📄 ঈমানের জন্য এসব শর্ত কেন প্রয়োজন
ইমান এবং কুফর পরস্পর বিপরীত জিনিস। যেভাবে কারও মধ্যে একসঙ্গে দুটি একত্রিত হওয়া অসম্ভব, সেভাবে কেউ উভয়টা থেকে মুক্ত হওয়াও অসম্ভব। পৃথিবীর সকল মানুষ দুই ভাগে বিভক্ত: হয়তো মুমিন, নয়তো কাফির। এটি কুরআনেরই ঘোষণা। [সুরা তাগাবুন (৬৪) : ২] সুতরাং ইমান বিবেচ্য হতে সেসব বিষয় থেকে মুক্ত থাকা শর্ত করা হয়েছে; যা কুফরের প্রতীক, চিহ্ন বা নিদর্শন বহন করে। আকিদা-বিশেষজ্ঞ প্রায় সকল ইমামের বক্তব্যেই একত্রে বা বিক্ষিপ্তভাবে এ শর্তগুলোর আলোচনা এসেছে।
ইমাম ইবনুল হুমام রাহ. (মৃত্যু: ৮৬১ হিজরি) লেখেন,
اعتبر في ترتيب لازم الفعل وجود أمور عدمها مترتب ضده كتعظيم الله تعالى وأنبيائه وكتبه وبيته وترك السجود للصنم ونحوه والانقياد وهو الاستسلام إلى قبول أو أمره ونواهيه الذي هو معنى الإسلام وقد اتفق أهل الحق وهم فريقا الأشاعرة والحنفية على أنه لا إيمان بلا إسلام وعكسه، فيمكن اعتبار هذه الأمور أجزاء لمفهوم الإيمان فيكون انتفاء ذلك اللازم عند انتفائها لانتفاء الإيمان وإن وجد التصديق.
'ইসলামে একজন ব্যক্তির ওপর ইমানের অপরিহার্য বিধিবিধান আরোপ করতে কিছু বিষয়ের বিবেচনা করা হয়েছে, যা বিদ্যমান না থাকলে ইমানের বিপরীত বিষয়-অর্থাৎ, কুফরের বিধিবিধান প্রযোজ্য হবে। যেমন: আল্লাহ তাআলা, তাঁর নবিগণ, তাঁর কিতাবসমূহ ও তাঁর ঘরকে সম্মান করা, মূর্তি ও এ জাতীয় জিনিসের সিজদা বর্জন করা এবং আনুগত্য করা-অর্থাৎ, আল্লাহর আদেশ- নিষেধসমূহ গ্রহণের উদ্দেশ্যে নিজেকে সঁপে দেওয়া ইত্যাদি।'
হকপন্থিদের উভয় দল-আশআরি ও হানাফি (মাতুরিদি) ইমামগণ ঐকমত্য পোষণ করেছেন যে, ইমান ও ইসলাম একটি ছাড়া অপরটি বাস্তবায়িত হয় না। অতএব, এই ব্যাখ্যার আলোকে উল্লিখিত বিষয়সমূহকেও ইমানের হাকিকতের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করা যথাযথ। সুতরাং যদি এমন হয় যে, কারও তাসদিক (সত্যায়ন) তো ঠিকই আছে; কিন্তু এসব বিষয় অবিদ্যমান থাকার কারণে ইমানের অপরিহার্য বিধিবিধান আরোপ হচ্ছে না, তাহলে তা মূলত ইমান অবিদ্যমান হয়ে যাওয়ার কারণেই আরোপ করা যাচ্ছে না। (কারণ, ইমানের অপরিহার্য মৌলিক শর্ত বিদ্যমান না থাকার কারণে কেমন যেন ইমানই অস্তিত্বহীন হয়ে গেছে।)
ইমাম ইবনু হাজার হাইতামি রাহ.-ও তাঁর রচনায় ইমানের জন্য অবধারিত অনুরূপ কিছু বিষয়ের বর্ণনা দিয়েছেন। এ ছাড়াও প্রসিদ্ধ হাম্বলি মুতাকাল্লিম ইমাম শামসুদ্দিন সাফারিনি রাহ. লেখেন,
قال جمهور الأشاعرة والماتريدية: الإيمان هو التصديق بالنبي ﷺ وبكل ما علم مجيئه به من الدين بالضرورة أي الإذعان، والقبول مع الرضا، والتسليم، وطمأنينة النفس لذلك؛ تفصيلا فيما علم تفصيلا، وإجمالا فيما علم إجمالا.
'সংখ্যাগরিষ্ঠ আশআরি ও মাতুরিদি ইমাম বলেন, ইমান হলো নবি -কে এবং যেসব বিষয়সহ তাঁর আগমন আবশ্যিকভাবে বিদিত হয়েছে, তা সব তাসদিক (সত্যায়ন) করা। অর্থাৎ, আনুগত্য-বরণ, সন্তুষ্টির সঙ্গে গ্রহণ ও আত্মসমর্পণ করা এবং সে ব্যাপারে অন্তর প্রশান্ত হওয়া। যেসব বিষয় বিস্তরভাবে জানা গেছে, সেগুলো বিস্তরভাবে সত্যায়ন করা এবং যেসব বিষয় মোটামুটিভাবে জানা গেছে, সেগুলো মোটামুটিভাবে সত্যায়ন করা।
টিকাঃ
** আল-মুসায়ারা: ২৮১।
** দ্রষ্টব্য-আল-ফাতহুল মুবিন, শারহু হাদিসি জিবরিল: ১৫৪।
* লাওয়ামিউল আনহারিল বাহিয়া, ফাসলুন ফিল কালামি আলাল ইমান ওয়াখতিলাফিন নাসي ফিহি, তানবিহাত: ১/৪২০।