের ডাকে সাড়া দেন যখন সে তাঁকে ডাকে?’ (২৭-সূরা আন নামল : আয়াত-৬২)
আর আল্লাহ্র কসম, যেই আমি আমার সালাতের স্থান থেকে উঠে দাঁড়ালাম অমনিই মরুভূমিতে ঠিক আমাদের স্থানেই এক খণ্ড মেঘ উড়ে আসল। এটা ঠিক আমাদের উপরেই থামল এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হতে লাগল। আমাদের পাশের চমৎকার ছোট নদীটি আবার ভরে গেল। আমরা পানি পান করলাম, গোসল করলাম ও অযু করলাম। একই পথে আমি যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরে গেলাম এবং দেখতে পেলাম যে চতুর্দিকের এলাকা ছিল শুষ্ক উষর; আমরা যেখানে ছিলাম কেবলমাত্র সেখানেই বৃষ্টি হয়েছে। আমি বুঝতে পারলাম যে, আমার প্রার্থনার উত্তরে আল্লাহ্ আমাদের জন্য মেঘ এনে দিয়েছিলেন, তাই আমি তাঁর প্রশংসা করলাম।”
“আর তারা নিরাশ হয়ে যাবার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন ও তাঁর করুণাকে চারদিকে ছড়িয়ে দেন, আর তিনি হলেন অভিভাবক ও প্রশংসার যোগ্য।” (৪২-সূরা আশ শুরা : আয়াত-২৮)
অধ্যবসায়ের সাথে বা ধৈর্য সহকারে আল্লাহ্র নিকট আমাদেরকে সাহায্য চাইতে হবে; কেননা, একমাত্র তিনিই তাঁর বান্দাদের জন্য হেদায়াত ও সাহায্যের আনজাম দিতে পারেন। আল্লাহ্ তাঁর একজন রাসূলের কথা উল্লেখ করে বলেছেন— “নিশ্চয় তারা নেক কাজে প্রতিযোগিতা করত এবং আশা ও ভয়ের সাথে তারা আমাকে ডাকত এবং আমার তরে তারা বিনীত থাকত।” (২১-সূরা আল আম্বিয়া : আয়াত-৯০)
📄 তুমি যখন সাহায্য চাও, তখন তুমি তা আল্লাহর নিকটেই চাও
আল্লাহর দয়া আমাদের অতি নিকটেই। তিনি সব কিছু শোনেন এবং আমাদের প্রার্থনার জবাব দেন। আমরা ভুলে ভরা এবং তাই নাছোড় বান্দা হয়ে প্রার্থনা করা আমাদের খুবই প্রয়োজন। ক্লান্তি, বিরক্তি ও হতাশা যেন কখনই আমাদেরকে আল্লাহর নিকট আকুল আবেদন করা থেকে বিরত না রাখে। আর আমাদের কেউ যেন না বলে: “আমি প্রার্থনা করেছি তবুও আমার প্রার্থনার জবাব দেওয়া হয়নি।” বরং আমাদের উচিত বিনয়ের সাথে জমিনে মাথা ঠেকানো ও আল্লাহর নিকট থেকে সাহায্য ভিক্ষা চাওয়া। এ কাজ করার সর্বোত্তম পন্থা হলো তাঁর পবিত্র নাম ও গুণাবলির মাধ্যমে তাঁর নিকট সাহায্য চাওয়া। জবাব না দেওয়া পর্যন্ত আমাদেরকে অবশ্যই নাছোড় বান্দা হয়ে তাঁর নিকট সাহায্য চাইতে হবে।
“বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রভুকে ডাক।” (৭-সূরা আল আ'রাফ: আয়াত-৫৫)
একজন লেখক নিম্নোক্ত এই গল্পটি বর্ণনা করেছেন— “একজন মুসলমান শরণার্থী হিসেবে এক দেশে গেলেন এবং সেখানে তাঁর নাগরিকত্ব মঞ্জুরের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করলেন। তাঁর সামনে সকল দ্বার রুদ্ধ হয়ে গেল। অন্যদের নিকট নাছোড় বান্দা হয়ে কাকুতি করার সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাঁর সকল যোগাযোগ ব্যর্থ হলো। একদিন এক ধার্মিক আলেমের সাথে তাঁর সাক্ষাৎ হলো এবং তিনি তাঁর নিকট তাঁর দুর্ভাগ্যপূর্ণ ও বিপজ্জনক অবস্থার একটি বর্ণনা দিলেন। আলেম লোকটি তাঁকে বললেন, তোমার প্রভুর নিকট প্রার্থনা কর; কেননা তিনিই সব কিছু সহজ করে দেন। এ উপদেশের তাৎপর্য নিম্নোক্ত হাদীসে পাওয়া যায়—
‘তুমি যখন সাহায্য চাও, তখন তুমি তা আল্লাহর নিকটেই সাহায্য চাও। আর জেনে রাখ যে, গোটা জাতি যদি তোমার কোন উপকার করার জন্য একত্রিত হয় তবে আল্লাহ্ তোমার জন্য যা লিখে রেখেছেন তা ছাড়া তারা তোমার কোন উপকার করতে পারবে না।’
শরণার্থী এরপর বর্ণনা করেছেন— “আল্লাহর কসম, আমি মানুষের নিকট সাহায্যের জন্য অথবা মধ্যস্থতার জন্য যাওয়া বন্ধ করে দিলাম এবং তার বদলে আমি বরং আলেম আমাকে যেমনটি বলেছেন ঠিক তেমনি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর নিকট প্রার্থনা করা শুরু করলাম। ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক পূর্বে আমি আল্লাহকে ডাকতাম এবং তাঁর নিকট আকুল আবেদন করতাম। মাত্র কয়েকদিন পর, আমার পক্ষে সুপারিশ করার জন্য কোন পদস্থ ব্যক্তির সাহায্য ছাড়াই আমি নাগরিকত্বের জন্য একটি দরখাস্ত জমা দিলাম। আরো কয়েকটি দিন গেল আর তখন আমাকে বিস্মিত করে হঠাৎ করে আমার নাগরিকত্বের জন্য আবেদনপত্র তোলার জন্য আমাকে ডাকা হলো। ওসব কাগজ পত্রে সীল মারা ছিল—অনুমোদিত।”
“আল্লাহ্ তাঁর বান্দাদের প্রতি খুবই মেহেরবান।” (সূরা-৪২ আশ শূরা : আয়াত-১৯)
📄 আল্লাহ একাই সর্বশক্তিমান
এটা খুব ছোটখাট ঘটনা না, মানুষ মাঝে মাঝে জীবনের বাস্তবতা বুঝতে পারে। ১৪১০ হিজরীতে আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য রিয়াদ সফর করেছিলাম। রিয়াদে আমার আগমনের দিন তাঁকে দিনের শেষ নাগাদ কল দিয়েছি। তাই আমি সরাসরি আমার (আবাসিক) হোটেলে চলে গেলাম। কুলি আমাকে হোটেল কর্মচারীদের কাজকর্মে স্থান থেকে অনেক দূরে পঞ্চম তলার একটি কক্ষে নিয়ে গেল। ঘরে প্রবেশ করার পর বিছানার উপরে আমার ব্যাগ রেখে অজু করতে গোসলখানায় গেলাম। দরজা বন্ধ করে গোসল সারার পর হঠাৎ দরজার কাছে গেলাম। কিন্তু খুলতে পারলাম না। শীঘ্রই আমি বুঝতে পারলাম যে, আমি এই সংকীর্ণ স্থানে আটকা পড়ে গেছি, যেখানে নেই কোন জানালা, নেই কোন টেলিফোন আর সবচেয়ে খারাপ যা হলো, নিকটে এমন কেউ ছিল না যাকে সাহায্যের জন্য ডাকতে পারতাম।
আমি আমার প্রভুর স্মরণ এবং সাহায্যের জন্য তাঁর নিকট আকুল আবেদন করলাম। আমি সম্পূর্ণ শক্তিহীন হয়ে বিশ মিনিট দাঁড়িয়ে রইলাম, (যদিও বিশ মিনিট) তবুও এটা আমার নিকট তিন দিন মনে হয়েছিল। সে বিশ মিনিটটি আমি ঘাম ঝরিয়েছিলাম, আমার হার্টবিট তখন বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল আর আমার শরীর কাঁপতে শুরু করে দিয়েছিল। আমার আতঙ্কের প্রধান কারণ এই ছিল যে, কোনরূপ সতর্কসংকেত ছাড়াই এ ঘটনা হঠাৎ করে ঘটেছিল এবং এমন এক অদ্ভুত স্থানে ছিলাম যেখানে সাহায্য পাওয়ার কোন উপায় ছিল না। আমার কাছে মনে হয়েছিল যে, সেখানে আমি এক জীবনকাল কাটালাম।
এরপর আমি শারীরিক শক্তি খাটিয়ে দরজাটির ছিটকিনি খোলার চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম। আমি আমার দুর্বল শরীর নিয়ে দরজাটিকে ধাক্কাধাক্কি শুরু করে দিলাম। আমি অনবরত ঝাঁকাতে ঝাঁকাতে দুর্বল হয়ে পড়লাম ও বিশ্রাম করার প্রয়োজন বোধ করলাম। যখনই আমি দুর্বল হচ্ছিলাম তখনই আমি বিশ্রাম নিয়ে—এভাবে কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গেলাম। অবশেষে দরজা খুলে গেল এবং আমি এমন ধরনের অনুভূতি নিয়ে বেরিয়ে এলাম যা কিনা সে লোকের থাকতে পারে যে নাকি তার কবর থেকে বেরিয়ে এসেছে। আমি আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করলাম। আমি স্মরণ করলাম যে, মানবজাতি কতইনা দুর্বল আর এক মুহূর্ত অতিক্রম করার সময় আমরা কতইনা অসহায় হয়ে যেতে পারি। তখন আমি আমাদের ত্রুটি-বিচ্যুতির কথা ও আমাদের পরকালকে ভুলে যাওয়ার কথা মনে করলাম।
“আর তোমরা সেদিনকে ভয় কর যেদিন তোমাদেরকে আল্লাহর নিকট ফিরিয়ে আনা হবে।” (২-সূরা বাকারা: আয়াত-২৮১)
“তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবেই, যদিও তোমরা মজবুত ও সুউচ্চ দূর্গে থাক না কেন।” (৪-সূরা আন নিসা: আয়াত-৭৮)
মৃত্যু এমনভাবে আসে যা আমরা প্রত্যাশা করি না। আমি এমন কিছু লোক সম্পর্কে শুনেছি যারা মৃত্যুকে চেয়েছিল, কিন্তু অবশেষে তারা দীর্ঘ জীবন পেয়েছিল। পক্ষান্তরে অন্যান্যরা যারা নিরাপত্তা চেয়েছিল, তারা যে স্থানকে সবচেয়ে বেশি নিরাপদ করেছিল ঠিক সে স্থানেই মারা গিয়ে তারা শেষ হয়ে গিয়েছিল। কেউ একজন রোগের জন্য চিকিৎসার সন্ধান করে আর এভাবে (চিকিৎসার মাধ্যমে) সে তার মৃত্যুর সাথে সাক্ষাৎ করে। অপর পক্ষে আরেকজন উদারভাবে জীবন যাপন করে ও নিরাপদ থাকে। মহান আল্লাহ্ কতইনা নির্ভুল ও পবিত্র। তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তাঁর এলাহী প্রজ্ঞা অনুসারে সবকিছুর পরিকল্পনা করেছেন।
📄 অপ্রত্যাশিত সাহায্য
ইদানীং আমি একটি পক্ষাঘাতগ্রস্ত রোগীর গল্প পড়েছি। সে তার বাড়িতে কয়েক বছর শয্যাশায়ী হয়েছিল এবং অবশেষে তিক্ততা ও ব্যর্থতার অনুভূতি তাকে পেয়ে বসল। চিকিৎসকেরা তার কোন উপকার করতে পারল না। একদিন সে যখন বাড়িতে একাকী ছিল তখন ঘরের ছাদ থেকে একটি বিছা নেমে এল। যদিও সে এটাকে আসতে দেখেছিল কিন্তু সে নড়াচড়া করতে অক্ষম ছিল। বিছাটি তার মাথার উপর নেমে তাকে বারবার দংশন করল। মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে বিঁধুনি হতে লাগল। সে বিস্মিত হয়ে গেল যে ধীরে ধীরে তার অঙ্গ-প্রত্যঙ্গে অনুভূতি ফিরে এল আর কিছুক্ষণ পর সে নিজেকে ঘরের ভিতরে এদিক-ওদিক হাঁটতে দেখতে পেল। এরপর সে দরজা খুলে তার স্ত্রী ও সন্তানদের নিকট গেল। তারা যখন তাকে তাদের সামনে দাঁড়ানো দেখল তখন তারা তাদের চক্ষুকে বিশ্বাস করতে পারল না। কেবলমাত্র তারা দৃঢ়ভাবে শান্ত হওয়ার পরই সে তাদেরকে যা ঘটেছিল তা বুঝাতে সক্ষম হচ্ছিল।
এ ঘটনা আমি একজন চিকিৎসকের নিকট উল্লেখ করলাম আর তিনি এর সংগঠনকে যুক্তিযুক্ত বলে গ্রহণ করলেন। তিনি আমাকে বললেন যে, কিছু বিষাক্ত সিরাম আছে, যখন এগুলোতে বিষাক্ততা রাসায়নিকভাবে কমানো হয় তখন এগুলো চিকিৎসায় ব্যবহৃত হয়।
আল্লাহ এমন কোন রোগ দেননি যার চিকিৎসাও দেননি (অর্থাৎ আল্লাহ যে রোগ সৃষ্টি করেছেন, তিনি সে রোগের চিকিৎসাও সৃষ্টি করেছেন)।